চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদে শুরু হলো নিয়মিত কার্যক্রম, দায়িত্বে কামরুল হাসান | দৈনিক সময়ের নুর ডট কম
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৪ নম্বর চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা কামরুল হাসান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর প্রশাসক কামরুল হাসান ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম শুরু করেন।
পরে তিনি পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে মতবিনিময় করেন। এ সময় পরিষদের কার্যক্রম স্বাভাবিক, সুশৃঙ্খল ও গতিশীল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় সেবা সহজে ও সময়মতো পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
দায়িত্ব গ্রহণের পর প্রশাসক কামরুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে দ্রুত ও সহজে নাগরিক সেবা দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে তিনি দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “জনসাধারণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পরিষদের কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রেখে নাগরিকদের প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন প্রশাসক দায়িত্ব নেওয়ায় ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন। বিশেষ করে জন্মনিবন্ধন, নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা তাঁদের।
স্থানীয়দের আশা, প্রশাসকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ৪ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের নাগরিক সেবামূলক কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে।
Array