আন্দোলনের হুংকার দিয়ে লাভ নেই, পানিসম্পদমন্ত্রী এ্যানি | দৈনিক সময়ের নুর ডট কম
চন্দ্রগঞ্জ প্রতিনিধি :
বিরোধী দলের আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “আন্দোলনের হুংকার দিয়ে লাভ নেই। বিএনপি আন্দোলন-সংগ্রাম ও লড়াই করতে করতে রাজপথ থেকে উঠে আসা দল। তাই ভয় দেখিয়ে কোনো লাভ হবে নেই।”
শুক্রবার (২৩ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দত্তপাড়ায় তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত ‘সেলাইতে স্বাবলম্বী নারী’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ১৫০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন মন্ত্রী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে মোট ৫০০ নারীকে এ সহায়তার আওতায় আনা হবে। নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
বক্তব্যে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনৈতিক ভূমিকা নিয়েও সমালোচনা করেন এ্যানি। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামায়াত ১৭২ দিন হরতাল-অবরোধ করেছিল। এ ছাড়া ৫ আগস্টের আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির গুপ্ত পরিচয়ে কার্যক্রম পরিচালনা করত বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান মন্ত্রী।
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে এ্যানি বলেন, সংসদে সুন্দর সুন্দর কথা বললেই বিরোধী দলের দায়িত্ব পালন হয় না; জনগণের পাশে থাকতে হয়। রোডমার্চ ও লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে দেশে অশান্তি সৃষ্টি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘ ১৭ বছর মানুষ নানা কষ্টের মধ্য দিয়ে গেছে উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী বলেন, অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান পরিস্থিতি এসেছে। এ অবস্থায় দেশকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া কাম্য নয়।
