বিএনপিকে ভূতে ধরেছে’—লক্ষ্মীপুরে মামুনুল হক | দৈনিক সময়ের নুর
ছবি: দৈনিক সময়ের নুর
নিজস্ব প্রতিনিধি :
সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত না হলে বর্তমান সাংবিধানিক কাঠামোয় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকুক, তারা আরেকটি শেখ হাসিনায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ‘বিএনপিকে ভূতে ধরেছে। বলুন, কোন ভূতে? যে ভূতে হাসিনাকে ধরেছিল।’ তিনি অভিযোগ করেন, সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তাদের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এর মাধ্যমে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের বিষয়ে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা ও তরুণ প্রজন্ম। বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে। তাঁর দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি মুখ্য ভূমিকা পালন করতে পারেনি।
দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মামুনুল হক। তিনি বলেন, এসব খাত যেন ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে। দেশের অর্থনীতি রক্ষা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের লক্ষ্যে তাঁরা রাজপথে রয়েছেন।
মামুনুল হক আরও বলেন, সংবিধানের প্রয়োজনীয় সংস্কার, সুস্পষ্ট পরিবর্তন এবং দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। তা না হলে দেশের রাজনীতি ও বাংলাদেশের স্বার্থভিত্তিক রাজনীতির ভবিষ্যৎ সংকটে পড়বে।
সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধান সংস্কার নিয়ে মতপার্থক্যের কথা তুলে ধরে তিনি বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে সরকারের অঙ্গীকার থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর অভিযোগ, সংস্কারের পরিবর্তে সরকার এখন সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ এবং গাজীপুর জামিয়া মাহমুদিয়ার শায়খুল হাদিস মুফতি আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শামসুজ্জামান সোহেলসহ অন্য নেতারা।
