Blog

  • লক্ষ্মীপুরের দুই উপজেলাতে চেয়ারম্যান প্রার্থী ১১ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের দুই উপজেলাতে চেয়ারম্যান প্রার্থী ১১ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে ১১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে   ।

    সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ দুই উপজেলায় ১৪ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

    রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী। তারা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুর রহমান দিদার, চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ ও ভিপি নুরনবী।

    এছাড়া এ উপজেলায় ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

    এদিকে রামগতি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, জামশেদা জাং চৌধুরী, রোকেয়া বেগম ও মাহবুবুর রহমান টিপু।

    এ উপজেলায় ১০ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    প্রসঙ্গত, আগামী ৮ মে দেশের ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় রয়েছে। ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮ থেকে ২০ এপ্রিল আপিল, ২১ এপ্রিল আপিল নিষ্পত্তি, ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

  • লক্ষ্মীপুরে শতদল যুব ক্লাবের উদ্যোগে বর্ষবরণ ও পান্তা-ইলিশের আয়োজন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে শতদল যুব ক্লাবের উদ্যোগে বর্ষবরণ ও পান্তা-ইলিশের আয়োজন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    এসো হে বৈশাখ এসো এসো, স্বাগত -১৪৩১ বঙ্গাব্দ।

    আজ পহেলা বৈশাখ-১৪৩১, সারা দেশে একযোগে উদযাপন করা হচ্ছে নতুন বছরের আগমন বার্তা। তার ‘ই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শতদল যুব ক্লাবের উদ্যোগেও স্হানীয় পর্যায়ে বরণ করা হচ্ছে নতুন বাংলা বর্ষকে।
    পহেলা বৈশাখ সকাল বেলা ক্লাব প্রাঙ্গনে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠানের। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ সাহাব উদ্দিন বাবুল এর আমন্ত্রণে ও আয়োজনে ক্লাবের সদস্য ও স্হানীয় পর্যায়ের জনসাধারণের উপস্থিতিতে গল্প, আড্ডা, পান্তা-ইলিশ ও চা – চক্রের মাধ্যমে চলে বর্ষবরণ অনুষ্ঠান। তবে এবারের বৈশাখে ভিন্ন মাএা ছিলো পবিত্র ঈদুল ফিতরের কারণে, অন্য সময় আয়োজন করলেও ক্লাবের অনেক সিনিয়র সদস্যগণ উপস্থিত থাকতে পারতেন না কর্মব্যস্ততার কারণে। কিন্তু এবার ঈদ ও বৈশাখ মিলিয়ে দীর্ঘ ছুটির কারণে দেশ বিদেশের অনেকেই গ্রামে অবস্থান করার কারণে সবার উপস্থিতি ছিলো। দীর্ঘদিন পর অনেকের সাথে দেখা হওয়ায় ঈদ শুভেচ্ছা ও বৈশাখী শুভেচ্ছা বিনিময় করার মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাএা দিয়েছে।
    মুক্ত আলোচনা ‘র মাধ্যমেই চলে পান্তা-ইলিশ ও চা -চক্র। প্রতিষ্ঠাকালীন সদস্যসহ বিভিন্ন সময়ে ক্লাবের অন্তর্ভুক্ত সদস্যগণ ও উন্নয়ন সহযোগী সদস্যরাও উপস্থিত ছিলেন এসময়।

    উল্লেখ্য ১৯৮৭ সালে পূর্ব হাজিরপাড়া( আন্ডার ঘর) এলাকায় এই ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্হানীয় পর্যায়ে শিক্ষা – সংস্কৃতি ও অসহায় মানুষের পাশে ছিলো, এখনো আছে। তবে করোনাকালীন পরিস্থিতিতে সারা বিশ্বের ন্যায় ক্লাবের কার্যক্রম কিছুটা স্হিমিত থাকলেও সামাজিক সাহায্য -সহযোগিতা অব্যাহত ছিলো। সামাজিক সম্প্রতি বজায় রাখা , খেলাধূলা -সংস্কৃতিক কার্যক্রম আয়োজন ও অসহায় মেধাবী ছাত্রদের আর্থিক সহযোগিতা দেওয়া ক্লাবের অন্যতম সামাজিক কাজ যা শুরু থেকে এখনো অব্যাহত আছে। আজকে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত সিনিয়র সদস্যরা আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমাদের এই ক্লাবের মাধ্যমে পূর্বের ন্যায় সকল সামাজিক উন্নয়ন মূলক ও সংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে

  • লক্ষ্মীপুরে মধ্য রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামীর অবস্থা সংকটাপন্ন | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে মধ্য রাতে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা, স্বামীর অবস্থা সংকটাপন্ন | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জোৎসনা আক্তার (৩০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এসময় কুপিয়ে আহত করা হয় স্বামী আলা উদ্দিনকে (৩৬)। তাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    রোববার (১৪ এপ্রিল) দিবাগত-রাত দুইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ও আহত স্বামী-স্ত্রী দুজনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রযেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

    আহত আলাউদ্দিন একই বাড়ির মৃত শাহে আলমের ছেলে। তিনি পেশায় একজন সাউন্ড সিস্টেম ব্যবসায়ী।

    অভিযুক্তরা হলেন, একই এলাকার পার্শ্ববর্তী বকুলের বাপের বাড়ির আবদুর রব এর ছেলে সিরাজ, মাহফুজ ও নিজাম। তারা সম্পর্কে আলাউদ্দিনের খালাতো ভাই।

    আহত আলাউদ্দিনের মামা নুরুল হক ও স্বজনরা জানান, রমজান মাসে আলা উদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিং এর মাধ্যমে মাটি উত্তোলন করে নেয় অভিযুক্ত সিরাজ।

    এরপর গেল সপ্তাহে ওই পুকুরে আবারও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্প বসায় সিরাজ। এতে বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সাথে সিরাজের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয় সিরাজ।

    এরই মধ্যে ঈদ উপলক্ষে ঢাকা থেকে আসেন সিরাজের ভাই পারভেজ ও নিজাম।

    ওই বিরোধের জের ধরে রাত দুইটার দিকে আলাউদ্দিনের বসতঘর হামলা চালায় সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঙ্গবদ্ধ দল। এসময় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী জোৎসনা বেগম কে গুরুত্বর আহত করে তারা।

    পরে স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জোৎসনা বেগমকে মৃত ঘোষণা করেন। এসময় আলা উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার অফিসার ড: একে আজাদ জানান, হাসপাতালে আনার আগেই জোৎসা বেগমের মৃত্যু হয়।

    তবে স্বামী আলা উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে জখমও আঘাতের চিহ্ন রযেছে

    লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     

  • লক্ষ্মীপুরে এক স্কুল শিক্ষককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন । সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে এক স্কুল শিক্ষককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন । সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে অজ্ঞান পার্টির সদস্য অপবাদ দিয়ে আক্তার হোসেন বাবু নামে এক স্কুল শিক্ষককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন চালিয়েছে বখাটেরা। এ ঘটনায়

    রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ওই এলাকার পেচা সুমনসহ ৫ জনের নাম উল্লেখ করে আরও ৮ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ভাই মাসুদুর রহমান।

    আক্তার হোসেন বাবু ঢাকার ক্যামব্রিজ স্কলার্স স্কুলের শিক্ষক। নির্যাতনের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে। ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শিক্ষক আক্তার হোসেন বাবুকে খুঁটির সাথে হাত-পা বেঁধে পেটাচ্ছেন একজন যুবক। আর ওই শিক্ষক হাউমাউ করে কান্নাকাটি করছেন। পাশে বেশ কয়েকজন যুবক বিষয়টি দাঁড়িয়ে দেখছে।

    নির্যাতনের শিকার ওই শিক্ষকের পরিবার জানায়, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তিনি। শুক্রবার রাতে শহরের আইয়ুব আলী পোলের গোড়া এলাকায় ছোটভাই মাসুদুর রহমানের বাসায় বেড়াতে যান তিনি। ডায়বেটিস থাকায় রাতে হাটতে বের হয়েছিলেন। এসময় পেঁচা সুমন, সাইমন হোসেন,অটোরিকশা চালক আলাউদ্দিন আলো, মমিন উল্যাহ ও সুমনসহ ১০-১২ জনের একদল বখাটে তাকে অজ্ঞান পার্টির লোক অপবাদ দিয়ে বিদ্যুতের খুঁটির সাথে হাত-পা বেঁধে ফেলে।

    একপর্যায়ে তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে হাত-পা বেধে নির্যাতন চালায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. একে আজাদ বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থায় সর্ম্পকে বলা যাবে।

    সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।

  • লক্ষ্মীপুরে চরে আটকা পড়ল ৮০ পর্যটক, উদ্ধার করল নৌ-পুলিশ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে চরে আটকা পড়ল ৮০ পর্যটক, উদ্ধার করল নৌ-পুলিশ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ঈদে ঘুরতে এসে আটকে পড়া ৮০ জন পর্যটককে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে জেগে উঠা আব্দুল্লাহ চরে থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

    শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ মাধ্যমে ফোন পেয়ে ৩ টি ট্রলার নিয়ে আটকে পড়া এসব পর্যটকদের উদ্ধার অভিযান চালায় নৌ-পুলিশ।

    রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘শনিবার বিকেলে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা মেঘনা নদীর ওপাড়ে আব্দুল্লাহ চরে ঘুরতে যান। রামগতি উপজেলার মূল ভূখণ্ড থেকে এ দ্বীপের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটারের বেশি। নদীর স্রোতের কারণে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে অনেকেই আটকা পড়েন।

    সে সময় তাঁদের মধ্য থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করেন। ৯৯৯ থেকে আমাদের বিষয়টি জানানো হয়। আমরা জরুরি ভিত্তিতে স্পিডবোট, ট্রলার এবং বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আটকে পড়া ৮০ জনকে উদ্ধার করি। পরে রাত সাড়ে ৮ টার দিকে নিরাপদে বাড়িতে পৌঁছার ব্যবস্থা করা হয়।

    নৌ-পুলিশের এ অফিসার আরও জানান, গেলো বছর চরে আটকে পড়ে নারী পর্যটক ধর্ষণের শিকার হয়েছে। তাই ভ্রমণে নিজেদের সতর্ক হতে আহবান জানান তিনি।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য নিয়ে হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৪ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য নিয়ে হামলায় ছাত্রলীগ নেতাসহ আহত ৪ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :
    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ছাত্রলীগ কর্মী এম সজীবসহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া এলাকার যদির পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

    অভিযোগ উঠেছে আড্ডারত ছাত্রলীগ কর্মীদের ওপর প্রতিপক্ষের লোকজন গুলিও করেছে।

    চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ হামলার বিষয়টি নিশ্চিত করেন রাত সাড়ে ৩টার দিকে।

    আহত সজিব চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আহত অন্যরা হলেন- ছাত্রলীগ কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় ও রাফি। আহতরা ছাত্রলীগ নেতা মাসুদের অনুসারী হিসেবে পরিচিত।

    আহতরা জানান, ঘটনার সময় তারাসহ কয়েকজন যদির পুকুরপাড় এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালানো হয়। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সজিব, সাইফুল ও রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আহত জয়কে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ছাত্রলীগ নেতা মাসুদসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদের সঙ্গে আওয়ামী লীগের এক পক্ষের গ্রুপিং দেখা দিয়েছে। কাজী বাবলু স্বেচ্ছাসেবক লীগের পদ বহন করলেও তিনি স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে চান, এনিয়েই কাজী বাবলুর সঙ্গে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবির আহম্মেদের গ্রুপিং প্রকাশ্যে রূপ নিয়েছে।

    ছাত্রলীগ নেতা মাসুদ আওয়ামী লীগ নেতা ছাবিরের পক্ষ নেই। এতে মাসুদ পূর্বে বাবলুর অনুসারী হিসেবে পরিচিত হলেও বর্তমানে প্রতিপক্ষ। গত ২ রমজান থেকে মাসুদের সঙ্গে তার গ্রুপিং সৃষ্টি হয়।

    চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ মোবাইলফোনে বলেন, দ্বিতীয় রমজান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী বাবলুর সঙ্গে আমার বিরোধ দেখা দেয়। এর জের ধরেই আমার লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সজিবের অবস্থা ভালো নয়। তাকে সদর হাসপাতাল থেকে রেফার করে দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আমি ঢাকায় যাচ্ছি। সম্ভবত তার মাথায় গুলি লেগেছে। আহত অন্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    বক্তব্য জানতে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর মোবাইলফোনে কল দিয়েও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

    চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, হামলা-মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। তারা হাসপাতালে রয়েছে।

    সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্জয় দাস বলেন, আহতদের মধ্যে সজিব নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকেসহ ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয় নামে একজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • লক্ষ্মীপুরে ঈদ উপহার কান্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ঈদ উপহার কান্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে বাবার বাড়ি থেকে দেওয়া ঈদ উপহারের সেমাই-চিনি ও জামা-কাপড় ফেরত পাঠানোর পর গৃহবধূ তাসনুর আক্তার মুন্নির (১৯) রহস্যজনক মৃত্যু হয়েছে।বুধবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামের শ্বশুরবাড়ি থেকে মুন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

    মুন্নি নোয়াখালী সদর উপজেলার সুধারাম থানার পশ্চিম মাইজচরা গ্রামের আবুল কালামের মেয়ে।

    প্রায় দেড় বছর আগে লক্ষ্মীপুর সদর উপজেলার নলডগী গ্রামের নাজমুল হকের ছেলে গাছ ব্যবসায়ী রিয়াজ উদ্দিনের সঙ্গে মুন্নির বিয়ে হয় বলে পরিবার সূত্র জানায়।

    তাদের সংসারে রিয়া মনি নামে ১ মাস ৫ দিন বয়সী একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ঈদসহ বিভিন্ন সময় মুন্নিকে তার বাবার বাড়ি থেকে উপহারের জন্য চাপ দিতেন শ্বশুরবাড়ির লোকজন। এতে সাধ্যমতো মুন্নির বাবার বাড়ি থেকে উপহার আসতো।

    এবারও ঈদ উপলক্ষে সেমাই-চিনিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বামী-শ্বশুরের জন্য নতুন জামা-কাপড় যথাসময়ে পাঠানো হয়।

    কিন্তু সেমাই-চিনি ও জামা কাপড় কম হওয়ার অভিযোগে বুধবার তা ফেরত পাঠান শ্বশুরবাড়ির লোকজন। পরে বৃহস্পতিবার ভোরে পরিবারের কাছে খবর যায় মুন্নি আত্মহত্যা করেছে।

    নিহত মুন্নির ফুফাতো ভাই লুৎফুর রহমান বলেন, বিভিন্ন সময় উপহারের জন্য মুন্নিকে তার শ্বশুরবাড়ির লোকজন চাপ দিতো। বিয়ের পর থেকেই একই অবস্থা। এবার ঈদ উপলক্ষে নতুন জামাকাপড়, সেমাই-চিনিসহ অন্যান্য খাদ্যসামগ্রী পাঠানো হয়। কিন্তু পরিমাণে কম বলে তার শ্বশুরবাড়ির লোকজন তা ফেরত পাঠায়। ধারণা করা হচ্ছে এনিয়ে মুন্নিকে নির্যাতন করা হয়। পরে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ মুন্নির স্বামী-শ্বশুরসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • লক্ষ্মীপুরের বুধবারে ১১ গ্রামে ঈদ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের বুধবারে ১১ গ্রামে ঈদ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    মোঃ আব্দুল নুর (লক্ষ্মীপুর প্রতিনিধি) : সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিন ঈদুল ফিতর উদযাপন করবেন লক্ষ্মীপুরের ১১ গ্রামের সহস্রাধিক মানুষ। বুধবার (১০ এপ্রিল) রামগঞ্জ পৌরসভার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদরাসাসহ রামগঞ্জের চারটি ও রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

    খোঁজ নিয়ে জানা গেছে, জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, শরশৈই, কাঞ্চনপুর বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

    এবার আরো যেসব জায়গায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে সেগুলো হলো-রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব তালিমুল কুরআন মাদরাসা ঈদগাহ, পূর্ব বিঘা কেন্দ্রীয় জামে মসজিদ,পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদে ও রায়পুরের কলাকোপা গ্রামে খোলা মাঠে।

    দক্ষিণ পূর্ব তালিমুল কুরআন মাদরাসা ঈদগাহের খতিব মাওলানা আমিনুল ইসলাম খান বলেন, আমরা হানাফি মাজহাবের অনুসারী। প্রত্যেকটি মাজহাবে একসঙ্গে সারা বিশ্বে ঈদের জামাত আদায় করার ফতোয়া রয়েছে।

    তিনি আরো বলেন,আগে যোগাযোগের উন্নত মাধ্যম ছিল না। এজন্য মানুষ সৌদি আরবের একদিন পর ঈদ করতো। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত। এতে আমরা পিছিয়ে থাকার সুযোগ নেই।

  • উপজেলায় প্রার্থী হতে পদ ছাড়লেন লক্ষ্মীপুরের আলোচিত সেই ইউপি চেয়ারম্যান | সময়ের নুর নিউজ ডট কম

    উপজেলায় প্রার্থী হতে পদ ছাড়লেন লক্ষ্মীপুরের আলোচিত সেই ইউপি চেয়ারম্যান | সময়ের নুর নিউজ ডট কম

    কমলনগর প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন।

    সোমবার (৮ মে) দুপুরে তিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের কাছে পদত্যাগ পত্র জমা দেন।

    পরিষদের মেয়াদ শেষ হওয়ার আড়াই বছর আগেই খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করেছেন।

    ইউএনও সুচিত্র রঞ্জন দাস ও খালেদ সাইফুল্লাহর ছেলে ইউপি সদস্য নুরুল্লাহ খালেদ বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

    ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, খালেদ সাইফুল্লাহ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন। আমরা তা গ্রহণ করেছি। চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

    বিষয়টি জানতে মাওলানা খালেদ সাইফুল্লাহকে কল দিলে তার ছেলে ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নুরুল্লাহ খালেদ রিসিভ করেন। খালেদ সাইফুল্লাহ ব্যস্ত থাকায় কথা বলতে পারেননি।

    তার ছেলে নুরুল্লাহ খালেদ বলেন, আমার বাবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এজন্য তিনি পদত্যাগ করেছেন।

    জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর নির্বাচনে মাওলানা খালেদ সাইফুল্লাহ টানা দ্বিতীয়বারের মতো চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

    এর আগে ২০১৬ সালের ৪ জুন প্রথমবারের মতো তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

    তিনি হাফেজ্জী হুজুর (রহ) এর মেয়ের জামাই। এছাড়া মানুষের কাছে ‘মিরপুরী হুজুর’ হিসেবেও পরিচিত।

    দুই মেয়াদে টানা প্রায় সাড়ে সাত বছর চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন খালেদ সাইফুল্লাহ বিভিন্ন কর্মকাণ্ডে দেশব্যাপী আলোচিত হন।

    ২০২১ সালের ইউপি নির্বাচনে ব্যালটে হাত দিলেই জুতা পেটার ঘোষণা দিয়ে, ২০২২ সালের ১৪ মার্চ উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজালে ৭৫ হাজার টাকা জরিমা ও ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি রাতে এক মাহফিলে তিনি গরু চোর ধরতে পারলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচিত হন।

  • সিনেমা হল বিহীন লক্ষ্মীপুর জেলা, নেই বিনোদনের কোন মাধ্যম | সময়ের নুর নিউজ ডট কম

    সিনেমা হল বিহীন লক্ষ্মীপুর জেলা, নেই বিনোদনের কোন মাধ্যম | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    ” চল যাই চল যাই বাংলা সিনেমা দেখি সিনেমার নাম নাকি পরাণ পাখি “।
    না, এখন আর দেশের কোথাও দল বেধেঁ দর্শকরা বাংলা সিনেমা দেখতে যায়না। হারিয়ে গেছে বাংলা সিনেমার সেই অতীত ঐতিহ্য। ষাটের দশক হতে শুরু হয়ে, সওর, আশি, নব্বই দশক পর্যন্ত ছিলো বাংলা সিনেমার সোনালী ঐতিহ্য।

    ২০০০ সাল পর্যন্ত কোন রকম ভাবে সিনেমা শিল্প টিকে থাকলেও ২০০৪ সালের পর থেকেই পর্যায়ক্রমে ধস নামতে শুরু করে সিনেমা শিল্পের। ভালো গল্প, ভালো অভিনেতা ও দক্ষ নির্মাতার অভাবে মানসম্মত সিনেমা তৈরি কমে যাওয়ার কারণে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থ- লগ্নি কারিরাও ঝুঁকি নিতে চায়নি বলে সিনেমা নির্মাণ কমে গেছে, মানসম্মত ছবির অভাবে হল মালিকদের লোকসান হচ্ছে কালক্রমে বন্ধ হয়ে গেছে দেশের প্রায় জেলার সিনেমা হল গুলো।

    সিনেমা হল ভেঙে করা হচ্ছে বহুতল মার্কেট।

    সারা দেশে বর্তমানে শ ‘ খানেক সিনেমা হল ও রাজধানী সহ বিভাগিয় শহরে কয়েকটা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখার ব্যবস্থা আছে।

    সিনেপ্লেক্সে সিনেমা দেখা অনেকটাই ব্যয়বহুল হওয়ায় সকলের পক্ষে সিনেমা দেখা সম্ভব হয়না।

    সরজমিনে লক্ষ্মীপুর জেলা ঘুরে দেখা যায় চন্দ্রগঞ্জের সমতা সিনেমা হল, লক্ষ্মীপুর সদরের ঝুমুর, হ্যাপি হল ও রায়পুরের বাশরী সিনেমা হল দীর্ঘদিন থেকেই বন্ধ। সিনেমা হলের আশেপাশে গড়ে উঠেছে হোটেল, গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠান।

    সিনেমা হলগুলো তালাবদ্ধ থাকায় সংশ্লিষ্ট কারও সাথে কথা বলা সম্ভব হয়নি, তবে সার্বিক পরিস্থিতি ও আশেপাশের দোকানদার ও পথচারীদের সাথে কথা বলে জানা যায় হল গুলো বন্ধ থাকায় জনসাধারণ বিনোদন বিহীন সময় কাটাচ্ছে।

    সিনিয়র সাংবাদিক আলী হোসনে, নুর হোসেন ও সাগর ওয়াহিদ ফরহাদ এর সাথে কথা বলে জানা গেছে রামগতিতে ‘রীতা সিনেমা হলে ছবি প্রদর্শন করা হয় তবে অনিয়মিত ভাবে।

    সার্বিক পরিস্থিতি দেখে বোঝা যায় প্রশাসন কিংবা রাজনৈতিক নেতাদের মাঝে তেমন কোন আগ্রহ নেই জনগণের চিও -বিনোদনের কোন ব্যবস্থা করার, অথচ একসময় কিশোর-যুবক, নারীরাও দল বেঁধে হলে গিয়ে সিনেমা দেখতো, সিনেমার পর্দায় নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজতো।

    চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী শিউলি মেডিকেল হল এর স্বত্বাধিকারী ডা: আবদুল কাদের বাহার এর সাথে আলাপ কালে তিনি বলেন, আমাদের ছাত্র জীবনে বিনোদনের প্রধান মাধ্যম ছিলো হলে গিয়ে সিনেমা দেখা, বন্ধুরা একসঙ্গে হলে যেতাম আনন্দ করতাম সিনেমা স্টাইলে বন্ধুদের সাথে কথা বলতাম, মজা করতাম এখন সব ঐতিহ্য হারিয়ে গেছে।

    তিনি বলেন প্রযুক্তির কল্যাণ এখন মানুষ বিশ্বের অনেক কিছু সহজে দেখতে পায় যার ফলে মানুষের রুচির পরিবর্তন হয়ে গেছে।

    তাছাড়া মানসম্মত সিনেমার অভাবে হল মালিকরাও সিনেমা প্রদর্শন করতে পারেনা, দর্শক আসেনা, খরচের টাকা উঠানো কষ্ট হয়ে যায় হল মালিকের, যার ফলে পর্যায়ক্রমে হল গুলো বন্ধ হচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছি বিনোদন থেকে।

    তিনি আরও বলেন স্মার্ট ফোন, স্মার্ট টিভিতেও সিনেমা দেখা যায় তবে বড় পর্দায় সিনেমা দেখে যে আনন্দ উপভোগ করা যায় মোবাইল কিংবা টিভিতে সেই আনন্দ পাওয়া যায়না।

    তিনি আক্ষেপ করে বলেন আমাদের বর্তমান প্রজন্ম জানাবে না আমাদের দেশে সিনেমা হল ছিলো, তারা কখনো উপলব্দি করতে পারবে না সিনেমা হলে গিয়ে ছবি দেখার আনন্দ কেমন। হয়তো ভবিষ্যত প্রজন্ম জাদুঘরে গিয়ে সিনেমা হলের পর্দা দেখতে হবে।