মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পালানোর সময় আটক দুই | দৈনিক সময়ের নুর ডট কম
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে মিরপুর মডেল থানা এলাকার মিরপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আল আমিন গণমাধ্যমকর্মীদের জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।
তিনি আরও জানান, বাসে থাকা যাত্রী, চালক ও সহকারী সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
