Blog

  • জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুর | সময়ের নুর নিউজ ডট কম

    জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে জলদস্যুর | সময়ের নুর নিউজ ডট কম

    অনলাইন ডেস্কঃ

    সোমালি জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ করছে।  ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিজস্ব নৌবাহিনী।

    অন্যদিকে জলদস্যুরা ফাঁকা গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। সেই সঙ্গে জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে তারা।

    শুক্রবার (২২ মার্চ) রাতে জিম্মি এক নাবিকের পরিবারের সদস্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, জাহাজে সুপেয় পানির সংকট দেখা দেওয়ায় নাবিকদের পানি ব্যবহার নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। জাহাজে সার্বক্ষণিক পাহারায় থাকা ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র জলদস্যু নাবিকদের ওপর নজরদারি বাড়িয়েছে।

    বর্তমানে কেবিনে থাকতে দেওয়া হচ্ছে না নাবিকদের। খাবারের কষ্টের পাশাপাশি সবাইকে একটি টয়লেট ব্যবহার করতে হচ্ছে।

    দ্য ডেইলি সোমালিয়া ও ভারতীয় বিমান বাহিনীর এক্স অ্যাকাউন্ট থেকে জলদস্যুদের বিমান বিধ্বংসী বন্দুকের ছবি প্রকাশ করা হয়েছে।

    একটি ছবিতে দেখা যায়, ইইউ নেভাল ফোর্সের দুজন সদস্য যুদ্ধজাহাজটি থেকে এমভি আবদুল্লাহ জাহাজের দিকে তাকিয়ে আছেন। ইইউ নেভাল ফোর্স যুদ্ধজাহাজ মোতায়েন করলেও কোনো অভিযানের বিষয়ে জানায়নি।

    ইইউ নেভাল ফোর্সের এক্সে একটি ভিডিও চিত্র এবং তিনটি স্থিরচিত্র প্রকাশ করা হয়।

    তাতে দেখা যায়, ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধজাহাজটি বাংলাদেশের জিম্মি জাহাজের কয়েক নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। যুদ্ধজাহাজ থেকে একটি হেলিকপ্টার জিম্মি বাংলাদেশি জাহাজের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়।

    গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে রওনা হয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান কবির গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ।

    পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি।

  • কমলনগরে যুবককে তুলে এনে চাঁদা দাবি, এএসআই বরখাস্ত | সময়ের নুর নিউজ ডট কম

    কমলনগরে যুবককে তুলে এনে চাঁদা দাবি, এএসআই বরখাস্ত | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগর থানার এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাধারণ পোশাকে এক যুবককে তুলে এনে চাঁদা দাবির ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

    ওই পুলিশ কর্মকর্তার নাম আমিনুল ইসলাম। তাকে প্রথমে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত ও পরে সাময়িক বরখাস্ত করা হয়।

    অভিযোগ রয়েছে, মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রাম থেকে আলমগীর হোসেন নামের এক যুবককে তুলে আনেন ডিবি পুলিশ পরিচয়ে ৪-৫ জন।

    পরে স্বজনদের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। আলমগীর একই এলাকার কালামিয়া সর্দারের ছেলে ও পেশায় কৃষক।

    আলমগীরের স্ত্রী শাহিদা বেগম সাংবাদিকদের জানান, তুলে নেওয়ার ২-৩ ঘণ্টা পর আলমগীরের মোবাইলফোন থেকে তাকে কল করা হয়। বলা হয়, আলমগীরকে ছেড়ে দিতে ৬০ হাজার টাকা লাগবে। ওই টাকা নিয়ে কমলনগরের ফজুমিয়ারহাট-লরেন্স সড়কের পাশে যাওয়ার জন্য বলা হয়।

    নিরুপায় হয়ে তিনি স্বামীকে বাঁচাতে টাকা নিয়ে স্থানীয় মেম্বারসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থল যান। তখন পরিচয় জানতে চাইলে তাদের সঙ্গে পুলিশের সোর্সদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

    একপর্যায়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আমিনুল ইসলাম নিজেকে পুলিশ দাবি করেন। তিনি কমলনগর থানার এএসআই বলে পরিচয় দেন।

    চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঘটনার দিন আমি ওই পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়েছিলাম। কিন্তু তিনি পরিচয় দেননি। টাকা নিয়ে দ্রুত তার কাছে যাওয়ার জন্য বলেন।

    পরে আমি আমাদের থানার ওসিকে বিষয়টি জানাই। আমিনুল কমলনগর থানার পুলিশ হয়ে রামগতিতে ঢুকে মুখ বেঁধে আলমগীরকে নিয়ে যান।’

    তিনি আরও বলেন, ‘আলমগীর একসময় গাঁজা সেবন করতেন। তার বিরুদ্ধে তখনকার দুটি মামলা রয়েছে। এখন তিনি ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। কৃষিকাজ করেন।’

    এএসআই আমিনুল ইসলাম বলেন, ‘সোর্সের মাধ্যমে গাঁজা বিক্রির তথ্য পেয়ে আলমগীরকে আটক করে নিয়ে আসি। পরে কমলনগরের ফজুমিয়ার হাট এলাকায় তার আত্মীয়-স্বজনরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আলমগীরকে ছিনিয়ে নিয়ে যায়। আমার হ্যান্ডক্যাপ, মানিব্যাগ নিয়ে গেছে তারা। আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছি।’

    ঘটনার সত্যতা স্বীকার করে কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, এএসআই আমিনুল থানায় কোনো ধরনের তথ্য না দিয়েই সাধারণ পোশাকে একজনকে আটক করেন। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে।

    এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী বলেন, এএসআই আমিনুলকে পুলিশ লাইনসে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য বেশি রাখায় ৪১ হাজার টাকা জরিমানা | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য বেশি রাখায় ৪১ হাজার টাকা জরিমানা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযানের খবর পেয়ে কয়েকজন ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।

    বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রম্যামাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জরিমানা করা হয়।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন অভিযান পরিচালনা করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে সদর উপজেলায় চারটি দোকান মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে এসকে বনিককে তিন হাজার, সত্যজিত দত্তকে তিন হাজার, ফয়েজ হোসেনকে দুই হাজার ও রাজ্জাক আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছয়টি প্রতিষ্ঠান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চত করে জানা যায়নি। মেয়াদোত্তীর্ণ পণ্য ও দব্যমূল্যের দাম বৃদ্ধি রাখার অপরাধে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে।

    এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযান দেখে অনেক ব্যবসায়ী দ্রুত দোকান বন্ধ করে পালিয়েছেন। তবে প্রতিদিন অভিযান চালানো প্রয়োজন। তাহলে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি রাখতে পারবে না।

     

  • নোয়াখালীতে হাজিরা দিতে এসে বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালীতে হাজিরা দিতে এসে বিএনপির ১৮ নেতাকর্মী কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিএনপির ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

    মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত-৪ এর বিচারক মো. এমদাদ এ আদেশ দেন।

    আদালত সূত্রে জানা যায়, গত সাত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব,

    সেনবাগ পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বাবুল, বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, ভিপি ওমর, সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ আদনানসহ ১৮ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে হাজিরা দিতে আসেন।

    তারা আগাম জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত-৪ এর বিচারক মো. এমদাদ তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

    নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মহামান্য হাইকোর্ট থেকে আসামিদের আগাম জামিন ছিল। আজ তারা হাজিরা দিতে আসে।

    কিন্তু বিচারক জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে গ্রেপ্তার সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

    এদিকে ১৮ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়াও কর্তৃত্ববাদী হয়ে উঠেছে। রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানান কায়দায় দমন-পীড়নের মাত্রা বৃদ্ধি করা করেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে এক জুলুমের সংস্কৃতি তৈরি করা হয়েছে। উপরে উল্লেখিত নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী মাত্রাতিরিক্ত জুলুমেরই ধারাবাহিকতা। বর্তমানে দেশে আইনের শাসন ও সুশাসন নেই বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণরত নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে এক সর্বগ্রাসী অরাজকতা বিদ্যমান রয়েছে। দুঃশাসন প্রলম্বিত করার জন্যই দখলদার আওয়ামী সরকার শহর থেকে গ্রাম সর্বত্রই ভয়াল পরিবেশ তৈরী করেছে।’

    মঙ্গলবার (১৯ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
    বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাবন্দী করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং উল্লিখিত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান তিনি।

  • মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবেন সুইডেনের রাজকন্যা | সময়ের নুর নিউজ ডট কম

    মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবেন সুইডেনের রাজকন্যা | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর হাতিয়ার মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে কাজ করবেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া।

    বুধবার (২০ মার্চ) সকালে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা মানুষের অনুভূতি শুনে ও তাদের জীবন-জীবিকা অবলোকন শেষে তিনি এ মন্তব্য করেন।

    এরপর ৯ টায় ৪৫ মিনিটে তি‌নি বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকা থেকে হেলিকপ্টারযোগে ভাসানচর যান।

    এর আগে সকাল ৮ টায় হেলিকপ্টারযোগে হাতিয়া অবতরণ ক‌রেন।

    এসময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ হেলিপ্যাডে ক্রাউন প্রিন্সেসকে স্বাগত জানান।

    এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুবই সন্তুষ্ট হয়েছেন।

    তিনি হাতিয়ার কথা মনে রাখবেন। জেলেদের জীবনযাত্রার কথা তিনি শুনেছেন৷ বিভিন্ন দুর্যোগের সময় কি হয় তার একটা ডেমো তিনি দেখেছেন।

    সবশেষে তিনি হাতিয়ার মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

    হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, ১৮ থেকে ২১ মার্চ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করছেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। তার এ সফরের অংশ হিসেবে হাতিয়ায় সফর করছেন। সফরের প্রথম অংশ শেষ হয়েছে। দ্বিতীয় অংশ ভাসানচরের রোহিঙ্গাদের সাহায্য সহযোগিতা ও তাদের জীবনযাত্রা দেখা। সেটি শেষ হলে তিনি হেলিকপ্টারে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

  • লক্ষ্মীপুরের সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা আহত | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে কামাল হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজৌ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সোমবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের রামনগর এলাকার নুড়ী বাড়ির সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

    আহত কামাল বশিকপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক ও পদ্দার বাজারের ফল ব্যবসায়ী। সে ওই ইউনিয়নের রামনগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

    ইউপি নির্বাচন নিয়ে পূর্ব বিরোধদের জের ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজের অনুসারীরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

    পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতারের পরে বশিকপুরের রামনগর এলাকার নুড়ী বাড়িতে একটি দাওয়াতে অংশ নেয় যুবলীগ নেতা কামাল। খাবার শেষে স্থানীয় পদ্দার বাজারে তার ভাড়া বাসার উদ্দেশ্যে ফেরার পথে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজের অনুসারী নোমানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তার উপর হামলা চালায়।

    এসময় সন্ত্রাসীরা লোহার রড দিয়ে তার মাথা ও মুখোমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুত্বর জখম করে।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পোদ্দার বাজার একটি প্রাইভেট হাসপাতাল ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

    সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসা সেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    এদিকে আহত কামালের স্ত্রী সাজু আক্তার, বড় বোন সেলিনা ও মামা নুর হোসেন নুরু অভিযোগ করে বলেন, গত ইউপি নির্বাচনে বর্তমান ইউপি চেয়ারম্যান মাহফুজের প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের পক্ষে কাজ করায় যুবলীগ নেতা কামালের উপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন তারা।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আনোয়ার হোসেন জানান, আহত কামালের ডান চোখ ও মাথায় গুরুত্বর জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতিতে তাকে উন্নত চিকিৎসা সেবার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

    এবিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতেপারে, তদন্ত করে এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • লক্ষ্মীপুরে জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    লক্ষ্মীপুরে জাতির জনকের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

    মো: ইসমত দ্দোহা :

    লক্ষ্মীপুর সদর উপজেলা চন্দ্রগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

    চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আয়োজনে ১৭ ই মার্চ রোববার সন্ধ্যায় শ্রমিক লীগের কার্যালয় কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।

    কেক কাটা অনুষ্ঠানে চন্দ্রগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম. ছাবির আহাম্মেদ।

    এইসময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সহ-সভাপতি গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিফন খলিফা ।

    আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওবায়েদুল হক হিরন, মহিন উদ্দিন, শাহ পরহান শাকিল, আওয়ামী লীগের নেতা আমির মোল্লা, মো. দুলাল, মোফাসর বিল্লাহ, আবুল কালাম,জাতীয় শ্রমিক লীগের নেতা দুলাল হোসেন, ছাত্রলীগ নেতা এম সজিব।

  • বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি | দৈনিক সময়ের নুর ডট কম

    বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ। দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। দিবসটি যথাযথ মর্যাদায় পালনে আওয়ামী লীগ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

    শুক্রবার (১৫ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

    কর্মসূচির মধ্যে রয়েছে—রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।

    সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

    এদিন টুঙ্গিপাড়ায় সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

    এছাড়া মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু সমাবেশে অংশ নেবেন তারা।এদিন মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচি পালন করা হবে।

    এর অংশ হিসেবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, সন্ধ্যা ৬টায় মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে খ্রিষ্টান সম্প্রদায়, সকাল ১০টায় সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার এবং সন্ধ্যা ৬টায় রাজধানীর মেরুল বাড্ডাস্থ আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে।

    পরদিন সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে সারাদেশে দিবসটি উদযাপনে দল ও সহযোগী সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে ৩১৩৪১ | সময়ের নুর নিউজ ডট কম

    গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে ৩১৩৪১ | সময়ের নুর নিউজ ডট কম

    ছবি সংগৃহীত

    আন্তর্জাতিক ডেস্ক :

    গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে কমপক্ষে ৩১ হাজার ৩৪১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৩ হাজার ১৩৪ জন। খবর আল জাজিরার।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারপরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

    হামাসকে নির্মূলের অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো হচ্ছে। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি নারী, পুরুষ এবং শিশুরা।

    এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ সহায়তা পাওয়ার জন্য জড়ো হওয়া লোকজনের ওপরও হামলা চালাচ্ছে। গাজার উত্তরাঞ্চলে এ ধরনের হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।

    এছাড়া আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। এই হামলাকে একটি নতুন পূর্বপরিকল্পিত হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

    পাঁচ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা।

    ধর্মীয় স্থাপনাও ইসরায়েলের হামলা থেকে বাদ পড়েনি । ফলে রমজান মাসেও নামাজের স্থান পাচ্ছেন না গাজাবাসী।

    ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় অবস্থিত এক হাজার ২০০ মসজিদের মধ্যে অন্তত এক হাজার মসজিদ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজসহ শতাধিক ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন।

    গাজার বাসিন্দারা জানিয়েছেন, রমজান মাসের তারাবিহ নামাজের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ মসজিদগুলো ধ্বংস করা হয়েছে। এমনকি ওযু করার জন্যও মিলছে না পানি।

    এদিকে মার্কিন সিনেটর চাক শুমার ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের বর্তমান চরমপন্থী সরকার এবং দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ‌‘শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা’ বলে অভিহিত করেছেন তিনি।

  • নোয়াখালীতে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে! বাধা দেওয়ায় লঙ্কাকাণ্ড | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালীতে মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে! বাধা দেওয়ায় লঙ্কাকাণ্ড | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সঙ্গে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন মাহবুব আল হোসেন রাফি নামে এক ছাত্রলীগ নেতা। তাকে বাধা দেওয়ার পরও কথা না শোনায় খাতা নিয়ে যান কর্তব্যরত শিক্ষক।

    এ নিয়ে ভারপ্রাপ্ত প্রক্টরসহ শিক্ষকদের ওপর চড়াও হন রাফিসহ তার সহযোগীরা। পরে ফটকে তালা দিয়ে আন্দোলনসহ অসদাচরণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে।

    বুধবার (১৩ মার্চ) দুপুরে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সেমিস্টার পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। মাহবুব আল হোসেন রাফি ওই বিভাগের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অন্তর্গত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ছাত্রলীগের উপশাখার সাধারণ সম্পাদক।

    শিক্ষকদের দাবি, পরীক্ষা চলাকালীন নিয়মনীতির তোয়াক্কা না করে ওই ছাত্র মোবাইল বের করে খাতায় লিখতে থাকেন। কক্ষের দায়িত্বে থাকা এক শিক্ষিকা তাকে নকল করতে বারণ করলেও শোনেননি রাফি।

    পরে তার খাতা নিয়ে আটকে রাখলে ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন করেন রাফি। এ সময় ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ তেড়ে গিয়ে শিক্ষাকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার জের ধরে ছাত্রলীগ নেতাকর্মীরা দুপুরে ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে মেইন গেইট, পকেট গেইট, প্রশাসনিক ভবনের গেইট ও একাডেমিক ভবনগুলোর গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করে রাখেন।

    এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা ভবনের ভেতরে আটকা পড়েন। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়।

    পরে এ বিষয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়ে আন্দোলন থেকে তাদেরকে নিভৃত করা হয়।

    বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সাহানা রহমান জাগো গণমাধ্যম কর্মীদের বলেন, মাহবুব আল হোসেন রাফি অনৈতিকভাবে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে আসেন, এতে শিক্ষকরা তার খাতা আটকে রাখেন।

    পরে ছাত্রলীগ নেতাকর্মীরা এসে কেন খাতা নেওয়া হলো তা জানতে চান। এ নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। বিষয়টি শৃঙ্খলাবোর্ডে তোলার জন্য ফাইল আকারে জমা দেওয়া হবে। বাকি তথ্য রেজিস্ট্রার ভালো বলতে পারবেন।

    ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান সুব্রত ভৌমিক জাগো  বলেন, বিশ্ববিদ্যালয়ে সমস্যার বিষয়টি জেনেছি। কোনো একজন ম্যাডামের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমি আজ ক্যাম্পাসে ছিলাম না। তাই এ বিষয়ে আমি আর কিছু জানি না।

    বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, পরীক্ষার কক্ষে রাফির সঙ্গে মোবাইল ছিল সত্য, তবে তা বন্ধ ছিল। এ নিয়ে ওই ছাত্রের খাতা কেড়ে নেওয়া শিক্ষকের ঠিক হয়নি। পরে এ নিয়ে ছাত্ররা আন্দোলন করতে চেয়েছিল। আমরা বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মীমাংসা করে দিয়েছি।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসীম উদ্দিন ও অভিযুক্ত ছাত্রলীগ নেতা মাহবুব আল হোসেন রাফিকে বারবার ফোন করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।

    তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জাগো বলেন, অভিযুক্ত ছাত্রসহ ছাত্রলীগ নেতাকর্মীদেরকে শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।