চন্দ্রগঞ্জে উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স | দৈনিক সময়ের নুর ডট কম
চন্দ্রগঞ্জ প্রতিনিধি :
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা,চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবদুন নুর, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর সদর উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুল হাসান, হাজির পাড়া ইউনিয়নের বিএনপি নেতা লোকমান হোসেন হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন, ইউপি সদস্য কফিল উদ্দিন, আবদুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, দেশব্যাপী তথ্য সংগ্রহের পদ্ধতি এবং উপকারভোগী পরিবার চিহ্নিত করার ক্ষেত্রে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় পরিবারকে উন্নয়নের মূল একক হিসেবে বিবেচনায় নিয়ে নারীর আর্থসামাজিক সক্ষমতা বৃদ্ধি ও পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সঠিক তথ্যের ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়ন করা গেলে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা সহজ হবে এবং সহায়তা কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হবে।
এ ছাড়া ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন ও তথ্য যাচাই-বাছাইয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণ, প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী, ইউনিয়ন ভিত্তিক সরকারী কর্মকর্তা কর্তৃক মনিটরিংয়ের ব্যবস্থা থাকায় ব্যক্তিগত প্রভাব, দুর্নীতি ও স্বজনপ্রীতির ঝুঁকি কমবে। পাশাপাশি যোগ্য পরিবার নির্বাচন এবং সহায়তা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
Array