লক্ষ্মীপুরে প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি | দৈনিক সময়ের নুর
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে এর প্রতিবাদে মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী জানান, জামিন শুনানির জন্য ওই দিন ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় কয়েকজন আসামি ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যানে উঠে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
শাকিল পাটওয়ারী আরও জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। অন্যদিকে, চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।
অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার প্রতিবাদে মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমানে আবারও ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, জামিনে মুক্ত হয়ে কেউ কেউ তাঁদের এবং আইনজীবীদের হুমকি দিচ্ছেন। এ ক্ষেত্রে কিছু আইনজীবীর সমর্থন ও উৎসাহ দেওয়ার অভিযোগও করেন তিনি।
ঘটনাটি ঘিরে আদালত এলাকায় আইনজীবীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী কিংবা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
Array