Blog

  • লক্ষীপুরে পানিবন্দি ৬ লাখ মানুষ : প্রস্তুত রয়েছে ১৮৯টি সাইক্লোন শেল্টার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষীপুরে পানিবন্দি ৬ লাখ মানুষ : প্রস্তুত রয়েছে ১৮৯টি সাইক্লোন শেল্টার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :
    টানা বর্ষণ ও মেঘনা নদীর জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন খালের অবৈধ বাঁধ অপসারণ করছে। এছাড়া  প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দিদের জন্য শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

    বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বিভিন্ন গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জের সর্বত্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

    ডিসি সুরাইয়া জাহান বলেন, জেলায় জলাবদ্ধতায় প্রায় ৬ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বুধবার (২১ আগস্ট) থেকে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া আমাদের স্থায়ী ও অস্থায়ী ১৮৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে।

    জলবদ্ধতা নিরসন নিয়ে ডিসি বলেন, লক্ষ্মীপুরের খালগুলোতে অবৈধভাবে বাঁধ দিয়ে দখল করে রেখেছে প্রভাবশালীরা। এতে পানি নামতে পারছে না। জনগণ আমাদেরকে এ ব্যাপারে তথ্য দিয়ে সহযোগিতা করছে। প্রশাসনের উপস্থিতি ও জনগণের সহযোগিতায় অবৈধ বাঁধগুলো কেটে দেওয়া হচ্ছে। পানিবন্দি মানুষের সহায়তায় কন্ট্রোলরুম খোলা হয়েছে।

    লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন, নদীতে ভাটা আসায় জলাবদ্ধতা নিরসনে সবগুলো স্লুইস গেইট খুলে দেওয়া হয়েছে। জোয়ারের সময় গেইটগুলো বন্ধ করে দেওয়া হবে। সার্বক্ষণিক আমাদের কর্মীরা পর্যবেক্ষণে রয়েছে।

  • ভারত বর্ষায় আমাদের বন্যা উপহার দেয় : লক্ষ্মীপুরে আমীরে জামায়াত | দৈনিক সময়ের নুর ডট কম

    ভারত বর্ষায় আমাদের বন্যা উপহার দেয় : লক্ষ্মীপুরে আমীরে জামায়াত | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ (ভারত) শুকনো মৌসুমে পানি আটকিয়ে রাখে। আর বর্ষার সময় একসঙ্গে সব গেট খুলে দেয়। আমরা অবাক হই যখন   শুনি প্রতিবেশী দেশটি আমাদের সবচেয়ে বড় বন্ধু। আথচ তারা গ্রীষ্মে পানি না দিয়ে আমাদের দেশকে বানায় মরুভূমি। আর বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বন্যা উপহার দেয়।

    বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

    জামায়াতের আমির বলেন, সাড়ে ১৫ বছর আমাদের একটা সরকার ছিল। তারা বলতো দেশকে সিঙ্গাপুর ও কানাডা বানিয়েছে। এ হলো সিঙ্গাপুর ও কানাডার দৃশ্য। তারা বলতো- আমাদের নাকি উন্নয়নের মহাসড়কে উঠায়েছে। তাদের সব ছিল মিথ্যা ও ভোগাস। তারা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছি।

    ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহ-সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, কুমিল্লা মহানগর জামায়াতের আমির দ্বীন মোহাম্মদ, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এআর হাফিজ উল্যা, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহ-সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা প্রচার সম্পাদক সরদার সৈয়দ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আবদুর রহমান, শহর আমির আবু ফারাহ নিশান, শিবিরের জেলা সভাপতি আরমান পাটওয়ারী ও সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।

  • লক্ষ্মীপুরে মা-ছেলেসহ ৩ জনকে গলা কেটে হত্যা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে মা-ছেলেসহ ৩ জনকে গলা কেটে হত্যা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে সৎ মা, ভাই ও ভাগনিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মো. তারেক নামে এক যুবকের বিরুদ্ধে।

    শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পোড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, সখিনা বেগম (৪০), তার ছেলে মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। পরে স্থানীয়রা  তারেককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করেছে।

    স্থানীয়রা জানান, ওই এলাকার সিডু মেস্তরির প্রথম সংসারের ছেলে তারেক। তিনি ঢাকায় থাকেন। দুদিন আগে তিনি বাড়িতে আসে। ঘটনার সময় প্রথমে সৎমাকে জবাই করে হত্যা করেন। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগনিকেও জবাই করে হত্যা করেন তারেক।

    খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল যায়। স্থানীয়রা আটক কৃত ঘাতক তারেককে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।

    চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হুমায়ুন কবির সবুজ বলেন, ঘাতককে আটক করা হয়েছে। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

    রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। একজন আটক রয়েছে।

  • ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণে কাউছারের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে —রুহুল আমিন ভুইঁয়া | দৈনিক সময়ের নুর ডট কম

    ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণে কাউছারের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে —রুহুল আমিন ভুইঁয়া | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রুহুল আমিন ভুইঁয়া বলেছেন ফ্যাসীবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণে কাউছারের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে, শত সহস্র দুঃসাহসিক কাউছারদের আত্মত্যাগের কারনেই বাংলাদেশের মানুষ নতুন ভাবে স্বাধীন হয়েছে।

    লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কাউছার হোসেন বিজয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    রুহুল আমিন ভুইঁয়া জেলা জামায়াতের পক্ষ হতে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং কাউছারের পিতাকে আর্থিক অনুদান প্রদান করেন পরবর্তীতে গৃহনির্মাণেও সহায়তার আশ্বাস প্রদান করেন।

    জামায়াত নেতৃবৃন্দকে কাছে পেয়ে কাউছারের পিতা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কাউছারের খুনিদের বিচার দাবী করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সদর উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হোসেন, চন্দ্রগন্জ থানা কর্মপরিষদ সদস্য তাওসীফ হাসনাইন উত্তর জয়পুর ইউনিয়ন সেক্রেটারি জাহিদ হোসাইন, কাউছারের সহপাঠী ও স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

  • চন্দ্রগঞ্জে মন্দির ও থানা পরিদর্শন করলেন জামায়াত নেতা ড.রেজাউল করিম | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জে মন্দির ও থানা পরিদর্শন করলেন জামায়াত নেতা ড.রেজাউল করিম | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আনার লক্ষ্যে থানা ও মন্দির  পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম।

    আজ সোমবার (১২ আগষ্ট) বিকেল ৪টায় লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানা পরিদর্শন করেন এ জামাত নেতা।পরিদর্শন কালে তিনি আইন শৃংখলা বাহিনীর সাথে মতবিনিময় করেন।

    এর আগে তিনি চন্দ্রগঞ্জ উত্তর বাজার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মন্দিরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।

    সভায় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ উপজেলা আমীর-মোস্তফা মোল্লা, সেক্রেটারী এডভোকেট রেজাউল করিম সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন শাখার আমীর মোঃ আবদুল হান্নান।

    ইন্ড্রাষ্টিয়াল বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর চন্দ্রগঞ্জ থানা সভাপতি ও চন্দ্রগঞ্জ বাজার শৃঙ্খলা কমিটির আহ্বায়ক এনামুল হক রতনের সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার ও পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

    লক্ষ্মীপুর সদর-৩ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী ড.রেজাউল করিম বলেন, ৫ই আগস্টের বিজয় বাংলাদেশের সকল ছাত্র- জনতার বিজয়। এ বিজয় সকর ধর্ম ও বর্ণের মানুষের বিজয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপামর জনসাধারণের দল। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ ইনসাফভিত্তিক দেশ গঠন করার অঙ্গীকার নিয়ে কাজ করছি।

    প্রসঙ্গত, সারাদেশের মত জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দের দিক নির্দেশনায় ৫ ই আগস্টের পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আনার লক্ষ্যে লক্ষ্মীপুরের অধিকাংশ থানা ও মন্দির গুলো পাহারা দিচ্ছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

  • বেগমগঞ্জ চন্দ্রগঞ্জে কারামতিয়া কামিল মাদরাসার নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররাফ হোসাইন | দৈনিক সময়ের নুর ডট কম

    বেগমগঞ্জ চন্দ্রগঞ্জে কারামতিয়া কামিল মাদরাসার নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররাফ হোসাইন | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি:

    নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার শতাব্দীর ঐতিহ্যবাহী চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররাফ হোসাইন।

    মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নোমান বিন রফিক আজ (১২ আগষ্ট) সোমবার সকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করে উপাধ্যক্ষ মোশাররাফ হোসাইনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেন।
    ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররাফ হোসাইন বলেন, ঐতিহ্যবাহী

    এ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্বের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য লেখাপড়ার মানোন্নয়ন, আমল আখলাক ও সকল সমস্যা সমাধানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্খিদের সহ সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

  • লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চান শিক্ষকরা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চান শিক্ষকরা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষকরা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম ও প্রধান সহকারী মোরশেদ আলমের অপসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, অধ্যক্ষ মাহাবুবুল করিম ও প্রধান সহকারী মোরশেদ  নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন।

    শুক্রবার (১০ আগস্ট) রাত ১০টার দিকে শিক্ষক পরিষদের সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আজিম উদ্দিন ও সম্পাদক ড. আবু সিনা ছৈয়দ তারেক স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

    এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এক জরুরি সভায় অধ্যক্ষ ও প্রধান সহকারীর অপসারণের দাবি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

    শিক্ষকদের দেওয়া বিবৃতিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে অধ্যক্ষ কলেজে আসছেন না।

    তার অনুপস্থিতে প্রশাসনিক কাজে বিশৃঙ্খলা দেখা দেয়। কলেজ খোলার প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষের খোঁজ করতে থাকেন। পরে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে প্রতিনিধির মাধ্যমে তাদের ক্ষোভ ও বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

    তারা অধ্যক্ষের রাজনৈতিক লেজুড়বৃত্তি, আর্থিক অনিয়ম, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, তুচ্ছ কারণে কয়েকজন দরিদ্র কর্মচারীকে চাকরিচ্যুত করা, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্টকরাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

    শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষ যে সব অন্যায় অবিচার ও বিমাতাসুলভ আচরণ করেছেন তাও উল্লেখ করা হয়।

    শিক্ষকরা অধ্যক্ষের অপসারণ ও আর্থিক অনিয়মের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    অধ্যক্ষকে অপসারণ করে দ্রুত নতুন অধ্যক্ষ পদায়ন করে নিয়মতান্ত্রিক কলেজের পাঠদান ও প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করেন।

    এছাড়াও তারা কলেজের প্রধান সহকারী মোরশেদ আলমের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ এনে তার অপসারণ ও শাস্তি দাবি করে। একই দাবি জানায় কলেজের কর্মচারীরাও।

    শিক্ষক পরিষদের সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আজিম উদ্দিন বলেন, সভায় অধ্যক্ষ ও প্রধান সহকারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে। এসময় শিক্ষক-কর্মচারীরা তাদের অপসারণের দাবি জানিয়েছেন।

    প্রধান সহকারী মোরশেদ আলম বলেন, অধ্যক্ষের সিদ্ধান্তের বাইরে আমিসহ কারোরই কোনো কাজ করার সুযোগ ছিল না। উনার নির্দেশেই আমাকে কাজ করতে হতো। তার নির্দেশনা বাস্তবায়ন করার কারণেই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

    এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কলেজ অধ্যক্ষ মাহাবুবুল করিম বলেন, ‘সরকার পরিবর্তন হয়েছে। আমাকেও বদলি করে দেবে। এখন অন্য শিক্ষকরা ঘোলা পানিতে মাছ শিকার করে আমাকে অপমানিত করতে চাচ্ছেন। হয়ত শিক্ষকদের মধ্যে কেউ অধ্যক্ষের চেয়ারে বসতে চান। এতে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমাকে অপমান করার জন্য তাদের সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। আমাকে ছাড়া তারা কীভাবে সভা ডাকে তাও বোধগম্য হচ্ছে না। অনিয়মের ঘটনায় কয়েকজন কর্মচারীকে চাকরিচ্যুত করেছি। এর মধ্যে কয়েকজনকে চাকরি ফিরিয়েও দিয়েছি। ’

  • লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিলেন স্থানীয়রা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে দিলেন স্থানীয়রা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর লুট করা অস্ত্র-গুলি জমা দিয়ে যাচ্ছেন স্থানীয়রা। ইতোমধ্যে দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল ও প্রায় ২০০ রাউন্ড গুলি জমা পড়েছে।

    এছাড়া রায়পুরেও একটি শটগান ও একটি চাইনিজ রাইফেলসহ ৭৮ রাউন্ড গুলি ফেরত দিয়ে গেছেন দুজন ব্যক্তি।

    শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান এবং রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া অস্ত্র -গুলি উপজেলা আনসার ও ভিডিপির হেফাজতে রয়েছে।

    জানা গেছে, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধরা রামগঞ্জ থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

    এসময় থানায় থাকা অস্ত্র ও গোলাবারুদ লুটে নেয় তারা। থানা থেকে নিরাপদ আশ্রয়ে সরে যায় পুলিশ। একইদিন রায়পুর থানাতেও অগ্নিসংযোগ ও অস্ত্র-গুলি লুটের ঘটনা ঘটে।

    এদিকে পুলিশ কর্মস্থলে না থাকায় থানার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা। এতে থানায় কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।

    রামগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, শুক্রবার সকালে থানার পুকুর থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবারেও (৮ আগস্ট) একটি অস্ত্রসহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ এখনো থানায় দায়িত্ব নেয়নি। আনসার ভিডিপি সদস্যরা থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

    তিনি আরও বলেন, লুট হওয়া অস্ত্রগুলো ফিরিয়ে দিতে উপজেলাব্যাপী আমরা প্রচারণা চালাচ্ছি। কেউ কেউ নিজ দায়িত্বে অস্ত্র ফিরিয়ে দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত দুটি শটগান, একটি রাইফেল, একটি পিস্তল, রাইফেলের দুটি মাথা ও প্রায় দুইশ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

    রায়পুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হোসেন গণমাধ্যমকে বলেন, লুট হওয়া একটি শটগান ও একটি চাইনিজ রাইফেলসহ ৭৮ রাউন্ড গুলি ফিরিয়ে দিয়ে গেছে। বৃহস্পতিবার দুজন ব্যক্তি অস্ত্রগুলো ফেরত দিয়ে যান।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, থানায় এখনো আমাদের (পুলিশ) সবাই এসে পৌঁছায়নি। কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে সেটি বলা যাচ্ছে না। কয়টি অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে আপাতত তাও বলতে পারছি না

  • নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, লুট : আহত-৮ | দৈনিক সময়ের নুর ডট কম

    নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, লুট : আহত-৮ | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি:
    তুচ্ছ ঘটনার জের ধরে নোয়াখালীর চরমটুয়া ইউনিয়নের বম্মপুর গ্রামে ওমান প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় নারী ও শিশু সহ ৮ জন আহত হয়েছে।

    জানাযায়, দুই শিশু খেলতে গিয়ে তাদের মধ্যে মারামারি হয় এর সূত্র ধরে গত ১৬ জুলাই প্রকাশ্য দিবালোকে বানিয়া বাড়ির ওমান প্রবাসী আফসার উদ্দিনের বসত ঘরে একই বাড়ির খোরশেদ, মানিক, রফিক, ভুলু, শাহাজাহান, ইউছুফ, জিহাদ, রয়হানের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায়। এ সময় প্রবাসীর পরিবারের নারী ও শিশু সহ ৮ জন আহত হয়। মারাত্বক আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ সময় সন্ত্রাসীরা প্রবাসীর বসত ঘরের কয়েক লাখ টাকার মালামাল ও নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরের দরজা জানালা সহ সব কিছু ভেঙ্গে গুড়িয়ে দেয়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
    জনাযায়, ওমান প্রবাসী আফসার উদ্দিনের ক্রয়কৃত জমি বুঝিয়ে না দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছে।

    এ হামলা ও লুটপাটের ঘটনায় প্রবাসী আফসারের বড়ভাই জাকির হোসেন বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

    নোয়াখালীর সুধারাম মডেল থানায় ওসি মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পৃথক অভিযান চালানো হবে।

  • আতঙ্কে রায়পুরে মেঘনা পাড়ের কয়েক হাজার মানুষ | দৈনিক সময়ের নুর ডট কম

    আতঙ্কে রায়পুরে মেঘনা পাড়ের কয়েক হাজার মানুষ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী, দক্ষিন চরবংশী ও উত্তর চরআবাবিল এ তিন ইউনিয়নের সীমানায় মেঘনায় পানি বাড়তে শুরু করেছে। তবে অনেক দিকে দেখা দিয়েছে ভাঙন। আগ্রাসী মেঘনা চোখের পলকেই যেন সবকিছু ভেঙ্গে করে দিয়েছে বিলীন। এতে নদীগর্ভে ভিটেমাটি হারিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।

    শনিবার(১৩ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদী ভাঙন এতই তীব্র যে নদীর পাড়ের মানুষ তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেয়ার সময় পর্যন্ত পাননা। মেঘনায় পানি দক্ষিন চরবংশী ইউপির মিয়ারহাট (রাহুল ঘাট) পয়েন্টে বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বেড়ে যাওয়ায় ইউনিয়নের কাঠমা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার উত্তর চরবংশী ও  দক্ষিন চরবংশী ইউনিয়নের চরকাছিয়া, মোল্লারহাট, চরইন্দ্রুরিয়া,পানিরঘাট, চরঘাসিয়া, জালিয়ার চর গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি, ফসিল জমি এবং আলতাফ মাষ্টার ঘাট এলাকা মেঘনা নদীগর্ভে বিলীন হয়। ভাঙনে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন কয়েক হাজার পরিবার।

    সরকারি-বেসরকারি স্থাপনা ‍হুমকির মুখে রয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, অর্ধশত বাড়িঘর ও শত শত হেক্টর ফসিল জমি যেকোনো সময় মেঘনার কড়াল গ্রাসে পড়তে পারে। ওই এলাকার খেটে খাওয়া মানুষ ঘরবাড়ি-জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন।

    উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমার ইউনিয়নে বেশিভাগ মানুষ খেটে খাওয়া। তারা ত্রাণ বা অন্য কোনো সাহায্য চান না। তারা চান নদী ভাঙন রোধে একটি স্থায়ী সমাধান ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ; যেন তারা নিজ বাড়িতে বসবাস করে নিজের জমি চাষবাস করে জীবিকা নির্বাহ করতে পারেন।।

    দক্ষিন চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজি বলেন, আমার ইউনিয়নের মিয়ারহাট, রাহুল ঘাট, পানিরঘাট, হাজিমারা, চরকাছিয়া গ্রামে মেঘনার ভাঙন চলছে। হুমকির মুখে পড়েছে আশ্রয়ণ প্রকল্প ও প্রাথমিক বিদ্যালয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানেন। এ ছাড়া নদী ভাঙনে বিলীন হচ্ছে গ্রামে ঘরবাড়ি ও জমি ।

    লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুখ আহম্মেদ বলেন, ভাঙন প্রতিরোধে প্রকল্পের জন্য স্থানীয় সাংসদ এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন এর মাধ্যমে মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্ধ পেলে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলা হবে। জিও ব্যাগ ফেললে অনেক স্থাপনা রক্ষা সম্ভব। এই এলাকাটির ভাঙন ঠেকাতে প্রকল্প হাতে নিবে পানি উন্নয়ন বোর্ড।

    লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের এমপি অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, রায়পুরের হাজিমারা থেকে চাঁদপুরের হাইমচর সীমানা পর্যন্ত তীর সংরক্ষণ ও ভাঙন রোধে স্থানীয়দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আশ্বাস দেয়া হয়। প্রকল্প গ্রহণের জন্য গত বছর পানিসম্পদ মন্ত্রীকে ডিও লেটার দেয়া হয়েছে।