Blog

  • চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে সভাপতি কবির, সম্পাদক সবুজ | দৈনিক সময়ের নুর ডট কম 

    চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে সভাপতি কবির, সম্পাদক সবুজ | দৈনিক সময়ের নুর ডট কম 

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ নির্বাচিত হন।

    শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন, জেলা বিএনপির সদস্য এড. হাফিজুর রহমান এবং প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম. বেল্লাল হোসেন, সহকারী প্রিসাইডিং হিসেবে ছিলেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান ভূঁইয়া।

    সভাপতি পদে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মো. হুমায়ুন কবির চেয়ার প্রতিক নিয়ে ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ সোলাইমান দেওয়াল ঘড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ১০১।

    সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন সবুজ ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি মো. মনির হোসেন পেয়েছেন ১২৬ ভোট।

    এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মো. আবুল কাশেম বাস প্রতিক নিয়ে ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ইমাম হোসেন টিপু ১৪০ ভোট পান।

    নির্বাচনে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    রিটার্নিং কর্মকর্তা এড. মো. হাফিজুর রহমান বলেন, স্বচ্চ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে।

    প্রসঙ্গত, বিগত ৫ আগষ্ট সরকার পতনের পর বিএনপির তৃণমূলের প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা প্রদান করেন।

     

  • মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন | দৈনিক সময়ের নুর ডট কম

    মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের চন্দ্রগঞ্জ থানা কমিটি গঠন | দৈনিক সময়ের নুর ডট কম

    মিজানুর রহমান মল্লিক (নিজস্ব প্রতিনিধি) :

    লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১২ জুন) সন্ধায় চন্দ্রগঞ্জ রাজমহল হোটেলের ভিআইপি হল রুমে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

    নতুন কমিটি অনুমোদন করেন লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মোঃ শাহাজাহান ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাস্টার।

    ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সামছুল আলম এবং সাধারণ সম্পাদক হিসাবে আব্দুস সালাম মাছুম।

    এছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন তোফাজ্জল হোসেন সবুজ ও সহেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইউছুফ মিয়া, আবদুল্লাহ মিলন ও জামাল উদ্দিন সোহেল। বাকি ১৭ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    সভাপতির বক্তব্যে সামছুল আলম বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করি। এই সংগঠনের নেতৃত্ব পেয়ে আমি গর্বিত। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় ও সন্তানদের ন্যায্য অধিকার আদায়ে আমরা একসঙ্গে কাজ করবো।

    সাধারণ সম্পাদক মাছুম বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে চন্দ্রগঞ্জ থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলবো।

    অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুর সদরের গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ে   কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও  ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর সদরের গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ে   কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও  ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    স্টাফ রিপোর্টার (মোঃআবদুল আজীম) :
    গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১০ই জুন) বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০ ঘটিকার সময়  এ ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ)ও ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব নুরুল আমিন।

    ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোঃ ওমর ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা গোলাম মোস্তফা বাবুল মাষ্টার, এ টি এম মোজাম্মেল হোসেন হেলাল।

    আরো বক্তব্য রাখেন, সাবেক অভিভাবক সদস্য খালেদ হোসেন সেলিম, ফোরামের সদস্য মোঃ মোশারফ হোসেন, মাষ্টার আব্দুর রহমান, প্রধান শিক্ষক জনাব, হোসাইন আহমেদ বাবুল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

    অনুষ্ঠানে এস এস সি ২০২৪ইং সালে জি পি এ ৫ প্রাপ্ত ৫ জন ও বর্তমান ৭ম শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত ক- খ বিভাগের ২৪ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়।

    এ সময় বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, অভিভাক ছাড়াও সমাজের মান্যগণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুরের দীঘলীতে ভূমি বিরোধের জেরে ৪ জনকে কুপিয়ে জখম | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের দীঘলীতে ভূমি বিরোধের জেরে ৪ জনকে কুপিয়ে জখম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের দীখলীতে চলাচলের রাস্তায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৬ জন আহত হাওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (৮ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১৩ নং দিঘলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাংকিভাংগা গ্রামের হোসেন আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

    জানা যায়, প্রায় শত বছরের বাড়ির চলাচলের রাস্তা দখল করে মৃত আঃ রহমানের ওয়ারিশ আঃ শহিদ ও আঃ জাহের গং স্থাপনা নির্মাণ করতে যায়।

    এতে বাধা দিতে গেলে মৃত শফি উল্যার ওয়ারিশ জয়নাল আবেদিন,আনোয়ার হোসেন,দেলোয়ার হোসেনদের উপর দেশীয় অস্র নিয়ে হামলা করে প্রতিপক্ষরা।

    এ ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন দেলোয়ার হোসেন ও দেলোয়ারের স্ত্রী শিমা বেগম।

    আহত আনোয়ার হোসেন জানান,পূর্ব পুরুষ থেকে এই বাড়িতে চলাচলের একমাত্র রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করতে যায় মৃত আঃ রহমানের ওয়ারিশ আঃশহিদ ও জাহের গংরা। এদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান।

    তবুও বাড়ির মানুষের চলাচলের পথ বন্ধ করে তারা স্থাপনা নির্মাণ করতে যায়। এতে বাধা দিতে গেলে আমিসহ আমার ভাইদের ও বাড়ির শিশুদের পিটিয়ে জখম করে তারা। এ বিষয়ে আইনের আশ্রয় নিবে বলে জানিয়েছেন।

    আঃ রহমানের ওয়ারিশ আঃশহিদ ও জাহেরগংরা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জাগায় স্থাপনা নির্মানের কাজ করছিলাম। তারা এসে আমাদের উপর হামলা করে। আমাদের ২-৩ জনকে আহত করে। যাতায়াতের পথে তাদের জায়গা নাই। তারা মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে।

    এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোসলে উদ্দিন জানান, দেলোয়ারের অভিযোগের ভিত্তিতে বাড়ির রাস্তা বন্ধ করে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখতে বলি। তবুও তারা স্থাপনা নির্মাণ করতে গেলে মারামারি হয়।

    চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি পদক্ষেপ চাইলে পুলিশ সহায়তা করবে।

  • লক্ষ্মীপুরে দ্বিগুণ বাসভাড়া আদায়, ইউএনও’র নির্দেশে ফেরত | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে দ্বিগুণ বাসভাড়া আদায়, ইউএনও’র নির্দেশে ফেরত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয় পরিবহন কর্তৃপক্ষ। শুক্রবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট বাস টার্মিনালে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।

    চট্টগ্রাম থেকে আসা জোনাকি, সোহাগ ও সানিয়া ক্লাসিকের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়।

    পরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার নির্দেশে নির্ধারিত ভাড়ার চেয়ে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়।

    সানিয়া ক্লাসিক ও সোহাগ পরিবহনের কয়েকজন যাত্রীকে অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেয় সংশ্লিষ্ট বাসের সুপারভাইজাররা।

    অভিযানে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু ও বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ে মোটরযান পরিদর্শক প্রণব চন্দ্র নাগ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, র‌্যাব ও বিআরটিএ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

    চট্টগ্রাম থেকে আসা রাকিব, সোহেল, আয়েশা, আব্দুল কাদেরসহ কয়েকজন যাত্রী জানায়, ভোলা জেলায় তাদের বাড়ি। চট্টগ্রাম থেকে তারা বাড়ির উদ্দেশে মজুচৌধুরীহাট এসেছে। সানিয়া ক্লাসিক ও সোহাগ পরিবহনের যাত্রী তারা। সাড়ে ৩০০ টাকার ভাড়া তাদের কাছ থেকে ৭০০ টাকা পর্যন্ত নিয়েছে। সানিয়া ক্লাসিকের টিকিট দিয়ে সোহাগ পরিবহনে যাত্রী উঠিয়েছে। আবার সোহাগ পরিবহনের টিকেট দিয়ে সানিয়া ক্লাসিকে যাত্রী উঠায়। নির্ধারিত ভাড়ার দ্বিগুণ নিয়ে আসছে বাস কর্তৃপক্ষ।

    বি শ্যামলীর মজুচৌধুরীরহাট কাউন্টারের ব্যবস্থাপক বলেন, আগে আওয়ামী লীগের লোকজন প্রতি বাস থেকে ২০০ টাকা করে চাঁদা নিতো।

    এখন মালিক সমিতির নামে মোশাররফ ও আফসার মিয়া টাকাগুলো নেয়। ঘটনাটি আমরা উপজেলা প্রশাসন ও র‌্যাবকে জানিয়েছি। তারা বলেছে আর চাঁদা না দিতে।

    র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছিল।

    এর ভিত্তিতে উপজেলা প্রশাসনসহ আমরা অভিযান চালিয়েছি। অতিরিক্ত ভাড়া নেওয়া কয়েকটি গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভাড়া বিষয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, চট্টগ্রাম থেকে মজুচৌধুরীর হাটে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে। সানিয়া নামে একটি পরিবহনের চট্টগ্রামের কাউন্টার কর্তৃপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এখানকার কাউন্টার না হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। তবে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত নিয়ে দেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে ও নির্ভেজালে বাড়ি পৌঁছতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ মজুচৌধুরীর হাট লঞ্চঘাট থেকে মেঘনা নদী হয়ে ভোলা-বরিশাল নৌ-রুট দেশের ২১ জেলার সহজ যোগাযোগ মাধ্যম। ঈদসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকে।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পানিতে পড়ে খাদিজা (২) এবং তাফসির (২) নামের একই বয়সের দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মৃত দুই শিশুর চাচা বাবলু পাটোয়ারী। ঈদুল আযহার মাত্র ১দিন আগে দুইটি শিশুর মৃত্যু নিয়ে এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

    আজ বৃহস্প্রতিবার (৫জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির চরশাহী গ্রামের কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনের পুকুরে এই ঘটনা ঘটে।

    মৃত শিশু খাদিজা কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহজাহানের মেয়ে এবং মৃত শিশু তাফসির একই পরিবারের শাহজানের ছোট ভাই ইমরানের ছেলে।

    শিশু দুটির মৃত্যুতে তাদের বাবা-মা শোকে পাগলের মত কান্নাকাটি করছে এবং তাদের দু’জনের মা বার বার মুর্চা যাচ্ছে।

    এলাকাবাসী জানায়, সকাল থেকে শিশু দুটি কোরবানীর গুরু নিয়ে মেতে ছিল। গরুকে বিভিন্ন ঘাস, পাতা এনে খেলাচ্ছলে খাওয়াচ্ছিল শিশু দুটি । কোন ফাঁকে তারা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে চলে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুজি করলে বাড়ির একজন পুকুরে তাদের ভেসে উঠতে দেখে।

    শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় ন্যশনাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব, অসহায় ও মেধাবী ১৪০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    সোমবার (২ জুন) দুপুরে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

    অনুষ্ঠানে ইউএনও জামশেদ আলম রানা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত হলে ভবিষ্যৎ প্রজন্ম হবে দক্ষ, নৈতিক ও মানবিক। আমাদের প্রত্যাশা—এই ক্ষুদ্র উদ্যোগে শিক্ষার্থীরা পাঠদানে উৎসাহ পাবে। শিক্ষার্থীদের পাশে শিক্ষা উপকরণ নিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।

    বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম জামান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ধন্যপুর ইউপি সদস্য কফিলউদ্দিন এবং পাঁচপাড়া ইউপি সদস্য আবদুল হান্নান।

    এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।
    আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ক্ষেত্রে তাদের এগিয়ে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

  • চন্দ্রগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই অস্ত্রধারী গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ থানা পুলিশের অভিযানে দুই অস্ত্রধারী গ্রেফতার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের পৃথক দুটি অভিযানে অস্ত্র ও মাদকসহ দুজন গ্রেফতার হয়েছে।

    সোমবার (২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমন (৩৫) ও রাসেল (২৭) কে গ্রেপ্তার করা হয়।
    দুপুরে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওই দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়নপুর এলাকার আঃ রব চৌধুরী বাড়ির সিরাজ মিয়ার ছেলে বেলজিয়াম সুমন ও চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার নূর মিয়া বেপারী বাড়ির আবদুল খালেকের ছেলে রাসেল।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে  মাদক ব্যবসায়ী বেলজিয়াম সুমনের কাছ থেকে দুই রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি এবং ১০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

    অপরদিকে গ্রেফতারকৃত রাসেলের দেওয়া তথ্যনুযায়ী চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া এলাকায় অভিযান চালিয়ে  স্থানীয় মোল্লা বাড়ি জামে মসজিদের পেছনের একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

    চন্দ্রগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
    পাশাপাশি তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চন্দ্রগঞ্জ থানা এলাকা পুলিশের বিশেষ নজরদরিতে রাখা হয়েছে। তালিকাভুক্ত আসামিদের গ্রেফতারের পাশাপাশি স্হানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোন অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।

  • লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক সংশ্লিষ্ট বিরোধকে কেন্দ্র করে আজাদ হোসেন বাবলু (৪০), যিনি ফাইটার বাবলু নামে পরিচিত, সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

    সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজীর হাট সড়কের পাশে মিদ্দা বাড়ির সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিরবতা ভেঙে হঠাৎ করেই তারা চিৎকারের শব্দ শুনতে পান।

    সকালে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বাবলুর নিথর দেহ পড়ে আছে এবং তার মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

    নিহত বাবলু এলাকার কুখ্যাত সন্ত্রাসী কদু আলমগীরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবলু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত ছিলেন।

    তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সম্প্রতি তিনি মাদক মামলায় আটক হয়ে কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছিলেন।

    স্থানীয় একাধিক সূত্রের দাবি, গত ১ জুন উত্তর জয়পুর এলাকার একটি প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের সদস্য বেলজিয়াম সুমনকে মাদকসহ পুলিশের হাতে তুলে দেন বাবলু ও তার সহযোগীরা। ধারণা করা হচ্ছে, এর প্রতিশোধ হিসেবেই তাকে হত্যা করা হয়েছে।

    চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

  • জামায়াত ফিরে পেল নিবন্ধন, প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নিবে ইসি | দৈনিক সময়ের নুর ডট কম

    জামায়াত ফিরে পেল নিবন্ধন, প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নিবে ইসি | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত ইসির
    রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

    তবে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ থাকবে কি না সে বিষয়ে কোনো আদেশ দেননি দেশের সর্বোচ্চ আদালত। জামায়াতের প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ।

    অবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।জামায়াতের আপিল আবেদন মঞ্জুর করে নির্ধারিত দিন রোববার (১ জুন) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।

    গত ১৪ মে দলটির করা আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন (১ জুন) ধার্য করেছিলেন। তারই ধাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হলো।

    ঐতিহাসিক এ রায়ের পর জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, জামায়াতের নিবন্ধনের বিষয়ে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে নিবন্ধন দিতে বলেছেন।

    আর আপিল বিভাগ রায়ে আদার্স বিষয় বলতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সিদ্ধান্তের কথা বুঝিয়েছেন বলে আমরা মনে করি। তাই রায়ের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবেন।

    অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী মো. তৌহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, জামায়াতের নিবন্ধনের বিষয়ে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে রায় দিয়েছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য (জামায়াতের নিবন্ধন দিতে) বলেছেন সর্বোচ্চ আদাল।

    তবে আপিল বিভাগ রায়ে আদার্স বিষয় বলতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সিদ্ধান্তের কথা বোঝাননি বলে জানান তিনি।

    মো. তৌহিদুল ইসলাম বলেন, রায় হাতে পাওয়ার পর আমি নির্বাচন কমিশনে দ্রুত পাঠানোর ব্যবস্থা করবো, তারপর এ বিষয়ে ইসি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

    রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি।

    রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্টের তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ।

    একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয়। পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে দলটি।

    তবে হাইকোর্টের রায় ঘোষণার পরপরই তা স্থগিত চেয়ে জামায়াত আবেদন করে, যা ২০১৩ সালের ৫ আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের তৎকালীন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর চেম্বার জজ আদালত।

    এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের ৭ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

    বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৪ সালের ১ আগস্ট জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।

    ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল করা হয়।