রায়পুরে নিজ বাগানে মাদকসেবনে বাধা দেওয়ায় দুই ভাইকে কোপালো মাদকসেবীরা | দৈনিক সময়ের নুর ডট কম
ফাইল ছবি
রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভা এলাকার একিট সুপারি বাগানে বসে মাদকসেবন করার সময় বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়েছে মাদকাসেবীরা। এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক দুই যুবককে পুলিশে সোপর্দ করার পর রোববার (৮ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) দুপুরে রায়পুর পৌরসভার মধুপুর মিঝি বাড়ির এলাকায় সুপারির বাগানে বসে মাদকসেবনে বাধা দিলে কসমেটিকস ব্যবসায়ী রিয়াজ ভূঁইয়া ও সহোদর কাতার প্রবাসী রাকিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনা ঘটে।
একপর্যায়ে হামলাকারীদের মধ্যে মুরাদ হোসেন ও শাওন হোসেনকে ঘটনাস্থলে স্থানীয় লোকজন আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রিয়াজ পৌরসভার মধুপুর এলাকার বাসিন্দা ও রায়পুর বাজারের কসমেটিকস ব্যবসায়ী। রাকিব তার ভাই। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে রক্তাক্ত করার চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
আটক মুরাদ ও শাওন মধুপুর গ্রামের কসাই বাড়ির আক্তার হোসেনের ছেলে। এজাহারভুক্ত অন্যরা হলেন সাগর হোসেন, তারেক হোসেন, রকি হোসেন। তারা মধুপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাস্থল বাগানটি বাদী রিয়াজদের। অভিযুক্তরা মাদক কারবারি ও মাদক সেবনের সঙ্গে জড়িত। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করার সময় রিয়াজ ও তার ভাই ঘটনাস্থলে গিয়ে দেখেন অভিযুক্তরা মাদক সেবন করছে।
এসময় তাদের চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়। একপর্যায়ে মুরাদ ফোনকল করে সহযোগীদের সেখানে নিয়ে আসেন। তাদের কাছে দা-চেনিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। পরে তারা দুই ভাইকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
চিকিৎসাধীন রিয়াজ ভূঁইয়া বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় আমাদের ওপর হামলা হয়েছে। হামলাকারীরা এলাকার চিহ্নিত।
রিয়াজের ভগ্নিপতি রায়পুর বাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম খান বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ন্যক্কারজনক এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে রিয়াজ বাদী হয়ে পাঁচজনের নামোল্লেখ ও অজ্ঞাত আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহের আলী জানান, গ্রেফতার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।
Array