ফ্রিতে ওমরাহ পালনের সুবর্ণ সুযোগ, যেভাবে করবেন আবেদন | দৈনিক সময়ের নুর ডট কম
ধর্ম ও জীবন ডেস্ক :
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অংশ নেওয়া যাবে কুইজ প্রতিযোগিতায়, বিজয়ীরা পাবেন বিমান টিকিট, ভিসা ও ১০ রাতের আবাসন সুবিধা
পবিত্র ওমরাহ পালনে আগ্রহীদের জন্য বিনা খরচে সৌদি আরব ভ্রমণের বিশেষ সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এ সুযোগ পেতে আগ্রহীদের অংশ নিতে হবে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতায়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল অ্যাপ ‘নুসুক’-এর মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীরা পাবেন সম্পূর্ণ বিনা মূল্যে ওমরাহ পালনের প্যাকেজ। এ প্যাকেজের আওতায় থাকবে যাওয়া-আসার বিমান টিকিট, ভিসা এবং পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাত থাকার ব্যবস্থা। এ ছাড়া বিজয়ীরা চাইলে নিজেদের সঙ্গে আরও একজনকে নেওয়ার সুযোগ পাবেন।
যেভাবে অংশ নেবেন কুইজ প্রতিযোগিতায় :
বিশ্বের যেকোনো প্রান্তের ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিম ব্যবহারকারীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এজন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।
১. নুসুক অ্যাপ ডাউনলোড: প্রথমে স্মার্টফোনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘Nusuk’ অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২. অ্যাকাউন্ট নিবন্ধন: অ্যাপে প্রবেশ করে নিজের নাম, ই-মেইল ঠিকানা, দেশের নাম এবং বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর ই-মেইলে পাঠানো ওটিপি (OTP) কোডের মাধ্যমে অ্যাকাউন্টটি যাচাই করতে হবে।
৩. কুইজ বিভাগে প্রবেশ: অ্যাপের মেনু থেকে ‘Game Center’ অথবা ‘Nusuk Challenge’ অপশনে প্রবেশ করতে হবে।
৪. কুইজের সঠিক উত্তর দেওয়া: সেখানে পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত, ওমরাহ পালনের নিয়মকানুন এবং ইসলামি ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে। প্রতিযোগীকে পছন্দের একটি বিভাগ নির্বাচন করে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনি (MCQ) প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীর নাম স্বয়ংক্রিয়ভাবে ওই দিনের লটারির তালিকায় যুক্ত হবে।
৫. জয়ের সম্ভাবনা বাড়ানোর সুযোগ: নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়া যাবে। এতে লটারিতে বিজয়ী হওয়ার সম্ভাবনা বাড়বে।
প্রতিদিন মিলবে জমজমের পানির বিশেষ কার্ড :
ওমরাহ প্যাকেজ ছাড়াও প্রতিদিন আরও ১০ জন প্রতিযোগীকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড।
তবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নুসুকের অফিশিয়াল অ্যাপ অথবা অনুমোদিত ও যাচাইকৃত মাধ্যম ব্যবহার করতে হবে। ব্যক্তিগত তথ্য ও পাসপোর্টের বিবরণ দেওয়ার আগে অ্যাপটির সত্যতা নিশ্চিত হওয়াও জরুরি।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে কুইজে অংশ নিয়ে বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের এ সুযোগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
Array