Author: somoyernurnews

  • বেগমগঞ্জে বসতঘর ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ; আহত ২ | দৈনিক সময়ের নুর ডট কম

    বেগমগঞ্জে বসতঘর ভেঙে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ; আহত ২ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি:

    বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের আবদুল্লাহপুর এলাকার চান মিয়া হাজী বাড়িতে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় গৃহকর্তা মো. ইউসুফ ও তার মেয়ে বিলকিছ আক্তার আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

    ভুক্তভোগী পরিবারের দাবি, গত ৬ জুন সংঘটিত এ ঘটনায় একই বাড়ির কয়েকজন ব্যক্তি ও তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে হামলায় অংশ নেন। অভিযুক্তদের মধ্যে শাহাদাত হোসেন, মো. শহিদ, মেহেরাজ, নাজমা, আমেনা ও তাছলিমাসহ ৭/৮ জন।
    অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বসতঘরের বিভিন্ন অংশ ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান মালামালসহ বসতঘরটির সম্পুন্ন অংশ খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
    আহত মো. ইউসুফ জানান, তিনি দীর্ঘদিন আগে তিন শতাংশ জমি ক্রয় করে সেখানে বসতঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছিলেন।

    তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করছি। হঠাৎ করে কয়েকজন লোক সংঘবদ্ধভাবে এসে আমার ঘরবাড়ি ভাঙচুর করে। আমার বসতঘরের বিভিন্ন অংশ খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমার কোনো ছেলে নেই। একমাত্র মেয়েকেও মারধর করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

    অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি ব্যবহার করে মারধর করা হয়। এতে মো. ইউসুফ গুরুতর আহত হন এবং তার মেয়েও আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

    স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার সময় মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে মো. ইউসুফ বলেন, আমি বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। তাই আইনগত পদক্ষেপ নিতে কিছুটা সময় লাগছে। তবে ঘটনার সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব।
    তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নাছিমা বেগম বলেন, ইউসুফ মিয়ার সঙ্গে আমাদের জায়গা-সংক্রান্ত বিরোধ রয়েছে। এ কারণে আমরা আমাদের জমির ওপর থাকা ঘরটি সরিয়ে দিয়েছি। তাদের ঘরের মালামাল চাইলে তারা নিয়ে যেতে পারবেন।

    ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

  • চন্দ্রগঞ্জ-গোবিন্দরখিল সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ-গোবিন্দরখিল সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পেট্রোল পাম্প থেকে গোবিন্দরখিল পর্যন্ত এলজিইডি সড়কের সংরক্ষিত জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

    এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিচালিত কোড নম্বর ৪৭৫০৭৪০৯৬-এর আওতাধীন চন্দ্রগঞ্জ-গোবিন্দরখিল সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।

    অভিযোগ রয়েছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে সড়কের নির্ধারিত সীমার ভেতরে বহুতল ভবনের নির্মাণকাজ চালানো হচ্ছে।

    এলাকাবাসীর আশঙ্কা, সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে ভবিষ্যতে রাস্তার প্রশস্ততা কমে যাবে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাবে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তা ফয়সাল আহমদ বলেন, সড়কের ঢালসংলগ্ন ব্যক্তি মালিকানাধীন জমিতে ভবন নির্মাণ করতে হলেও অন্তত দেড় মিটার (প্রায় পাঁচ ফুট) জায়গা ফাঁকা রাখতে হবে।

    সরকারি বিধিমালা অমান্য করে কোনো নির্মাণকাজ পরিচালিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে আমানউল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম সুমন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    স্থানীয়রা জনস্বার্থে সড়কের সরকারি জায়গা দখলমুক্ত রাখতে প্রশাসন ও এলজিইডির দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

  • নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার! | দৈনিক সময়ের নুর ডট কম

    নিখোঁজের ১ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার! | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগরে পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পাশে তোরাবগঞ্জ বাজারের নিকটবর্তী মরহুম সেলিম চেয়ারম্যানের বাড়ির দরজার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত আরিফ হোসেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের এক নং ওয়ার্ড এলাকার

    লুতু মুনসী বাড়ির এবং উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক মাওলানা আক্তার হোসেনের ছেলে।

    তিনি স্থানীয় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ (চকলেট ও চানাচুর) দোকান করতেন। মরদেহটি উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ হোসেন মানসিকভাবে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ও সহজ-সরল প্রকৃতির ছিলেন। প্রতিদিনের নিয়মানুযায়ী ভোরে তিনি তোরাবগঞ্জ বাজারে এসে একটি হোটেলে নাস্তা করতেন। ঘটনার দিন সকালেও তিনি একইভাবে হোটেলে এসে নাস্তা খেয়েছিলেন।

    এরপর সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন সেলিম চেয়ারম্যানের বাড়ির দরজার পুকুরঘাটে তার পড়নের লুঙ্গি, জুতা ও গেঞ্জি দেখতে পান। সন্দেহ হলে তারা এগিয়ে গিয়ে পুকুরে আরিফের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন।

    পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা এসে পুলিশে খবর দেন।

    নিহতের মামা সুলতান আহাম্মদ টিপু জানান, তার ভাগিনা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। গত রাত্রেও তিনি ওষুধ খেয়েছেন। তিনি বিয়ে করেছিলেন এবং সংসারে তার ১২ ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে।

    প্রতিবন্ধী হলেও তিনি সংসারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ছিলেন। তবে সকালে তিনি কেন এবং কী কারণে ওই পুকুরে এসেছিলেন, তা তিনি স্পষ্ট করতে পারেননি।

    ময়নাতদন্তের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে ময়নাতদন্ত করা উচিত, কারণ কেউ তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে কি না তা নিশ্চিত হওয়া দরকার। অন্যদিকে প্রতিবেশীদের ধারণা, ভোরে কোনো একসময় গোসল করতে নেমে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

    খবর পেয়ে কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) কাউছার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে গেছে।

    কমলনগর থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল আলম জানান, পরিবারের আবেদন এবং বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষন করে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • গরমে সচেতনতা, সুস্থ জীবনের নিশ্চয়তা | দৈনিক সময়ের নুর ডট কম

    গরমে সচেতনতা, সুস্থ জীবনের নিশ্চয়তা | দৈনিক সময়ের নুর ডট কম

    লাইফ স্টাইল ডেস্ক :

    গরমে সুস্থ থাকতে যা যা করবেনঃ
    তীব্র গরমে শরীর সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিছু সহজ অভ্যাস আপনাকে গরমজনিত অসুস্থতা থেকে রক্ষা করতে পারে।

    # ১. পর্যাপ্ত পানি পান করুন
    পিপাসা লাগার আগেই পানি পান করুন।
    প্রতিদিন ২–৩ লিটার বা প্রয়োজন অনুযায়ী বেশি পানি পান করুন।
    ডাবের পানি, লেবুর শরবত ও ওরস্যালাইন উপকারী হতে পারে।
    # ২. হালকা ও পুষ্টিকর খাবার খান
    তাজা ফলমূল ও শাকসবজি বেশি খান।
    তরমুজ, বাঙ্গি, শসা, আনারস ও কমলালেবু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
    অতিরিক্ত তেলযুক্ত ও মসলাযুক্ত খাবার কম খান।
    # ৩. আরামদায়ক পোশাক পরুন
    সুতির ও হালকা রঙের পোশাক ব্যবহার করুন।
    বাইরে গেলে ছাতা, টুপি বা ক্যাপ ব্যবহার করুন।
    # ৪. দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন
    সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদের তাপ সবচেয়ে বেশি থাকে।
    জরুরি প্রয়োজন ছাড়া এ সময়ে বাইরে না যাওয়াই ভালো।
    # ৫. অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন
    দীর্ঘ সময় রোদে কাজ করলে মাঝে মাঝে বিশ্রাম নিন।
    ছায়াযুক্ত বা শীতল স্থানে অবস্থান করুন।
    # ৬. পরিচ্ছন্নতা বজায় রাখুন
    ঘাম হলে নিয়মিত গোসল করুন।
    পরিষ্কার ও নিরাপদ পানি পান করুন।

    ** হিট স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সতর্ক থাকুন
    শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া
    মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
    প্রচণ্ড দুর্বলতা
    বমি বমি ভাব
    এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত ঠান্ডা স্থানে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

  • লক্ষ্মীপুরে পদ হারালেন ধর্ষণে অভিযুক্ত যুবদল নেতা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে পদ হারালেন ধর্ষণে অভিযুক্ত যুবদল নেতা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে ধর্ষণে অভিযুক্ত আল-আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে বহিষ্কারের চিঠি পোস্ট করা হয়।

    বহিষ্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

    জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন।

    জানা যায়, আল-আমিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

    ২৮ মে রাতে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে।

    এ ব্যাপারে বক্তব্য জানতে আল-আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

    জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন গণমাধ্যমকর্মীদের জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-আমিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

  • চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘর থেকে এক নলা একটি বন্দুক উদ্ধার করেছেন চন্দ্রগঞ্জ থানা পুলিশ। জেলা এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

    সোমবার (১ জুন ২০২৬) দুপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়নের মটবী গ্রামের চুনুকাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, জেলা এনএসআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে পরিত্যক্ত ঘরের ভেতর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, “জেলা এনএসআইয়ের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘর থেকে একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি থানায় জমা রাখা হয়েছে।”

    তিনি আরও জানান, অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস ও মালিকানা সম্পর্কে জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

  • চন্দ্রগঞ্জ থানায় অভিযান, গ্রেপ্তার ও মাদক উদ্ধারের তথ্য পাচ্ছেন না গণমাধ্যমকর্মীরা | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ থানায় অভিযান, গ্রেপ্তার ও মাদক উদ্ধারের তথ্য পাচ্ছেন না গণমাধ্যমকর্মীরা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম ও অভিযানের বিষয়ে সাংবাদিকদের নিয়মিত তথ্য সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম এবং পুলিশের সাফল্য সম্পর্কে জনগণের কাছে সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছানো ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    সাংবাদিকদের অভিযোগ, চন্দ্রগঞ্জ থানা পুলিশের বিভিন্ন অভিযানে অস্ত্র উদ্ধার, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার কিংবা মাদক কারবারি আটকসহ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর তথ্য নিয়মিতভাবে গণমাধ্যমকর্মীদের জানানো হয় না। এমনকি এসব বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফোনে কল করা হলেও অনেক সময় তিনি কল রিসিভ করেন না বলেও অভিযোগ রয়েছে।

    স্থানীয় সাংবাদিকরা জানান, চন্দ্রগঞ্জ উপজেলা এলাকার সাংবাদিকদের নিয়ে থানার উদ্যোগে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল। তবে ওই গ্রুপে কোনো প্রেস রিলিজ, অপরাধ সংক্রান্ত তথ্য কিংবা পুলিশের কার্যক্রমের আপডেট নিয়মিত দেওয়া হয় না। ফলে গ্রুপটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

    তাদের মতে, গণমাধ্যম ও পুলিশের মধ্যে কার্যকর তথ্য আদান-প্রদান এবং সমন্বয় থাকলে অপরাধ দমন, জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। কিন্তু তথ্য প্রদানে অনাগ্রহের কারণে সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণের কাছে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

    স্থানীয় গণমাধ্যমকর্মীরা তথ্যপ্রবাহ নিশ্চিত করতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন। তারা মনে করেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানো হলে পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডও দ্রুত জনগণের সামনে তুলে ধরা সম্ভব হবে।

  • লক্ষ্মীপুর লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়
    আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। লঞ্চ সংকট, দীর্ঘ সময় অপেক্ষা এবং পল্টুনে স্থান সংকুলানের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

    মঙ্গলবার (২৬ মে) দুপুরে সদর উপজেলার মজুচৌধুরীর হাট লঞ্চঘাটে গিয়ে ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

    যাত্রীরা জানান, মেঘনা নদীপথে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষের সহজ যোগাযোগের অন্যতম মাধ্যম। সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ভোলা, বরিশাল ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলার মানুষ নিয়মিত এ নৌরুট ব্যবহার করেন। বিশেষ করে ঈদ ও সরকারি ছুটির সময়ে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়ে যায়।

    তাদের অভিযোগ, ভোলার ইলিশা ঘাটের জন্য একাধিক লঞ্চ চলাচল করলেও বরিশাল রুটে রয়েছে মাত্র একটি লঞ্চ—এমভি পারিজাত। লঞ্চটি দুপুর ১২টা ১০ মিনিটে ঘাট ছাড়ার কথা থাকলেও দেড়টার দিকে ঘাটে পৌঁছায়। এতে বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের তিন ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
    যাত্রীরা আরও জানান, দীর্ঘ অপেক্ষার পাশাপাশি পল্টুনে বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকা এবং অস্বাস্থ্যকর ও ব্যবহার অনুপযোগী টয়লেটের কারণে তাদের দুর্ভোগ আরও বেড়েছে।

    এদিকে, নৌযান চলাচলের নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে স্পিডবোটে যাত্রী পারাপার অব্যাহত রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। ঘাটে নৌ-পুলিশ দায়িত্ব পালন করলেও স্পিডবোটে যাত্রী পারাপার বন্ধে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি।

    এ বিষয়ে লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আব্দুর রহমান ও ঘাট ইজারাদার আমির আহম্মেদ রাজু জানান, এমভি পারিজাত লঞ্চটি যান্ত্রিক ত্রুটির কারণে ভোলার ইলিশা ঘাটে আটকে পড়ে। সেখানে ত্রুটি মেরামত শেষে ঘাটে আসতে দেরি হয়েছে। এছাড়া টয়লেট যাত্রীরাই নষ্ট করেছেন বলে দাবি করে তারা জানান, দ্রুত এটি পরিষ্কার ও ব্যবহার উপযোগী করা হবে।

  • চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারীর উপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারীর উপর বিএনপির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারী এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের উপর হামলা,ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট এবং ঈদ শুভেচ্ছার ফেস্টুন বিনষ্ট করার প্রতিবাদে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    আজ সমবার (২৫মে) সকাল ১০টায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মান্দারী বাজারের বিভিন্ন পয়েন্ট ঘুরে মান্দারী ষ্টেশন মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

    সমাবেশের বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সন্ত্রাসী কায়দায় রেজাউল ইসলাম সুমনের উপর হামলা,ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট এবং ঈদ শুভেচ্ছার ফেস্টুন বিনষ্ট করে বিএনপি লক্ষীপুরের শান্ত পরিবেশকে অশান্ত করতে চায়। ফ্যাসিবাদী ততপরতা চালিয়ে তারা নিজেদের পতন ডেকে আনছে। ঠিক যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছিল, এদের পরিণতিও তাই হবে।

    বক্তারা আরো বলেন, আমরা এই দেশে নতুন করে কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান হতে দেব না।”
    আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত আক্তার মেম্বার সহ চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

    এসময় উপস্থিত ছিলেন, লক্ষীপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুর রহমান,মাস্টার মোস্তফ মোল্লা, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত আমীর মাওলানা নুর মোহাম্মদ রাছেল,লক্ষীপুর শহর নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম,সেক্রেটারী হারুনুর রশিদ
    চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন,ডাঃ কাউসার হামিদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী

  • চন্দ্রগঞ্জ ইউনিয়নের উন্নয়নে সামগ্রীকভাবে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন সবুজ | সময়ের নুর নিউজ ডটকম

    চন্দ্রগঞ্জ ইউনিয়নের উন্নয়নে সামগ্রীকভাবে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন সবুজ | সময়ের নুর নিউজ ডটকম

    নিজস্ব প্রতিবেদক :

    লক্ষ্মীপুরের ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মরহুম বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদের বড় ছেলে তোফাজ্জল হোসেন সবুজ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও  সামগ্রীক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন ইতোমধ্যে।

    স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত চন্দ্রগঞ্জ ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন নিয়ে কাজ করছেন তিনি। বিভিন্ন সময় দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের সহযোগিতায় এগিয়ে আসা, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণসহ উৎসাহ প্রদান, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নমূলক কাজের উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে ইউনিয়নজুড়ে ইতিবাচক পরিচিতি তৈরি হয়েছে তার।

    সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়কালে তোফাজ্জল হোসেন সবুজ বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দিয়েছেন। সেই আদর্শ বুকে ধারণ করেই আমি জনগণের পাশে থাকার চেষ্টা করছি। চন্দ্রগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আমি কাজ করতে চাই।
    তিনি আরও বলেন, বর্তমান সময়ে ইউনিয়নের

    অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি এসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবো।
    এছাড়াও তিনি জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করতে তিনি পরিকল্পনা গ্রহণ করবেন।

    সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান, সরকারি সেবার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই ইউনিয়ন পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
    স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তোফাজ্জল হোসেন সবুজ একজন ভদ্র, সৎ ও জনবান্ধব মানুষ হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে মানুষের বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায়।

    ফলে চেয়ারম্যান পদে তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।

    এদিকে, ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তোফাজ্জল হোসেন সবুজ। স্থানীয়দের আশা, যোগ্য ও সেবামূলক নেতৃত্বের মাধ্যমে চন্দ্রগঞ্জ ইউনিয়ন আরও এগিয়ে যাবে।