Blog

  • ভোট দিতে এসেছি অন্যদের উদ্বুদ্ধ করতে : ঢাবি উপাচার্য | সময়ের নুর নিউজ ডট কম

    ভোট দিতে এসেছি অন্যদের উদ্বুদ্ধ করতে : ঢাবি উপাচার্য | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম মাকসুদ কামাল বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ভোট দিয়েই সরকার পরিবর্তন করতে হয়। যারাই ক্ষমতায় আসবে ভোটের মাধ্যমেই আসতে হবে।

    এজন্য শত দায়িত্ব থাকা সত্ত্বেও নাগরিক অধিকার পালন করার জন্য ভোট দিতে এসেছি। একইসঙ্গে অন্যরাও যেন ভোট দিতে উদ্বুদ্ধ হয়, এজন্য নিজ কেন্দ্রে ভোট দিয়েছি।

    রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজ গ্রামের লাহারকান্দি ফরিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তিনি। পরে ভোট দিতে ভোটারদের উদ্বুদ্ধ করে গণমাধ্যমে বক্তব্য দেন।

    উপাচার্য বলেন, ভোট দিতে মানুষ কেন্দ্রে আসছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সবখানেই ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে।

    এ সময় মাকসুদ কামালের ভাতিজা ও লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত একেএম শাহজাহান কামালের ছেলে ফাহিম কামাল চৌধুরী উপল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম জেনি উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত , লক্ষ্মীপুর-৩ আসনে নৌকা মার্কায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে তার বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ সাত্তার।

    ৪ জানুয়ারি ভোটের সুষ্ঠু পরিবেশ নেই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান লাঙ্গল প্রতীকের প্রার্থী ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব হোসেন। প্রতিদ্বন্দ্বী অন্যরা হলেন- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালি আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।

  • ফেনীতে ৪ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনীতে ৪ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনী প্রতিনিধি :

    ফেনীতে চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে এ ঘটনা ঘটে। এরমধ্যে দুটি ট্রেলার গাড়ি ও দুটি কাভার্ডভ্যান রয়েছে। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মা-মনি ফিলিং স্টেশনে পার্ক করে রাখা দুটি ট্রেলারে (চট্ট-মেট্রো-ঢ-৮১-৩৬৬৩ ও চট্ট-মেট্রো-ঢ-৮১-৩৮৪৮) আগুন দেয় দুর্বৃত্তরা।

    খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

    অপরদিকে রাত ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল সেতু এলাকায় পরপর দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

    একটিতে মুড়ি ও অপরটিতে গার্মেন্টস সামগ্রী ছিল। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার আবদুল মজিদ জানান, মা-মনি ফিলিং স্টেশন থাকা অন্য গাড়ি রক্ষা করা হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো না পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।

    ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, দুপুর পর্যন্ত এসব ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান। আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো উদ্ধার করে ফেনী পুলিশ লাইনসে রাখা হয়েছে।

  • নৌকার কর্মীরা এত হামলা করেছে মামলায় গেলে প্রচারণার সময় থাকতো না | সময়ের নুর নিউজ ডট কম

    নৌকার কর্মীরা এত হামলা করেছে মামলায় গেলে প্রচারণার সময় থাকতো না | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তার নৌকার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নৌকার সমর্থকরা আমার ভোটারদেরকে কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করছে। হুমকি দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের কেন্দ্রে আসার পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, প্রচারণাকালে নৌকার কর্মীরা আমার লোকজনের ওপর অনেকবার হামলা করেছে। কয়েকটি ঘটনায় মামলা করেছি। রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। নৌকার কর্মীরা এতো হামলা করেছে যে মামলায় গেলে প্রচারণার সময় থাকতো না আমার।

    বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাত্তার রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।

    অধ্যক্ষ এমন, এ সাত্তার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী এলাকার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামে আমার লোকজনের ওপর নৌকার কর্মীরা হামলা চালিয়েছে।

    এসময় আহত এক কর্মীর পিঠের রক্তাক্ত ছবি সাংবাদিকদের দেখিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা ১২-১৪ দিন ধরে ঘটছে। কতগুলো ঘটনা তা হিসাব করে রাখা হয়নি। হুমকি ধামকির অনেক ঘটনা প্রমাণ করার সুযোগ নেই বলেই মামলায় বা অভিযোগে যেতে পারিনি।

    তিনি আরও বলেন, মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে প্রেমঘটিত একটি ঘটনায় মারামারি হয়। সেখানে আমার কর্মীরা যায়ওনি। নৌকার লোকজন আমার লোকজনকে ফাঁসানোর জন্য মামলায় জড়িয়ে দেয়।বৃহস্পতিবার আদালত আমার কর্মীদের জামিন দিয়েছেন।

    ভোট কেন্দ্রে ভোটারদের আনার জন্য পরিবেশ সৃষ্টি করতে যেসব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব ব্যবস্থা সঠিকভাবে নিতে অনুরোধ জানাচ্ছি। তাহলে আর কোনো সমস্যা থাকবে না।

    এ ব্যাপারে নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সঙ্গে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি৷

    এদিন বিকেলে সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন।

    সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর-৩ আসন গঠিত। এ আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে ২ লাখ ৯ হাজার ৯০ জন পুরুষ, ১ লাখ ৯৪ হাজার ৬৫২ জন নারী ও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। পিংকু, সাত্তার ও রাকিব ছাড়া আসনের অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালি আঁশ), বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।

  • লক্ষ্মীপুরে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    সারাদেশে ভোট বর্জনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় একটি সিএনজিচালিত ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

    শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে ও ওয়াপদা এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ ঘটনা ঘটে।

    এর আগে রাতে ও সকালে জেলার বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    এদিকে হরতালের কারণে সকাল থেকেই লক্ষ্মীপুর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে দূরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে।

    স্থানীয় কয়েক জন বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) রাতেই সবশেষ ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে গাড়ি ছেড়ে যায়। সকাল থেকে সিএনজি অটোরিকশায় চাঁদপুর লঞ্চঘাট হয়ে অনেকেই ঢাকার উদ্দেশে রওনা হলেও  কোনো বাস ঢাকা-চট্টগ্রামে যেতে দেখা যায়নি।

    নামাজ পড়ে সকালে হাঁটতে বের হওয়া কয়েক জন নাম না প্রকাশের শর্তে বলেন, বিএনপির নেতকর্মীরা ঘটনা স্থলে মিছিল করে। এসময় তারা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা দুটি অটোরিকশা ভাঙচুর করে। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো নিয়ে চালকরা চলে যায়। বিক্ষোভকারীদের নামও বলেননি প্রত্যক্ষদর্শীরা।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, হরতাল সমর্থনে বিএনপি মিছিল বের করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তখন কেউই ভাঙচুরের ঘটনা জানায়নি। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে।

  • ফায়ার সার্ভিসের সবার ছুটি বাতিল, প্রস্তুত থাকার নির্দেশ | সময়ের নুর নিউজ ডট কম

    ফায়ার সার্ভিসের সবার ছুটি বাতিল, প্রস্তুত থাকার নির্দেশ | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিবেদক :

    ফায়ার সার্ভিস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মনিটরিং সেল গঠন করেছে। এ ছাড়া, নির্বাচনকে সামনে রেখে সব সদস্যদের ছুটি বাতিল করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।একই সঙ্গে কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল গঠন করেছে সংস্থাটি।

    নির্বাচনকালীন সহিংসতায় অগ্নিকাণ্ডসহ যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় এ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

    শুক্রবার (৫ জানুয়রী) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

    আনোয়ারুল ইসলাম জানান, ঢাকাসহ দেশের যে কোনো প্রান্তে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও সমন্বয় করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের পাশাপাশি বিশেষ সেল হিসেবে কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল কাজ করবে।

    তিনি আরও জানান, দেশের সকল ফায়ার স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে স্ট্যান্ডবাই ডিউটিতে রাখা হয়েছে।

    নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

    এ ছাড়া, ফায়ার ফাইটারদের পাশাপাশি ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়ারদেরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

    প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্সসহ যাবতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

    ফায়ার সার্ভিস জানায়, সারা দেশে জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যে কোনো কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে।

    যে কোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১৬৩ নম্বরে ফোন করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে। কেন্দ্রীয় মনিটরিং সেলের মোবাইল নম্বর ০১৭৩০৩৩৬৬৯৯-এ ফোন করেও জরুরি সেবা গ্রহণ করা যাবে।

  • মতলবের পুটিয়ায় ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার জলসা অনুষ্ঠিত | সময়ের নুর নিউজ ডট কম

    মতলবের পুটিয়ায় ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার জলসা অনুষ্ঠিত | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিবেদক : মতলব দক্ষিণ উপজেলার পুটিয়া বাইতুল আমিন জামে মসজিদের উদ্যোগে জৈনপুরী হুজুরদের আগমন উপলক্ষে এবং এলাকার সকল মৃত ব্যক্তিদের স্মরণে ৩য় বার্ষিক ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার জলসা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল ৩টায় পুটিয়া আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুরু হয়ে মধ্য রাতে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় এই জলসা।

    জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা ওয়া মোর্শেদুনা শাহ্ সূফী নাবিল আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে জলসায় উপস্থিত ছিলেন জৈনপুরী পীর সাহেব মাও. ওয়া মোর্শেদুনা শাহ্ সূফী আহমেদ হামজা সিদ্দিকী।

    প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন হাফেজ মাও. মুফতি আবুল বাশার পিরোজপুরী। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের তাফসির কারক মাও. মুফতি আলমগীর হোসেন রুহানী, মাও. হাবিবুর রহমান ক্বাফী, মাও. আব্দুল সালাম বরকতি’সহ ওলামায়ে কেরামগন।

    মাহফিল পরিচালনা করেন পুটিয়া বাইতুল আমিন জামে মসজিদের ইমাম হাফেজ মাও. মুফতি বোরহান উদ্দিন। মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে বিশেষ তবারক বিতরণ করা হয়।

    ইছালে ছাওয়াবের ওয়াজ ও দোয়ার জলসা শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম ঢালী।

  • ইতিহাসের প্রথম নারী রেফারি রেবেকা | সময়ের নুর নিউজ ডট কম

    ইতিহাসের প্রথম নারী রেফারি রেবেকা | সময়ের নুর নিউজ ডট কম

    ক্রীড়া ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যাচ পরিচালনা করে প্রথম নারী রেফারি হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন রেবেকা ওয়েলচ। ক্রাভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষে বার্নলির ২-০ গোলে জয় পাওয়া অ্যাওয়ে ম্যাচটি তিনি পরিচালনার দায়িত্ব পান। ৪০ বছর বয়সী ওয়েলচ ইংল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় শহর ওয়াশিংটনের বাসিন্দা। ২০১০ সালে ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করার পাশাপাশি রেফারিংয়েও নাম লেখান রেবেকা।

    ২০১৯ সাল থেকে পূর্ণকালীন রেফারি হয়ে যান তিনি। গত জানুয়ারিতে ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন। এবার ইতিহাস গড়লেন প্রিমিয়ার লিগ ম্যাচ পরিচালনা করে। এক মাস আগেই তার ট্রায়াল হয়ে যায়।

    তখন তিনি ম্যানইউ ও ফুলহ্যাম ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এবার ক্রাভেন কটেজে তিনি প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ ম্যাচ পরিচালনা করেন।

    ম্যাচশেষে তাকে অভিনন্দন জানিয়ে বার্নলি কোচ কোম্পানি বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাতে চাই, কারণ এটা বড় এক মুহূর্ত। ম্যাচ শেষে এটা বলতেই হয়, এটা মাইলফলকের একটি মুহূর্ত এবং সম্ভবত সামনে আরো হবে। মেধার বিচারে কোনো কিছু করা হলে সেরাটাই আসবে। আপাতত বলতে হবে, এটাই কিন্তু প্রথম নজির।

    কাজেই তাকে বাহবা দিতে হবে। এই মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি আনন্দিত।’

    ইএফএলের জাতীয় তালিকায় নাম ওঠার পর ২০২২ সালে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচ পরিচালনা করেন রেবেকা।

    তিনি ফিফার তালিকাভুক্ত রেফারিও। ২০২০ সালের ডিসেম্বরে তাকে এলিট তালিকায় অন্তর্ভুক্ত করে ফিফা। গত বছর ফিফা নারী বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেন তিনি।

  • অভিনেত্রীর ঘর থেকে চুরি, গ্রেফতার ১

    অভিনেত্রীর ঘর থেকে চুরি, গ্রেফতার ১

    বিনোদন ডেস্ক : ‘মে আই কাম ইন ম্যাডাম’ খ্যাত অভিনেত্রী নেহা পেন্ডসের বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তার বাড়ি থেকে চুরি গিয়েছে ৬ লাখ টাকার গয়না।

    মুম্বাইয়ের বান্দ্রায় একটি অ্যাপার্টমেন্টে নেহার ২৩ তলার ফ্ল্যাট থেকে চুরি গেছে ওই গয়না। ঘটনায় থানায় এফআইআর দায়ের করেন নেহার স্বামী শার্দুল সিংহ বায়াসের গাড়ির চালক রত্নেশ ঝা। চুরির ঘটনায় সন্দেহভাজন পরিচারকে ইতোমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গেল ২৮ ডিসেম্বর ঘটে এই চুরির ঘটনা।

    নেহার স্বামীর গাড়ির চালক রত্নেশ জানান, শার্দুল নাকি তাকে জানিয়েছিলেন, চার বছর আগে বিয়েতে উপহার হিসাবে একটি সোনার ব্রেসলেট ও একটি হিরের আংটি পেয়েছিলেন তিনি। সেই দু’টি গয়নাই নাকি খুঁজে পাচ্ছেন না তিনি।

    জানা যাচ্ছে, বাইরে বেরোনোর সময় সাধারণত শার্দুল ওই দু’টি গয়না পরতেন। এক দিন বাড়িতে ফিরে বাড়ির পরিচারক সুমিত কুমার সোলাঙ্কিকে নাকি তিনি সেগুলো রাখতে দিয়েছিলেন। শার্দুলের কথামতো পরিচারক সেগুলো ঘরের আলমারিতে রেখে দেন। তারপর থেকেই নাকি পাওয়া যাচ্ছে না সেগুলো।

    খবর, সুমিত নামের ওই পরিচারক নেহার বাড়ির একাধিক কাজ করেন। অন্যান্য পরিচারকদের সঙ্গে নেহা ও তার স্বামীর বাড়িতেই থাকতেন তিনি। এক দিন বাড়ি থেকে বেরোনোর সময় শার্দুল ওই ব্রেসলেট ও আংটি পরতে গেলে আলমারিতে খুঁজে পাননি তিনি। বাড়ির অন্যান্য পরিচারকদের কাছে খোঁজ নেওয়া হলেও সেগুলো খুঁজে পাওয়া যায়নি।

    এরপর সুমিতকে ফোন করে জানতে পারা যায় যে, তিনি কোলাবায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। এর পরই শার্দুলের গাড়ির চালক রত্নেশের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সুমিতকে গ্রেফতার করে পুলিশ। যদিও তার কাছ থেকেও গয়না উদ্ধার করা যায়নি।

    পরিচারক সুমিতের দাবি, গয়না তিনি নির্দিষ্ট জায়গাতেই রেখেছিলেন। তবে ওই দিন সুমিত বাড়িতে উপস্থিত না থাকায় তার উপরেই সবার সন্দেহ গিয়ে পড়ে। আপাতত পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

  • ইরানে সোলাইমানির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে হামলা, নিহত ৭০

    ইরানে সোলাইমানির মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে হামলা, নিহত ৭০

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিহত। আহত হয়েছে শতাধিক মানুষ।

    বুধবার (৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
    দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কেরমান শহরে কবরস্থানে সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বহু ইরানি জড়ো হয়েছিলেন। তখনই হঠাৎ করে বিকট শব্দে দুটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন।

    টিভি ফুটেজে দেখা গেছে, আহত ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। ইরানের কিছু সংবাদ সংস্থা জানিয়েছে, বিস্ফোরণে অন্তত শতাধিক আহত হয়েছেন।

    কেরমান প্রদেশের রেড ক্রিসেন্টের প্রধান রেজা ফাল্লা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, আমাদের উদ্ধারকারী দলগুলো আহতদের সরিয়ে নিচ্ছে. তবে ভিড়ের কারণে সেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে।

    স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি এখনও পরিষ্কার নয় যে বিস্ফোরণটি গ্যাস সিলিন্ডার নাকি সন্ত্রাসী হামলার কারণে হয়েছে।

    কাসেম সোলাইমানি ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল ছিলেন। ১৯৯৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি কুদস বাহিনীর বহির্দেশীয় সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তাকে অনেকে দেশটির ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ডানহাত ও ইরানের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে জানতেন।

    ১৯৯০ সালে ইরাক-ইরান যুদ্ধ চলাকালে ৪১তম বিভাগের অধিনায়ক ছিলেন কাসেম সোলাইমানি। এরপর বেশ কয়েকটি ঐচ্ছিক অভিযানও পরিচালনা করেন তিনি। এছাড়া সাদ্দামবিরোধী শিয়া ও ইরাকের কুর্দি গোষ্ঠীগুলোকে সামরিক সহায়তা প্রদান এবং পরবর্তীতে হিজবুল্লাহ ও হামাসকেও সহায়তা করেছেন। এছাড়া ২০১২ সালে সোলাইমানি সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিশেষত ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সিরিয়ার সরকারকে গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেন। সোলাইমানি ২০১৪-২০১৫ সালে ইসলামিক স্টেট অফ ইরাক এবং লেভান্টের (আইএসআইএল) বিরুদ্ধে অগ্রসর হওয়া সম্মিলিত ইরাকি সরকার এবং শিয়া মিলিশিয়া বাহিনীর কমান্ডেও সহায়তা করেছিলেন।

    সোলেইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টার্গেট করা বিমান হামলায় নিহত হন। তার সাথে ফোর্সের আরও কয়েকজন সামরিক সদস্যরা নিহত হয়।

  • বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় পেট্রল বোমাসহ আটক ৩

    বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় পেট্রল বোমাসহ আটক ৩

    রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়ার ঘটনায় মধ্যরাতে ঢাকার জুরাইন রেললাইন সংলগ্ন বস্তি থেকে ককটেল ও পেট্রল বোমাসহ তিনজনকে আটকের কথা জানিয়েছে র‌্যাব। এছাড়া ওই ট্রেনের দুই যাত্রীকে সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রেখেছে পুলিশ।

    র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন রাত দেড়টার দিকে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রেনে আগুন লাগার পর জুরাইন বস্তিতে কিছু সন্দেহজনক ব্যক্তির আনাগোনার তথ্য পায় আমাদের গোয়েন্দারা। এরপর র‌্যাব-৩ অভিযান চালিয়ে আলমগীর, রাব্বী ও কাশেম নামের তিনজনকে আটক করে। যেখান থেকে তাদের আটক করা হয়েছে যেখান থেকে ট্রেনে সহজে অগ্নিসংযোগ করা সম্ভব। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    তিনি বলেন, তারা এখানে বসে বিপুল পরিমাণে ককটেল ও পেট্রল বোমা বানাচ্ছিলেন তারা। সেখানে ৩০টি তৈরি ককটেল ও ২৮টি পেট্রল বোমা পাওয়া গেছে।

    র‌্যাব কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায় ও তারা মাদকাসক্তও বলে মনে হয়। তারা আয়নাল নামের এক ব্যক্তির নাম বলেছে। তবে তার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। তবে আইনাল তাদের দিয়ে ককটেল ও পেট্রল বোমা বানাচ্ছিলেন এবং এর আগেও তাদের কাছ থেকে বোমা বানিয়ে নিয়েছেন।

    এদিকে পুলিশ জানায়, যে দুই যাত্রীকে নজরদারিতে রাখা হয়েছে তারা কুষ্টিয়া থেকে উঠেছেন। তাদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। এই দুই যাত্রী কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন।

    পুড়ে যাওয়া বেনাপোল এক্সপ্রেসের ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ইকবাল হোসাইন গণমাধ্যমকে বলেন, ট্রেনের দুইজন যাত্রীকে নজরদারিতে রেখেছি। তারা কুষ্টিয়া থেকে উঠেছেন। ফরিদপুরের ভাঙ্গার পরে ট্রেনটি আর থামেনি। ঢাকা থেকে উঠে কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে মনে হয় না। কারণ এটির সর্বশেষ স্টপেজ ছিল ভাঙ্গা স্টেশন।