রায়পুরে গেম খেলার সময় মোবাইল বিস্ফোরণ, দুই বন্ধু আহত | দৈনিক সময়ের নুর ডট কম
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে মোবাইল ফোনে গেম খেলার সময় ঐ ফোন বিস্ফোরণে দুই বন্ধু আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের চরবগা গ্রামের খেঁজুরতলা এলাকায় একটি বিলের পাশে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রুবেল হোসেনের একটি চোখে গুরুতর আঘাত লাগায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত সাকিল আহমেদকে চাঁদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত রুবেল হোসেন চরবগা গ্রামের কবির হোসেনের ছেলে। সাকিল আহমেদ একই এলাকার আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ও সাকিল প্রতিবেশী এবং পরস্পরের বন্ধু। ঘটনার সময় তাঁরা খেঁজুরতলা এলাকায় একটি বিলের পাশে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুত্ব বিবেচনায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের ধারণা, গেম খেলার সময় মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ জানান, রুবেলের একটি চোখের অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে মোবাইল ফোনটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির সাকিব বলেন, খেঁজুরতলা এলাকায় বিলের পাশে বসে দুই বন্ধু মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় হঠাৎ ফোনটি বিস্ফোরিত হলে তাঁরা আহত হন।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউছুফ জালাল কিসমত বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে কোন মোবাইল ফোন থেকে বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাঁর বিস্তারিত জানা নেই।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি তিনি ফেসবুকে দেখেছেন। তবে এ বিষয়ে কেউ পুলিশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে ঘটনার বিস্তারিত তাঁর জানা নেই।
