Author: somoyernurnews

  • চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাব

    চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাব

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। আগামী ৩০ জুন ২০২৬ তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন।

    বর্তমানে তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তাঁকে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল।

    তবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ বাতিল করে তাঁকে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

    গত বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ৩০ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

    এদিকে, নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিলুফা ইয়াসমিন নিপার পদায়নকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব।

    প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ শুভেচ্ছা বার্তায় তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, দক্ষ, সৎ, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে তিনি নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উন্নয়ন, সুশাসন এবং জনসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবেন—এমন প্রত্যাশা করেন তারা।

    এছাড়াও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, সফল কর্মজীবন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়েছে।

  • লক্ষ্মীপুরে আলোচিত সেই ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে আলোচিত সেই ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রায়পুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে প্রাণ গেছে হামলাকারীর। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ভাড়াটিয়া শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯)।

    মা-মেয়েদের সংগৃহীত ছবি 

    গণপিটুনিতে নিহত যুবকের নাম অন্তর মজুমদার। তার বাবার নাম কার্তিক মজুমদার। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। তিনি ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন।

    বিকেল পৌনে ৫টায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ পলাশ।

    নিহত বাকি চারজনের বাড়ি কুমিল্লায়। তারা কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া থাকতেন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে রায়পুরে ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহিনুর ওই বাসায় বসবাস করে আসছিলেন।

    সকালে তিন মেয়েসহ তাকে কুপিয়ে হত্যা করেন অন্তর মজুমদার। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গণপিটুনি দেন। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশের চেষ্টা চলছে।

     

  • ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে সিএনজি চালক কর্তৃক যৌন হয়রানি ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মহাসড়ক অবরোধ | দৈনিক সময় নুর ডট কম 

    ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে সিএনজি চালক কর্তৃক যৌন হয়রানি ও অপহরণের চেষ্টার প্রতিবাদে মহাসড়ক অবরোধ | দৈনিক সময় নুর ডট কম 

    নিজস্ব প্রতিনিধি :

    ​লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে সিএনজি চালক কর্তৃক যৌন হয়রানি ও অপহরণ চেষ্টার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চন্দ্রগঞ্জ বাজার।

    আজ ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল থেকে বিদ্যালয়ের ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়ক অবরুদ্ধ করে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

    ​বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল  বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ১টায় বিদ্যালয় ছুটি হওয়ার পর বাড়ি ফেরার উদ্দেশ্যে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে, অভিরুচি দোকানের সামনের সিএনজি স্টেশনে অপেক্ষা করছিলেন ষষ্ঠ শ্রেণীর যমুনা শাখার ছাত্রী স্নেহা রানী দাস (১১)।  এ সময় একটি সিএনজি এলে সে তাতে গিয়ে বসে। এরপর অন্যান্য ছাত্র-ছাত্রীরা ওই গাড়িতে ওঠার চেষ্টা করলে অজ্ঞাতনামা সিএনজি চালক তাদের না তুলে একা স্নেহা রানী দাসকে নিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যায়।

    ​ভিকটিম জানায়, গাড়ি চালিয়ে সামনের দিকে যাওয়ার সময় অজ্ঞাতনামা ওই চালক তাকে বিভিন্ন ধরনের প্রলোভন ও কুপ্রস্তাব দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে সে গাড়ি থামাতে বললেও চালক গাড়ি থামায়নি। একপর্যায়ে গাড়িটি চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের সমতা হলের সামনে পৌঁছালে নিজের জীবন ও ইজ্জত রক্ষার্থে চলন্ত সিএনজি থেকেই রাস্তায় লাফ দেয় ওই ছাত্রী। পাকার ওপর পড়ে যাওয়ায় তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে থেঁতলে যায় ও রক্তাক্ত জখম হয়। এই সুযোগে অভিযুক্ত চালক দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত ছাত্রীকে উদ্ধার করে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ​ভিকটিমের বাবা সুমন চন্দ্র দাস ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার মেয়েকে একা পেয়ে ঘাতক সিএনজি ড্রাইভার অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়েটি বুদ্ধি খাটিয়ে চলন্ত গাড়ি থেকে লাফ না দিলে আজ হয়তো তার বড় কোনো ক্ষতি হয়ে যেত। সে বর্তমানে গুরুতর আহত। আমি ঘটনার পর পরই চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।”

    ​থানায় অভিযোগ দায়েরের পরও তাৎক্ষণিক কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ার অভিযোগে আজ রাস্তায় নেমে আসে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

    ​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সিরাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়ার পথে এভাবে বখাটে ও অপরাধীদের শিকার হয়, তবে তাদের নিরাপত্তা কোথায়? তারা অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাতনামা সিএনজি চালককে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ​সড়ক অবরোধ ও মানববন্ধনের খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মোরশেদ আলম দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উত্তেজিত শিক্ষার্থী এবং স্থানীয় জনতাকে আশ্বস্ত করে বলেন, অপরাধীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ন্যায্য বিচার নিশ্চিত করার ব্যাপারে ওসির দেওয়া জোরালো আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

    প্রায় এক ঘণ্টা পর লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    ​এই ঘটনায় চন্দ্রগঞ্জ ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। স্থানীয় বাসিন্দারা স্কুল-কলেজের ছুটির সময়ে সিএনজি স্টেশন ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সার্বক্ষণিক পুলিশি টহলের দাবি জানিয়েছেন।

  • কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন | দৈনিক সময়ের নুর ডট কম

    কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ​লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা শহরের অদূরে অবস্থিত ঐতিহ্যবাহী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও বিএমটি শাখার পরীক্ষার্থীদের সৌজন্যে  আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৫ জুন) সাকাল ১০টার সময় কলেজ হলরুমে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আরম্ভ হয়।

    ​অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিক,কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের এক মিলনমেলা ঘটে।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের বর্তমান গভার্ণিংবডির সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

    ​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রদান করা হয়।

    ​বক্তাদের মূল বক্তব্য ছিল, “শিক্ষা কেবল জিপিএ-৫ পাওয়ার জন্য নয়, বরং একজন ভালো মানুষ হওয়ার মাধ্যম। তোমরা এখান থেকে যে শিক্ষা ও শৃঙ্খলা অর্জন করেছ, তা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।”

    ​এছাড়াও বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।

    ​আলোচনা সভা শেষে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও বিএমটি পরীক্ষার চূড়ান্ত সফলতা, পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ভেনেজুয়েলায় এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা | দৈনিক সময়ের নুর ডট কম

    ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ভেনেজুয়েলায় এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা | দৈনিক সময়ের নুর ডট কম

    ছবি সংগৃহীত 

    আন্তর্জাতিক ডেস্ক :

    ভূমিকম্পে ভেনেজুয়েলায় এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা। এক মিনিটের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। এতে এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

    বুধবার (২৪ জুন) সন্ধ্যায় প্রথম ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে। এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ৭ দশমিক ৫ ছিল বলে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে।

    ইউএসজিএস বলছে, ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে—দ্বিতীয় প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ।

    রাজধানী কারাকাসেও কম্পন অনুভূত হয়েছে, সেখানে ভবন ধসে পড়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। এদিকে, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জরুরি পরিস্থিতি মোকাবিলার তদারকির জন্য তিনি একজন জেনারেলকে দায়িত্ব দেন।

    তার পূর্বসূরি নিকোলাস মাদুরোকে জানুয়ারিতে মার্কিন বাহিনী আটক করে মাদক পাচার সংক্রান্ত অভিযোগে বিচারের জন্য নিউইয়র্কে নিয়ে যাওয়ার পর থেকে রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দেশ পরিচালনা করে আসছেন। তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতি সর্বোপরি ঐক্যের আহ্বান জানান। এছাড়া, ভূমিকম্পে যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি তিনি সমবেদনা জানান, তবে নিহতের সংখ্যা উল্লেখ করেননি।

    সূত্র: বিবিসি বাংলা

  • চন্দ্রগঞ্জে ঐতিহাসিক রহমতখালী খাল দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে ঐতিহাসিক রহমতখালী খাল দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার পরিবেশ ও জলপ্রবাহের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিত ঐতিহাসিক রহমতখালী খাল দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, একশ্রেণীর প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল খালটির বিভিন্ন অংশ ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে এর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত করছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জের সাদারঘর শাহী সিএনজি ফিলিং স্টেশনের পেছনের অংশে বর্তমানে খালের জায়গা দখল করে মাটি ভরাটের কাজ চলছে। এতে খালের প্রশস্ততা কমে যাচ্ছে এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    এলাকাবাসীর আশঙ্কা, খাল দখলের কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি বন্যার ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

    স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক জানান, দীর্ঘদিন ধরে খালটি বিভিন্নভাবে দখলের চেষ্টা চললেও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা লক্ষ্মীপুর জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে অবিলম্বে খালটির সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    সচেতন মহলের ভাষ্য, ‘খাল বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে বাঁচবে মানুষ। তাই রহমতখালী খাল রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।’

    উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

  • গবেষণার জন্য চিড়িয়াখানায় থাকা ‘ডোনাল্ড ট্রাম্পে’র ঠিকানা বদল | দৈনিক সময়ের নুর ডট কম

    গবেষণার জন্য চিড়িয়াখানায় থাকা ‘ডোনাল্ড ট্রাম্পে’র ঠিকানা বদল | দৈনিক সময়ের নুর ডট কম

    দৈনিক সময়ের নুর অনলাইন ডেস্ক :

    বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গবেষণার জন্য সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) নেওয়া হয়েছে।

    প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার জাতীয় চিড়িয়াখানা থেকে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে মহিষটি হস্তান্তর করা হয় এবং মহিষটি এখন থেকে বিএলআরআইয়েই থাকবে। বর্তমানে মহিষটি ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রয়েছে। ইতোমধ্যে মহিষটি দেখভালের জন্য বিএলআরআই কর্তৃপক্ষ মহিষ উৎপাদন ও গবেষণা বিভাগের প্রধান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের কমিটি গঠন করেছে।

    ড. গৌতম কুমার দেব বলেন, ‘ষাঁড় মহিষটি আমাদের কাছে গবেষণার জন্য হস্তান্তর করা হয়েছে। এই জাতের মহিষ আকর্ষণীয় হওয়ায় মূলত এর জাত উন্নয়নে গবেষণা করা হবে।
    বর্তমানে মহিষটিকে প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। মহিষটি সুস্থ রয়েছে। এখন থেকে এটি আমাদের এখানেই থাকবে।’

    উল্লেখ্য, গত ঈদুল আজহায় কুরবানির জন্য বিক্রি করতে আনা এই মহিষটির নাম দেওয়া হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হয়ে ওঠে অ্যালবিনো মহিষটি। গোলাপি আভার বিরল অ্যালবিনো ষাঁড় মহিষটি লালন-পালন করেছেন নারায়ণগঞ্জ শহরের রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা।

    ঈদের কয়েকদিন আগে রাজধানীর পুরান ঢাকার জিন্দাবাহার (জিঞ্জিরা) এলাকার বাসিন্দা মনিরুজ্জামান ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি কিনে নেন।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’ এতটাই আলোচিত হয়েছিল যে, শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে ঈদের আগের দিন মহিষটিকে সরকারের জিম্মায় নেওয়া হয় এবং মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়।

  • চন্দ্রগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক ৪ লেন সড়ক নির্মাণে অনিয়ম ও খাল ভরাটের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক ৪ লেন সড়ক নির্মাণে অনিয়ম ও খাল ভরাটের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ চন্দ্রগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক ৪ লেন সড়কের চলমান উন্নয়নকাজে নানা অনিয়ম,দুর্নীতি ও খাল ভরাটের অভিযোগ উঠেছে।

    দুই প্যাকেজে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সিডিউল ও ম্যাপ অনুযায়ী কাজ সম্পন্ন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির দাবি জানিয়েছেন।

    জানা গেছে, প্রকল্পটির প্রথম প্যাকেজের আওতায় চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে মান্দারী বাজারের পশ্চিম পাশে অবস্থিত জালাল মিয়ার ব্রিজ পর্যন্ত এবং দ্বিতীয় প্যাকেজের আওতায় জালাল মিয়ার ব্রিজ এলাকা থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলছে।

    প্রথম প্যাকেজে অনিয়মের স্থানীয়দের অভিযোগ, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার থেকে জালাল মিয়ার ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজে সিডিউল অনুযায়ী নির্ধারিত পরিমাপ অনুসরণ করা হচ্ছে না। একেক স্থানে একেক ধরনের প্রস্থ রেখে কাজ করা হচ্ছে।

    বিশেষ করে বাজার এলাকাগুলোতে প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনা অক্ষত রেখে রাস্তার প্রশস্ততা কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

    এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অর্থ লেনদেনের গুঞ্জনও রয়েছে বলে জানা গেছে।

    স্থানীয়দের দাবি ও বাস্তবেও দেখা মিলেছে এমন পরিস্থিতি যে, প্রভাবশালী ব্যক্তিদের স্থাপনা অক্ষত রাখার স্বার্থে বিপরীত পার্শ্বের খালের কোন কোন যায়গায় নিয়মবহির্ভূত ভাবে ভরাট করে খাল সংকীর্ণ বা সরু করে পেলা হচ্ছে। যা আগামী দিনে এ অঞ্চলের পানিবন্দিতার ও ব্যাপক বন্যার কারনে জনভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াতে পারে বলে এলাকাবাসীর চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

    এছাড়া রাস্তা খননের ক্ষেত্রেও নির্ধারিত গভীরতা অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বালুর সঙ্গে কংক্রিট বা উপযুক্ত উপকরণ মিশিয়ে রোলার করার কথা থাকলেও অনেক স্থানে শুধু বালু ফেলে নামমাত্র রোলার চালানো হচ্ছে। এতে ভবিষ্যতে রাস্তা ডেবে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

    দ্বিতীয় প্যাকেজে, জালাল মিয়ার ব্রিজ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত কাজেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্র জানায়, নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় মাটি ক্রয় করে তা রোলার ও কমপ্যাকশন সম্পন্ন করার কথা থাকলেও বিভিন্ন স্থানে আগে থেকেই থাকা মাটি কেটে অন্য জায়গায় ভরাট করা হচ্ছে। যথাযথ কমপ্যাকশন ছাড়াই পরবর্তী ধাপের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
    এছাড়া নির্ধারিত গভীরতায় বক্স কাটার নিয়ম থাকলেও অনেক স্থানে তা অনুসরণ করা হচ্ছে না। বক্স কাটার পর প্রয়োজনীয় বেড প্রস্তুত ও রোলারিং না করেই নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

    নিয়ম অনুযায়ী স্তরভিত্তিকভাবে মোটা বালু ফেলে পানি দিয়ে পর্যাপ্ত রোলার ও কমপ্যাকশন করার কথা থাকলেও বাস্তবে বড় ট্রাকে বালু ফেলে নামমাত্র রোলার চালিয়ে কাজ শেষ করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি।

    স্থানীয় সচেতন মহলের ভাষ্যমতে, শুরু থেকেই যদি নির্মাণকাজে এত অনিয়ম হয়ে থাকে, তাহলে সড়কটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা থেকেই যায়। তাদের মতে, নির্মাণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কটি জনভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

    এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বশীল সকলের হস্তক্ষেপ কামনা করেছেন।

    তারা বলেন, ‘ঠিকাদার কে-সেটি আমাদের বিবেচ্য নয়। আমরা শুধু চাই জনগণের টাকায় নির্মিত এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ সিডিউল অনুযায়ী ও মানসম্মতভাবে সম্পন্ন হোক।’

    তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

  • বিকট শব্দে ফোন বিস্ফোরণ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যুবক | দৈনিক সময়ের নুর ডট কম

    বিকট শব্দে ফোন বিস্ফোরণ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যুবক | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রকিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার ১১ নম্বর চররমনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ রকি, যিনি এলাকায় একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত, মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

    শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে রকির হাতে থাকা একটি রেডমি মোবাইল ফোন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়।

    আকস্মিক এ ঘটনায় তিনি দ্রুত মোবাইলটি হাত থেকে ফেলে দেন। বিস্ফোরণের তীব্র শব্দ ও আতঙ্কে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

    পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

    ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জিং ব্যবস্থার নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি।

    সংশ্লিষ্টদের মতে, মোবাইল ফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়া, ত্রুটিপূর্ণ চার্জার ব্যবহার কিংবা ব্যাটারির কারিগরি ত্রুটির কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের সতর্কতার সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।