
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং স্থানীয় উন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি (এমপি)। এ সময় তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের উন্নয়ন, জনস্বার্থ ও গণমানুষের প্রত্যাশাকে সরকারের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম। সাংবাদিকদের ন্যায়নিষ্ঠ ভূমিকা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবদুন নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে যায়। একটি শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করে এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, “চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখতে আমি সর্বাত্মক আন্তরিক থাকব।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বলেন, “প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত।”
সভাপতির বক্তব্যে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুন নুর বলেন, “সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমই একটি সচেতন ও উন্নত সমাজ গঠনের অন্যতম ভিত্তি।”
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন বলেন, “চন্দ্রগঞ্জ প্রেসক্লাব দীর্ঘদিন ধরে দায়িত্বশীল, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতা চর্চা করে আসছে। প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করতে উন্নতমানের ফার্নিচার, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সাউন্ড সিস্টেমসহ প্রয়োজনীয় অফিস সরঞ্জাম প্রদানে মাননীয় মন্ত্রীর সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. মনির হোসাইন। পরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় পর্বে উপস্থিত সাংবাদিকরা চন্দ্রগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়, স্থানীয় জনদুর্ভোগ, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির সুযোগ, গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরেন। প্রধান অতিথি মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিক ও অতিথিদের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।