Blog

  • লক্ষ্মীপুর-নোয়াখালী সড়ক চার লেন করার প্রস্তাব | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুর-নোয়াখালী সড়ক চার লেন করার প্রস্তাব | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কটি চার লেন করার জন্য জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক পিংকু।

    নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের রায়পুর পর্যন্ত  এ সড়ক। এরমধ্যে প্রথম পর্যায়ে বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি চার লেন করার জন্য চাহিদাপত্র জমা দেওয়া হয়েছে।

    বুধবার (৩ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপির কাছে এ চাহিদাপত্র জমা দেন তিনি।

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভা জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু স্থায়ী কমিটির সদস্য হিসেবে সভায় অংশ নেন। বিকেলে পিংকু গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

    সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কুমিল্লা-১১ আসনের এমপি মজিবুল হক, কুমিল্লা-৩ আসনের এমপি জাহাঙ্গীর আলম হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, খুলনা-২ আসনের এমপি সেখ সালাহউদ্দিন, নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি আবদুল্লাহ আল কায়সার ও চট্টগ্রাম-১৬ আসনের এমপি মজিবুর রহমানসহ অনেকে।

    এমপি গোলাম ফারুক পিংকু বলেন, ‘আমি লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের গুরুত্ব তুলে ধরেছি। প্রথম পর্যায়ে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর বাস টার্মিনাল পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করার জন্য চাহিদাপত্র জমা দিয়েছি। আশা করি এ অঞ্চলের ভাগ্য উন্নয়নে মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নেবে।’

    মেঘনা নদী হয়ে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌরুট চট্টগ্রাম ও সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সহজ যোগাযোগমাধ্যম। সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুর ফেরিঘাট থেকে শহরের বাসটার্মিনাল পর্যন্ত বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় সড়ক প্রশস্তকরণ করা হয়। এ রুটের যাত্রীরা এর সুফল ভোগ করছেন।

    কিন্তু বাস টার্মিনাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত রাস্তাটি প্রশস্ত নয়। এছাড়া শরীয়তপুর থেকে হরিণা ফেরিঘাট হয়ে বেশিরভাগ যানবাহন এবং যাত্রীরা রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কটি ব্যবহার করেন। রাস্তাটি প্রশস্ত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

    রায়পুর-লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কটি ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে। এতে এ সড়কটি প্রশস্তকরণ খুবই জরুরি। সড়কটি প্রশস্ত করা হলে এ অঞ্চলের অর্থনৈতিক বিপ্লব ঘটার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমবে।

  • দাগনভূঞায় ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে লাগামহীন অনিয়ম | সময়ের নুর নিউজ ডট কম

    দাগনভূঞায় ১ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণে লাগামহীন অনিয়ম | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনী প্রতিনিধি :

    ফেনীর দাগনভূঞা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় একটি নতুন রাস্তা পাকাকরণ কাজে সিডিউল বহির্ভূত ভাবে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

    একই প্যাকেজে ১৬৫ মিটার সড়ক সংস্কারকাজেও অনিয়ম হয়েছে।

    এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, আইআরআইডিপি-৩ প্রকল্পে দাগনভূঞার সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের ছমিভূঞা হাট থেকে চৌধুরী হাট সড়কের ১৫৭৭ মিটার পাকাকরণ কাজের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৯৯০ টাকা।

    এর মধ্যে রয়েছে ১৬৫ মিটার সড়ক সংস্কার। কাজটির কার্যাদেশ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কালাম এন্টার প্রাইজ।

    ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কালাম এন্টার প্রাইজের কর্ণধার আবুল কালাম বলেন, আমার প্রতিষ্ঠান কাজ পেলেও মাঠ পর্যায়ে কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদার স্বপন।

    স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা নির্মাণে একেবারে নিম্নমানের ইট, ইটের খোয়া ও ভিটি বালু ব্যবহার করা হয়েছে।

    এছাড়া সড়কের পাশে প্রায় ২০০ মিটার গাইড ওয়াল নির্মাণেও একেবারে নিম্নমানের ইট ও অন্যান্য সামগ্রী দিয়ে ব্যবহার করা হয়। সম্প্রতি সরেজমিনে নির্মাণাধীন রাস্তাটি দেখতে গেলে কোনো প্রকৌশলী এসেছেন ভেবে অভিযোগ দিতে আসেন স্থানীয়রা।

    তারা অভিযোগ করে বলেন, পুরো রাস্তায় একেবারে নিন্মমানের ইটের খোয়া ও ইটের এজেন্ট ব্যবহার করা হয়েছে। এলাকাবাসী ঠিকাদারকে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। নিন্মমানের ইট দিয়ে কাজ ধরা আছে বলে ঠিকাদার স্থানীয়দের জানায়।

    ঠিকাদার স্বপন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,তিনি সিডিউল মোতাবেক কাজ করছেন।

    নিন্মমানের কাজের বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, সড়কে নিন্মমানের খোয়া দেওয়ার অভিযোগ পেয়ে সড়ক থেকে নিন্মমানের খোয়া গুলো অপসারণ করে নেওয়া হয়।

    তবে একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেন উপজেলা প্রকৌশলীর বক্তব্য সত্য নয়। সড়কে এখনো নিন্মমানের খোয়া ও ইট রয়েছে।

    এলাকাবাসী পাল্টা অভিযোগ করেন দাগনভূঞা উপজেলা প্রকৌশলী কার্যালয়ে কর্মকর্তাদের যোগসাজশে এ উপজেলায় এলজিইডির কাজে উন্নয়নের নামে হরিলুট চলছে।

    যার প্রমাণ মিলবে গত এক বছরে বাস্তবায়নকৃত কাজ গুলো খতিয়ে দেখলে।

  • লক্ষ্মীপুরে ঝলসে যাচ্ছে সয়াবিনের চারা, বিপাকে কৃষক | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ঝলসে যাচ্ছে সয়াবিনের চারা, বিপাকে কৃষক | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    লক্ষ্মীপুর জেলায় প্রচুর পরিমাণে সয়াবিন আবাদ হয়। সয়াল্যান্ড খ্যাত মেঘনা উপকূলীয় এ জেলায় এবারও ৪২ হাজার হেক্টর জমিতে সয়াবিনের আবাদ করা হয়েছে। বিস্তীর্ণ চরাঞ্চলের অধিকাংশ ফসলি জমি এখন সয়াবিনের দখলে।

    যে সয়াবিন চাষকরে কৃষক বেঁচে থাকার স্বপ্ন দেখে তাতে আজ ফুলও এসেছে। তবে বৃষ্টি না থাকায় মাটি শুকিয়ে জমিতে লবণাক্ততা তীব্র হওয়ায় চরম বিপাকেও রয়েছে কৃষক। লবণাক্ততায় ঝলসে যাচ্ছে সয়াবিনের চারা। চাষিদের অভিযোগ এর থেকে উত্তরণে কৃষি বিভাগের মাঠপর্যায়ে কোনো ধরনের ভূমিকা নেই।

    উপকূলীয় এসব কৃষি এলাকায় লবণাক্ততা বেড়ে
    যাওয়ায় প্রায় ৩০০ একর জমিতে গত ১০ বছর ধরে রবি মৌসুমে চাষাবাদ হচ্ছে না। এর মধ্যেও কিছু কিছু জমিতে চাষিরা সয়াবিনের আবাদ করেন। কিন্তু লবণের কারণে সয়াবিনের চারা ঝলসে যায়। এতে কৃষক লোকসানে পড়ায় আবাদে নিরুৎসাহিত হচ্ছে। তবে শুষ্ক মৌসুমে জমিতে পানির সরবরাহ নিশ্চিত করা গেলে লবণাক্ততা কমবে বলে দাবি সংশ্লিষ্টদের।

    সরেজমিনে দেখা গেছে,বিস্তীর্ণ এলাকাজুড়ে জমি খালি পড়ে আছে। ওইসব জমির মাটি কেটে নেওয়া হচ্ছে পাশের ইটভাটাগুলোতে। সামান্য কিছু জমিতে সয়াবিন চাষাবাদ করা হয়েছে। কিন্তু জমিতে চারা গজানোর হার ৩০ থেকে ৪০ শতাংশের মতো। আবার জমির কচি চারাগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে।

    কৃষি বিভাগ সূত্র জানায়, এবার লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগরে প্রায় ৪২ হাজার হেক্টর জমিতে সয়াবিনের আবাদ করা হয়েছে। সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদন হয় কমলনগর ও রামগতিতে। এ মৌসুমে উন্নত জাতের (বিইউ, বিনা ও বারি) সয়াবিন আবাদ করা হয়েছে বেশি। এতে এবার প্রায় ১ লাখ মেট্রিক টন সয়াবিন উৎপাদন হবে। বাজারে এ সয়াবিন কেজি প্রতি ৫০-৬০ টাকা করে বিক্রি হয়ে থাকে। তবে এ বছর দাম আরও বাড়তে পারে। এ ছাড়া বীজের জন্য রবি মৌসুমের শুরুতে উৎপাদিত সয়াবিন প্রতি কেজি ১৫০ টাকা করে বিক্রি করেছে চাষিরা।

    সরেজমিনে গিয়ে জানতে চাইলে কয়েকজন কৃষক
    বলেন,আমরা প্রতি কৃষক এক একর বা দু’একর জমিতে প্রতি বছর সয়াবিন চাষ করি। এবারও করেছি। তবে এবার আমার সয়াবিনের চারাগুলো ঝলসে গেছে। বৃষ্টি নেই, নোনা মাটির কারণে ২০ শতাংশ জমির সয়াবিনের চারা ঝলসে মাঠ খালি দেখাচ্ছে। কৃষি অফিস থেকে কেউই চাষাবাদের বিষয়ে পরামর্শ দিতে আসে না। এ ছাড়া একটি বীজও কখনো কৃষি অফিস থেকে দেওয়া হয়নি।

    লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাকির হোসেন বলেন, জমির তলদেশে লবণাক্ত পানি থাকলে তাপমাত্রা বেশি হলে পানি শুকিয়ে জমিতে লবণের মাত্রা বেড়ে যায়। লবণাক্ততার কারণে সয়াবিন গাছ ঝলসে যাচ্ছে। তবে রামগতি-কমলনগরের কিছু এলাকায় এটি ঘটতে পারে। সদরের কোনো এলাকায় হচ্ছে কি না তা আমার জানা নেই। মাঠপর্যায়ে গিয়ে ঘটনাটি খতিয়ে দেখতে হবে।

     

  • লক্ষ্মীপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কমিটি ঘোষণ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কমিটি ঘোষণ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন বোর্ডের (২০২৪-২০২৬) চেয়ারম্যান ওমর ফারুক, সদস্য জ্যোতির্ম্ময় মজুমদার ও মো. বোরহান উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    মঙ্গল বার (২ এপ্রিল) নির্বাচিত ১২ জন হলেন, সভাপতি  মেসার্স লোকনাথ জুয়েলার্সের সমীর চন্দ্র কর্মকার, সাধারণ সম্পাদক হলেন অনন্ত অলংকার জুয়েলার্স পরেশ কর্মকার।

    দুই বছর মেয়াদি এ মিটির সহসভাপতি হলেন মেসার্স লোকনাথ জুয়েলার্সের খোকন দেবনাথ, মেসার্স বিসি চন্দ্র জুয়েলার্সের রানা কুমার পাল, পাল শিল্পালয়ের সহদেব চন্দ্র কুরী, মহামায়া শিল্পালয়ের জুলাশ কুরী, কানন অলংকারের পরেশ কর্মকার।

    সহ-সাধারণ সম্পাদক পদে মেসার্স কানন জুয়েলার্সের গনেশ চন্দ্র কুরী, মাতৃ শিল্পালয়ের দীপক দেবনাথ, মেসার্স অনামিকা শিল্পালয়ের অঞ্জন কুমার কুরী, উমা স্বর্ণ শিল্পালয় এন্ড জুয়েলার্সের সুব্রত দত্ত, পূজা শিল্পালয়ের ভাষান চন্দ্র কর্মকার ও কোষাধ্যক্ষ পদে সত্য নারায়ণ শিল্পালয়ের সুভাষ কর্মকার।

    নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা জানায়, মঙ্গলবার (২ এপ্রিল) গত রোববারের অনুষ্ঠিত নির্বাচন অনুযায়ী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য প্রার্থীর সমান হওয়ায় বৈধ প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

    প্রসঙ্গত, গত রোববার (৩১ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ফুড গার্ডেন রেস্টুরেন্টে কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫০ জন সদস্য ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকরী কমিটির ১৯ জন সদস্য নির্বাচিত করেন।

    তাদের মধ্যে থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে প্রার্থী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

  • লক্ষ্মীপুরের মান্দারীতে বি কে বি ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের মান্দারীতে বি কে বি ক্লাবের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের মান্দারীতে বি কে বি ক্লাবের ৮ ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেড় শতাদিক দুস্থ ও অসহায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    এ উপলক্ষে আজ (সোমবার) ০১ লা এপ্রিল -২০২৪ সকাল ১১.০০ ঘটিকার সময় বি কে বি ক্লাবের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইসমাইল খাঁন সুজন এর সঞ্চালনায় ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান জনাব হাফিজ উল্যাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দারী বাজার বনিক সমিতির সাবেক কোষাধ্যক্ষ আবুল বাসার বসু কোম্পানি, মান্দারী বাজার অগ্রনী ব্যাংক শাখার ব্যবস্থাপক জনাব আবুল কালাম আজাদ, ভবানীগন্জ ফাজিল মাদরাসা প্রভাষক সাহাদাত সুজন, গোফরান স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ ইসমত দ্দোহা, জাকির পাটোয়ারী প্রমুখ।

    আলোচনা সভায় উপস্থিত সকলেই বি কে বি ক্লাব ও এর অংগ সংগঠন গুলোর কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।

    বিশেষ করে করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে অক্সিজেন ও খাদ্য সরবরাহ, বি কে বি ব্লাড ব্যাংক এর মাধ্যমে মুমূর্ষু রোগীদের রক্ত সরবরাহ ছিলো বিশাল এক মানবিক ও সামাজিক কাজ।

    তাছাড়া নিয়মিত ভাবেই শীত বস্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, গাছ লাগানো কর্মসূচি চলমান থাকে। এর পাশাপাশি আছে বি কে বি পাঠাগারের বই পড়া ও সংস্কৃতিক কার্যক্রম, বি কে বি যুব ফাউন্ডেশনের উদ্যোগে বেকার যুবক -যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও ঋণ সহায়তা কর্মসূচি ও চলমান আছে।

    পারিবারিক আর্থিক সহায়তার পাশাপাশি নিজের ব্যবসায়ীক অর্থ দিয়ে এই সামাজিক কার্যক্রমগুলো পরিচালনা করেন ইসমাইল খাঁন সুজন।

  • লক্ষ্মীপুরে নিয়মিত নামাজ পড়ে সাইকেল পেল ৭ শিশু-কিশোর | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে নিয়মিত নামাজ পড়ে সাইকেল পেল ৭ শিশু-কিশোর | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের সদর উপজেলার উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে নিয়মিত নামাজ পড়াই সাত শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

    শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ইউনিয়নের বাঙ্গাখাঁ গ্রামের আজিজিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে সাইকেলগুলো উপহার দেওয়া হয়। সন্ধ্যায় মসজিদ কমিটির সদস্য নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুরস্কৃতরা হল আরিয়ান ইসলাম (৯), আবদুর রহমান (১০), সাখাওয়াত হোসেন সৈকত (১১), বায়েজিদ (১৩), জাহদুল ইসলাম (১৪), মিরাজ হোসেন (১৫) ও নাহিদ হাসান (১৬)।

    পুরস্কার পেয়ে শিশু-কিশোররা জানায়, নামাজের চেয়ে তারা খেলাধুলায় বেশি ব্যস্ত থাকতাম। এখন তারা নিয়মিত নামাজ পড়ছে। খেলাধুলাও তাদের চলমান রয়েছে। পড়ালেখাতেও কোন সমস্যা হচ্ছে না। একই সঙ্গে নিয়মিত নামাজ পড়ায় মসজিদ কমিটি থেকে তাদেরকে সাইকেল উপহার দিয়েছে। এখন তারা সাইকেলে চড়ে বিভিন্ন স্থানে ঘুরতে যেতে পারবে। বিদ্যালয়ে যেতেও সুবিধা হবে।

    মসজিদ কমিটির সদস্য নুর মোহাম্মদ জানান, অপরাধ থেকে দূরে রাখতে শিশু-কিশোরদেরকে উদ্বুদ্ধ করা হয়। তাদেরকে নিয়মিত নামাজ পড়ার আহবান জানানো হয়। নিয়মিত নামাজ পড়লে সাইকেল পুরস্কার দেওয়া হবে বলে তাদেরকে জানানো হয়। সেই আহবানে তারা সাড়া দিয়েছে। তারা মসজিদে এসে নিয়মিত নামাজ পড়ছে। পূর্ব নির্ধারিত ওয়াদা থেকেই তাদেরকে উপহার হিসেবে সাইকেল তুলে দেওয়া হয়েছে।

    মসজিদের মুসল্লি ও যাদৈয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আ ক ম ইব্রাহিব বলেন, আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখতে নামাজ হচ্ছে সর্বোচ্চ পন্থা। আমাদের বর্তমান প্রজন্মকে মসজিদ মুখী করতে হবে। সবাই নামাজী হলে অপরাধ প্রবণতা কমে যাবে। এর মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি রাষ্ট্রীয় আইন-কানুন নিয়ে তারা মৌলিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে।

    স্থানীয় বাসিন্দা প্রফেসর ডা. ম. ইসহাক ভূঁইয়া বলেন, পেশাগত কাজে এলাকায় সময় দিতে পারি না। তবে শিশু-কিশোরদেরকে নামাজ পড়ায় পুরস্কৃত করার বিষয়টি প্রশংসনীয়। এসব আয়োজন শিশুদেরকে নামাজ পড়তে উদ্বুদ্ধ করবে।

  • চাটখিলে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    চাটখিলে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    চাটখিল প্রতিনিধি : 

    পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাদক ব্যবসায়ীদের তৎপরতা রোধে,বিশেষ অভিযানে নেমেছে নোয়াখালীর চাটখিল থানার পুলিশ। অভিযান পরিচালনা কালে চাটখিল পৌরসভার সুন্দর পুরে শওকত নামের এক মাদক ব্যবসায়ীকে ৮৯ পিস ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করা হয়।

    চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক  জানান, ১ এপ্রিল সোমবার রাত ৮ টার দিকে এসআই সোহরাব হোসেন ও এএসআই আহাম্মদ হোসেন নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

    এ সময় পুলিশ সদস্যরা চাটখিল পৌরসভার চুয়ানী মার্কেট সড়কের আজম উদ্দিন পাটোয়ারীর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ শওকত (৪০) কে ৮৯ পিস ইয়াবা টেবলেটসহ আটক করেন।

    আটককৃত শওকত চাটখিল থানার সুন্দরপুর এলাকার  আজম উদ্দিন পাটোয়ারী বাড়ী মৃত তাজুল ইসলামের ছেলে ।

    চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক আরো জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৩ তাং ১/৪/২০২৪ ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।

  • লক্ষ্মীপুরে জুয়েলারি এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে জুয়েলারি এ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :
    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ম বারের মত বাংলাদেশ জুয়েলারি এ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (৩১ মার্চ) সকাল ১০ টায় শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে ভোট গ্রহণ শুরু হয়। এক টানা বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে।

    জানা গেছে, বাজুসের ১৫০ জন সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১৯ জনের কার্য নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করবেন। এসব পদে প্রতিদ্ধন্ধিতা করছেন ৩৯ জন প্রার্থী।

    বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান, কার্য নির্বাহি সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও জেলা সাধারণ সম্পাদক প্রনব সাহা নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

    উপস্থিত কেন্দ্রীয় নেতারা জানান, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে।

    তারই ধারাবাহিকতাই আজকে ভোটগ্রহণকে ঘিরে স্বর্ণ ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয়েছে।

    আজকে বাজুসের সভাপতির কারণেই মেম্বাররা তাদের নেতা নির্বাচিত করছেন। নির্বাচনের মাধ্যমে যোগ্যলোক নির্বাচিত হবেন এটিই আমাদের সভাপতি চাওয়া বলে জানান তারা।

  • চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর সদর উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

    গ্রেফতারকৃত মো. মামুন উপজেলার কালাদরাপ ইউপির ২ নম্বর ওয়ার্ডের মান্দারতলী গ্রামের সান্টা মিয়ার বাড়ির মহসিন মাঝির ছেলে।

    শনিবার(৩০ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো.আব্দুর রাজ্জাক।

    এর আগে, শুক্রবার বিকেলে ঢাকার গাজীপুরের টঙ্গী পূর্ব আশা ইউনিক প্লাজার হোসেন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,গত ২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশু নিজেদের ফসলি জমিতে ছাগল তাড়াতে গেলে প্রতিবেশী মামুন তাকে চকলেটের প্রলোভন দেখায়।

    একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় অজ্ঞাত এক নারীর কথার আওয়াজ শুনতে পেয়ে মামুন চলে যায়।

    যাওয়ার আগে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে পাঁচ টাকা দেয়। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে অবহিত করে।

    পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুধারাম মডেল থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

    র‍্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • লক্ষ্মীপুরে আলোচিত ৩৫২ মোবাইল চুরির ঘটনায় ৬ সন্দেহভাজন কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে আলোচিত ৩৫২ মোবাইল চুরির ঘটনায় ৬ সন্দেহভাজন কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের আলোচিত ৩৫২ মোবাইলফোন চুরির ঘটনায় নৈশ প্রহরীসহ ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে তাদেরকে জেলা আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

    এর আগে শুক্রবার (২৯ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জের বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতাররা হলেন, দেওপাড়া গ্রামের সৌরভ হোসেন স্বাধীন একই গ্রামের শাহাদাত হোসেন বাবু প্রকাশ হরিংগা, রামকৃষ্ণপুর গ্রামের আকাশ প্রকাশ খান মাহমুদ আকাশ, বড় ভল্লবপুর গ্রামের মোতালেব হোসেন সবুজ, রতনেরখিল গ্রামের বাহার ও বেগমগঞ্জের ধীতপুর গ্রামের দুলাল।

    মামলা সূত্র জানায়, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে  চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের মোল্লা টেলিকমের শার্টারের তালা ভেঙে প্রায় ৫৫ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের ৩৫২টি মোবাইল ফোন চুরি করে এক দল চোর। শুক্রবার রাতে ভূক্তভোগী ব্যবসায়ী রায়হান উদ্দিন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন।

    ভূক্তভোগী রায়হান উদ্দিন বলেন, দোকানে থাকা রেডমি, রিয়েলমি, বিভো, অপ্পো, শাওমি, অনর, ইনফিনিক্স ও সিম্পোনিসহ বিভিন্ন ব্র্যান্ডের ৩৫২ টি মোবাইল ফোন চুরি হয়। এছাড়া নগদ দুই লাখ টাকাও ছিল। ওই টাকাসহ প্রায় ৫৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সাংবাদিকদের জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এখনো প্রকৃত চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান অব্যাহত আছে।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ছয় চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।