Author: somoyernurnews

  • বেগমগঞ্জের আমিন বাজারে ভয়াবহ দুর্ঘটনা মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৪ | দৈনিক সময়ের নুর ডট কম

    বেগমগঞ্জের আমিন বাজারে ভয়াবহ দুর্ঘটনা মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৪ | দৈনিক সময়ের নুর ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমিন বাজারে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শিক্ষার্থী আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজন শিক্ষার্থী গুরুতর আহত হন।

    দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম লতিফপুর গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থী মাঈন উদ্দিন মারা যান।

    আহত অপর চার শিক্ষার্থী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির রাব্বানী জানান, নিহত শিক্ষার্থী মাঈন উদ্দিনের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পাশাপাশি কাভার্ড ভ্যানের চালককে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

  • শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন,বরকত উল্লাহ বুলু

    শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন,বরকত উল্লাহ বুলু

    নোয়াখালী প্রতিনিধি :

    বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

    শনিবার (৫ জুলাই) নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

    বরকত উল্লাহ বুলু বলেন, অতীতে অযোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি করা হয়েছিল, যার ফলে বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্র গড়ে ওঠে।

    তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

    এ ছাড়াও তিনি অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে অতীতের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো অভিযান পরিচালনা করে অস্ত্রধারীদের দমন করা উচিত।

    বিএনপির এই নেতা আরও বলেন, কোনো জনপ্রতিনিধির সঙ্গে ছবি থাকলেই কেউ দায়মুক্তি পাবে না। যে-ই অপরাধে জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

    তিনি আরো বলেন, মাদক প্রতিরোধে আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। দেশের উন্নয়ন ও বাজেট বাস্তবায়নের জন্য মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করা জরুরি। এ লক্ষ্যে প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    সমাবেশে জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

  • সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিবে সরকার : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিবে সরকার : পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    নিজস্ব প্রতিনিধি :

    সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

    শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    এর আগে তিনি বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব।

    পানিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে। এরই অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

    পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
    তিনি আরও বলেন, বর্তমান সময়ের কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তাই সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ বাড়ানো হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

    প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

  • প্রবাসী তিন ভাইয়ের পারিবারিক বিরোধ, প্রতিবেশীকে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম 

    প্রবাসী তিন ভাইয়ের পারিবারিক বিরোধ, প্রতিবেশীকে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ | দৈনিক সময়ের নুর ডট কম 

     ফয়সালের পাশে দাঁড়িয়ে মতামত দিচ্ছেন যুবক

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ঊষিয়ারকান্দি গ্রামে প্রবাসী তিন ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে এক প্রতিবেশীকে মিথ্যা চাঁদাবাজি ও মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে।

    প্রবাসীদের অনুরোধে বিরোধ মেটাতে গিয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগের শিকার হয়েছেন ফয়সাল আনসারি নামের এক স্থানীয় ব্যক্তি। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ঊষিয়ারকান্দি গ্রামের আবদুল ব্যাপারি বাড়ির নোমান, নাহিদ ও নিলয় নামের তিন ভাই জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। মেজ ভাই নাহিদই বাকি দুই ভাইকে প্রবাসে নিয়ে যান। বাড়িতে তাদের স্ত্রী ও সন্তানরা বসবাস করেন। সম্প্রতি পারিবারিক মনমালিন্যের জেরে বড় ভাই নোমানের স্ত্রী শামিমা আক্তার নাসরিন নিজের ঘরে তালা ঝুলিয়ে লক্ষ্মীপুর শহরের একটি ভাড়া বাসায় চলে যান।

    গত ২৮ জুন (রবিবার) সকালে তিনজন নির্মাণ শ্রমিক কাউকে কিছু না জানিয়ে আচমকা ওই তিন ভাইয়ের বাড়ির ছাদে উঠে কাজ শুরু করেন। বাড়িতে থাকা মেজ ভাই নাহিদের স্ত্রী ও তার বাবার বাড়ির লোকজন অচেনা শ্রমিকদের দেখে পরিচয় জানতে চাইলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে নাহিদের স্ত্রী প্রবাসে থাকা স্বামীকে বিষয়টি জানান। এরপর মেজ ভাই নাহিদ প্রবাস থেকে মুঠোফোনে তাদের পাশের বাড়ির চাচা ফয়সাল আনসারিকে বিষয়টি অবহিত করেন। ফয়সাল আনসারি একই গ্রামের খন্দকার বাড়ির মৃত খসরু আনসারির ছেলে। নাহিদ তার চাচা ফয়সালকে অনুরোধ করেন যেন তিনি শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন এবং ছাদে ওঠার কারণ জিজ্ঞাসা করেন। প্রবাসী মেজ ভাইয়ের অনুরোধে ফয়সাল আনসারিসহ ওই বাড়ির কয়েকজন বাসিন্দা এগিয়ে আসেন। তারা বিষয়টি সমাধানের চেষ্টা চালান। তবে বড় ভাই প্রবাসী নোমান প্রবাস থেকে এই বিষয়ে কাউকে কথা না বলার জন্য নিষেধ করেন।
    এই ঘটনার পর বড় ভাইয়ের স্ত্রী শামিমা আক্তার নাসরিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ফয়সাল আনসারিকে প্রধান অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ফয়সাল আনসারিকে ‘চাঁদাবাজ’ ও ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তীতে এই অভিযোগের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    এলাকাবাসীর দাবি, ফয়সাল আনসারি একজন সম্মানিত ব্যক্তি। প্রবাসীদের পারিবারিক অনুরোধে এবং সামাজিক দায়িত্ববোধ থেকে তিনি সেখানে কথা বলতে গিয়েছিলেন। তাকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।এদিকে বড় ভাই নোমানের ঘরে তালা ঝুলতে থাকায় এবং তাহার স্ত্রীর ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় এবিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, “একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।”

  • লক্ষ্মীপুরের আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ | দৈনিক সময়ের নুর ডট কম 

    লক্ষ্মীপুরের আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ | দৈনিক সময়ের নুর ডট কম 

    নিজস্ব প্রতিনিধি :

    ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৬’ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

    মঙ্গলবার (৩০ জুন) ঢাকার কাকরাইলে অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এবারের আয়োজনে দেশসেরা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরবময় আ্যওয়ার্ড লাভ করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দক্ষিণ মাগুরি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী আয়েশা (রা.) মহিলা কামিল মাদরাসা।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠান প্রধানের হাতে এই সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড তুলে দেন।

    এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে আয়েশা (রা.) মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ উল্যাহ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

    একই সাথে তিনি এই অঞ্চলের নারী শিক্ষায় অসামান্য অবদান রাখার জন্য প্রতিষ্ঠানটির দূরদর্শী প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ড. হাকীম মো: ইউসুফ হারুন ভূঁইয়া এবং গভর্নিং বডির দাতা সদস্য অধ্যাপক কামরুন নাহার হারুন-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

    অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আহমদ উল্যাহ শিক্ষা মন্ত্রণালয়ের নানামুখী উদ্যোগের প্রশংসা করে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসান-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    তিনি বলেন, “সবার সম্মিলিত সহযোগিতা, সঠিক দিকনির্দেশনা এবং পৃষ্ঠপোষকতার কারণেই আজ আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করতে পেরেছে।”

    সংশ্লিষ্টরা জানান, শিক্ষার উন্নত মান, চমৎকার প্রাতিষ্ঠানিক পরিবেশ এবং বোর্ড পরীক্ষায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই মাদরাসাকে শ্রেষ্ঠত্বের মুকুট দেওয়া হয়েছে।

    শিক্ষাপ্রতিষ্ঠানটির এই জাতীয় অর্জনে পুরো লক্ষ্মীপুর জেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে। মাদরাসা কর্তৃপক্ষ আগামীতেও শিক্ষার এই উচ্চমান ও সাফল্যের ধারা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

  • চন্দ্রগঞ্জ বাজারে ডাম্পিং ইয়ার্ডের দাবি,যত্রতত্র বর্জ্য ফেলায় বাড়ছে পরিবেশ দূষণ | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ বাজারে ডাম্পিং ইয়ার্ডের দাবি,যত্রতত্র বর্জ্য ফেলায় বাড়ছে পরিবেশ দূষণ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র চন্দ্রগঞ্জ বাজারে একটি নির্ধারিত ডাম্পিং ইয়ার্ড (বর্জ্য সংরক্ষণ ও অপসারণ কেন্দ্র) স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বাজারসংশ্লিষ্টরা।

    তাদের অভিযোগ, নির্দিষ্ট বর্জ্য ফেলার স্থান না থাকায় প্রতিদিন বাজারের আবর্জনা বিভিন্ন সড়কের পাশে, খালপাড়ে ও খোলা জায়গায় ফেলে রাখা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধ ছড়িয়ে জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

    স্থানীয়দের দাবি, চন্দ্রগঞ্জ বাজারে প্রতিদিন বিপুল পরিমাণ পচনশীল ও অপচনশীল বর্জ্য উৎপন্ন হলেও সেগুলো যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণের জন্য এখনো কোনো স্থায়ী ডাম্পিং ইয়ার্ড গড়ে ওঠেনি। ফলে বর্জ্য যত্রতত্র ফেলে রাখার কারণে বাজারের পরিবেশ দিন দিন নোংরা হয়ে পড়ছে।

    একই সঙ্গে মাছি-মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগজনক।

    ব্যবসায়ীরা জানান, একটি আধুনিক ডাম্পিং ইয়ার্ড নির্মাণের পাশাপাশি নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হলে বাজারের পরিবেশ পরিচ্ছন্ন থাকবে, দুর্গন্ধ কমবে এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

    সচেতন মহলের মতে, নবগঠিত উপজেলা হিসেবে চন্দ্রগঞ্জকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব জনপদে পরিণত করতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

    তারা সংশ্লিষ্ট প্রশাসন, স্থানীয় সরকার ও দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি দ্রুত একটি স্থায়ী ডাম্পিং ইয়ার্ড স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করার জোর আহ্বান জানিয়েছেন।

    স্থানীয়দের আশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হলে চন্দ্রগঞ্জ বাজারের পরিবেশ দূষণ কমবে, জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাজার গড়ে উঠবে।

  • চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর দত্তপাড়া ইউনিয়নের একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এসআই (নিঃ) মাসুম ফরহাদ এবং থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে রাসেল আহাম্মেদ (২৫), মো. ইব্রাহিম আহাম্মেদ (২৬) ও মো. বেল্লাল হোসেন ওরফে বেল্লালকে (৩৬) গ্রেপ্তার করে।

    এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজেদের দখলে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।”

  • লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ : শীর্ষে প্রতাপগঞ্জ হাই স্কুল | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ : শীর্ষে প্রতাপগঞ্জ হাই স্কুল | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজেস্ব প্রতিবেদক :

    গত ১৫ থেকে ১৬ বছরের (২০০৯/২০১০-২০২৫) এসএসসি পরীক্ষার ফলাফল, পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার এবং জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করে লক্ষ্মীপুর জেলার সেরা ১০টি উচ্চ বিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

    দীর্ঘ সময়ের ধারাবাহিক ফলাফলের ভিত্তিতে প্রণীত এ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে প্রতাপগঞ্জ হাই স্কুল।

    প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতাপগঞ্জ হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৬,৯০৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬,৮৫৫ জন উত্তীর্ণ হয় এবং জিপিএ-৫ (এ+) অর্জন করে ১,২৬৭ জন।

    দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ বিদ্যালয় থেকে ৬,০১৯ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫,৭৬৬ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১,২১৫ জন শিক্ষার্থী।

    তৃতীয় স্থানে রয়েছে রায়পুর মার্চেন্টস একাডেমি। ৫,৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,১৩১ জন পাস করেছে এবং ৫৮৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।

    চতুর্থ স্থানে থাকা লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫,৯৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫,৭৪১ জন উত্তীর্ণ হয়েছে। এ বিদ্যালয় থেকে ৯০১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টি জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেও পরিচিত।

    পঞ্চম স্থানে রয়েছে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়। ২০১০-২০২৫ সময়ে ৬,৬১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫,৭৯৯ জন পাস করেছে এবং ৫৬৭ জন জিপিএ-৫ অর্জন করেছে।

    এছাড়া তালিকার বাকি প্রতিষ্ঠানগুলো হলো-

    ষষ্ঠ: দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়

    সপ্তম: লুম্বনগর একাডেমি

    অষ্টম: ডালতা রহমানিয়া হাই স্কুল

    নবম: বিরহীমপুর উচ্চ বিদ্যালয়

    দশম: পৌর শহীদ স্মৃতি একাডেমি।

    শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময়ের ফলাফলের ধারাবাহিকতা, পাসের হার এবং জিপিএ-৫ অর্জনের ভিত্তিতে বিদ্যালয়গুলোর শিক্ষার মান মূল্যায়নে এ ধরনের তালিকা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক হতে পারে।

    তবে বিদ্যালয়ের সামগ্রিক মান নির্ধারণে সহশিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষক-শিক্ষিকার দক্ষতা এবং শিক্ষার পরিবেশও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

  • শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির একগুচ্ছ নির্দেশনা | দৈনিক সময়ের নুর ডট কম

    শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির একগুচ্ছ নির্দেশনা | দৈনিক সময়ের নুর ডট কম

      ছবি সংগৃহীত 

    দৈনিক সময়ের নুর ডেস্ক :

    ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

    আগামী সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন।

    শনিবার (২৭ জুন) মাউশির এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ‘ওয়ান চাইল্ড, ওয়ান টি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে।

    এরই অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট কর্তৃক মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু অনুদান বাবদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

    এ অর্থ দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি বৃক্ষ রোপণ, ব্যানার/ফেস্টুন তৈরি এবং সেমিনার/র‍্যালি আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

    এতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ জুন সকাল ১০টা ৫ মিনিটে এই কর্মসূচি উদ্বোধনে সম্মতি জ্ঞাপন করেছেন।

    মাউশির নির্দেশনা সমূহ :

    ১. প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

    ২. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে ১টি ফলদ, ১টি বনজ ও ১টি ঔষধি বৃক্ষ রোপণ করা হবে।

    ৩. বিভিন্ন সরকারি-বেসরকারি মিডিয়ায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

    ৪. শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানটি সুন্দরভাবে পালনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে।

    ৫. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই দিবসে ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক ব্যানার, ফেস্টুন ইত্যাদি টানানোর ব্যবস্থা করতে হবে।

    ৬. বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসে র‍্যালির আয়োজন করতে হবে।

  • চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন সড়কের মূল নকশা পরিবর্তনের গুঞ্জন : নিরপেক্ষ তদন্তের দাবি | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন সড়কের মূল নকশা পরিবর্তনের গুঞ্জন : নিরপেক্ষ তদন্তের দাবি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    চৌমুহনী (চৌরাস্তা)-লক্ষ্মীপুর ফোর লেন মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ভবভদ্রী ব্রিজের প্রবেশমুখ ফোর লেন সড়কে অন্তর্ভুক্ত করতে প্রকল্পের মূল নকশা পরিবর্তনের পাঁয়তারা চলছে-এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

    অভিযোগ অনুযায়ী, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে ভবভদ্রী ব্রিজের উত্তরাংশ পর্যন্ত চলমান নোয়াখালী-বেগমগঞ্জ-চৌরাস্তা ফোর লেন সড়ক প্রকল্পের অনুমোদিত নকশা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়।

    স্থানীয়দের দাবি, ভবভদ্রী ব্রিজের উত্তর পাশে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি মার্কেট রক্ষার উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল প্রকল্পের মূল নকশা পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে।

    তাদের অভিযোগ, এ কাজে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে বিপুল অঙ্কের অবৈধ অর্থের প্রলোভন দেখানো হচ্ছে।

    এলাকাবাসীর আশঙ্কা, অনুমোদিত নকশা পরিবর্তন করে ব্রিজের প্রবেশমুখ ফোর লেন সড়কের সঙ্গে সংযুক্ত করা হলে উঁচু ব্রিজ থেকে মহাসড়কে ওঠানামার সময় যানবাহন ও পথচারীদের জন্য মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে। এতে ভবিষ্যতে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

    স্থানীয় সচেতন মহলের মতে, জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে কোনোভাবেই অনুমোদিত নকশা পরিবর্তন করা উচিত নয়। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকল্পের মূল পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

    উল্লেখ্য, এ প্রতিবেদনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও দাবির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ বা প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।য