চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ফোর লেন সড়কের মূল নকশা পরিবর্তনের গুঞ্জন : নিরপেক্ষ তদন্তের দাবি | দৈনিক সময়ের নুর ডট কম

নিজস্ব প্রতিনিধি :

চৌমুহনী (চৌরাস্তা)-লক্ষ্মীপুর ফোর লেন মহাসড়কের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের ভবভদ্রী ব্রিজের প্রবেশমুখ ফোর লেন সড়কে অন্তর্ভুক্ত করতে প্রকল্পের মূল নকশা পরিবর্তনের পাঁয়তারা চলছে-এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ অনুযায়ী, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে ভবভদ্রী ব্রিজের উত্তরাংশ পর্যন্ত চলমান নোয়াখালী-বেগমগঞ্জ-চৌরাস্তা ফোর লেন সড়ক প্রকল্পের অনুমোদিত নকশা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, ভবভদ্রী ব্রিজের উত্তর পাশে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি মার্কেট রক্ষার উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহল প্রকল্পের মূল নকশা পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে।

তাদের অভিযোগ, এ কাজে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিকে বিপুল অঙ্কের অবৈধ অর্থের প্রলোভন দেখানো হচ্ছে।

এলাকাবাসীর আশঙ্কা, অনুমোদিত নকশা পরিবর্তন করে ব্রিজের প্রবেশমুখ ফোর লেন সড়কের সঙ্গে সংযুক্ত করা হলে উঁচু ব্রিজ থেকে মহাসড়কে ওঠানামার সময় যানবাহন ও পথচারীদের জন্য মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে। এতে ভবিষ্যতে জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

স্থানীয় সচেতন মহলের মতে, জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে কোনোভাবেই অনুমোদিত নকশা পরিবর্তন করা উচিত নয়। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকল্পের মূল পরিকল্পনা অনুযায়ী সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উল্লেখ্য, এ প্রতিবেদনে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও দাবির বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ বা প্রকল্প সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।য

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *