Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ,পুলিশের লাঠিচার্জ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ,পুলিশের লাঠিচার্জ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়ায় বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে।

    শনিবার (৩০ মার্চ) সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয়। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    যানজটের খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। শ্রমিকদেরকে সড়ক থেকে সরে যেতে অনুরোধ করে। তাতে কাজ না হওয়ায় একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

    পরে ইউএনও এবং ওসি মালিকপক্ষের সঙ্গে কথা বলার পর সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়।

    আন্দোলনকারী শ্রমিকরা জানায়, শনিবার সকালে শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, দুই মাসের ওভারটাইম ও ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা দেয়নি। এতে কর্মবিরতি রেখে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়। এছাড়া চুক্তি অনুযায়ী মালিকপক্ষ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দিচ্ছে না।

    এব্যাপারে মালিক পক্ষের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মজুমদার বলেন, শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেতন-বোনাস যেন শ্রমিকরা যথাসময়ে পায় তা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি সমস্যা সমাধান হবে।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নবজাগরণ সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নবজাগরণ সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার | সময়ের নুর নিউজ ডট কম

    মো:ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি) :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

    ইফতারে প্রায় ছয় শতাধিক হত-দরিদ্র মানুষকে ইফতার করানো হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও ফাউন্ডেশনের সহ-সভাপতি এম ছাবির আহাম্মেদ।

    এসময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিংকু, সংগঠনটির সদস্য মাসুদ করিম শিফন, তোফাজ্জল হোসেন সবুজ, এডভোকেট মহসিন, মো: আরমান, মিজান মল্লিক, আলমগীর হোসেন, রাকিবুল ইসলাম, মো : মাহতাব, মো: ইব্রাহিম খলিল রাজু প্রমূখ।

    গত এক বছর ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে, স্থানীয় পর্যায়ে শিক্ষা – সংস্কৃতি ও অসহায় দুস্থ মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

    স্থানীয় জনসাধারণ, সংগঠনের সদস্য ও প্রবাসীদের দেওয়া আর্থিক সহযোগিতায় কার্যক্রম পরিচালনা করা হয়।

    ইফতারের আগ মুহূর্তে সংগঠনের সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতা ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

  • লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক দোকান থেকে সাড়ে তিনশ মোবাইলফোন চুরি | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক দোকান থেকে সাড়ে তিনশ মোবাইলফোন চুরি | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ থানা শহরের নিউমার্কেটে মোল্লা টেলিকম নামের একটি দোকানের শার্টারের তালা ভেঙে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫২টি মোবাইলফোন চুরি করে নিয়ে গেছে চোর। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাতে চাঞ্চল্যকর এ চুরির ঘটনা ঘটে।

    শুক্রবার (২৯ মার্চ) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী রায়হান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ফোনগুলোর মূল্য ৫৫ লাখ টাকার মতো বলে জানান তিনি।

    স্থানীয় ব্যবসায়ীরা জানান, রায়হানের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল বিক্রি করা হয়। ওই দোকানে রেডমি, রিয়েলমি, বিভো, অপ্পো, শাওমি, অনর, ইনফিনিক্স ও সিম্ফনিসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে চোর মোল্লা টেলিকমে চুরি করে।

    সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুজন তরুণ বয়সের চোর একজনের মাথায় ক্যাপ পরা আর অন্যজন ছিলেন খালি মাথায়।

    ভুক্তভোগী রায়হান উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছি। সকালে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি মোবাইলফোনগুলো নেই। নগদ দুই লাখ টাকাসহ আমার ৫৫ লাখ টাকার মোবাইল চুরি হয়েছে।’

    চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ভুক্তভোগী এখনো থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেনীতে পুলিশের জালে ব্যাংক থেকে টাকা সরানো হ্যাকার চক্র | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনীতে পুলিশের জালে ব্যাংক থেকে টাকা সরানো হ্যাকার চক্র | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনী প্রতিনিধি :

    ফেনী শহরের স্টেশন রোডের করিম স্পোর্টসের মালিক করিমুল হক। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ব্র্যাক ব্যাংকে রয়েছে তার একাউন্ট।

    গত ১৬ জানুয়ারি রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ওই একাউন্ট থেকে একে একে চার ধাপে হাতিয়ে নেওয়া হয় ৭ লাখ টাকা।

    ঘটনা শুনে বিস্মিত ব্যাংক কর্তৃপক্ষও। এ ঘটনায় একাউন্ট হোল্ডার ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। কিছুদিনের মধ্যেই একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এরপর অপর সদস্যদেরও শনাক্ত করা হয়।

    মামলার তদন্তকারী সূত্র জানিয়েছে, মামলার ভিত্তিতে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ।

    গত ৩ ফেব্রুয়ারি হ্যাকার চক্রের সদস্য ইকবালকে (৩৩) গ্রেফতার করা হয়। তিনি চট্টগ্রামের চাঁনগাঁও থানার চাঁনগাঁও ইউনিয়নের নাজিরপাড়া এলাকার খাজা রোডের মো. ইসমাইলের ছেলে।

    গ্রেফতারের পর থেকে একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খোলেনি ইকবাল।

    বুধবার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার কথা জনিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    জবানবন্দিতে চাঞ্চল্যকর নানা তথ্যও প্রদান করেন। তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম মামলার তদন্তের স্বার্থে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

    এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, এরইমধ্যে রকিবুল হাসান রাকিব (৩৪) ও আরিফ উল্লাহ (৪০) নামে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    এদের মধ্যে আরিফ কক্সবাজার জেলার মহেষখালী থানার মাতার বাড়ী ইউনিয়নের উত্তর শিকদারপাড়া এলাকার জাকারিয়ার ছেলে ও রাকিব একই থানার কালারমার ছড়া ইউনিয়নের মাইজপাড়া ইউনুছখালী এলাকার মোজাম্মেল হকের ছেলে।

    তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা রিমান্ড শুনানি আজ বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। ওই চক্রের সদস্যদের হোয়াটস্অ্যাপে ‘বেস্ট বয়’ নামে একটি গ্রুপ রয়েছে।

    ইসলামী ব্যাংক ছাড়া সিটি ব্যাংকসহ অনেক ব্যাংকের শত শত ইমেইল রয়েছে ইকবালের কাছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন সিআইডি ফরেনসিকে পাঠানো হয়েছে।

    ইকবালের তথ্য অনুযায়ী ওমর ফারুক নামে আরও একজনকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

    মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার এসআই সাইফুল আলম জানান, এ চক্রের ৪ জনের নাম পেয়েছেন যারা দীর্ঘদিন ধরে ব্যাংক একাউন্ট হ্যাকের মাধ্যমে প্রতারণা করে আসছেন। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আরও একজনকে ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

    ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা জানান, ফেনীতে ব্যাংক একাউন্ট হ্যাকের ঘটনায় এটিই প্রথম মামলা। অভিযোগ পাওয়ার পর পুলিশ অনুসন্ধানে নেমে পুরো চক্রকে ধরতে পেরেছে।

    এ ব্যাপারে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান জানান, নামের সঙ্গে জন্মতারিখ মিলিয়ে একাউন্ট করা ঠিক নয়। এ কারণে হ্যাকাররা সুযোগ নেয়। এছাড়া ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপের মাধ্যমে হ্যাক করা সহজ ছিল। এ চক্রটি বিভিন্ন জায়গায় বেশ কিছু হ্যাক করার তথ্য দিয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

  • লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার মাদক গ্রহণের ভিডিও প্রকাশ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার মাদক গ্রহণের ভিডিও প্রকাশ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রিয়াজুল হাসানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    রিয়াজুল হাসান চর রুহিতা গ্রামের ৫নং ওয়ার্ডের আলী আহম্মদ মুন্সি বাড়ির মৃত সামছু ইসলামের পুত্র। ভিডিও ক্লিপে দেখা যায় রিয়াজুল হাসান বসে ইয়াবা সেবন করছে।

    বিভিন্ন সূত্রে জানা যায়, রিয়াজুল হাসান স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার করছে। বিভিন্ন পক্ষ নিয়ে জায়গা-জমি দখলসহ জুয়া ও মাদকের নিয়ন্ত্রণ করার খবর শুনা যাচ্ছে।

    সম্প্রতি ইউপি চেয়ারম্যানের নির্দেশে মাদক ও জুয়ার নিয়ন্ত্রণে কয়েকজন গ্রাম পুলিশ কয়েকটি জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ভাংচুর করে। এতে রিয়াজুল হাসান ফোন দিয়ে ক্ষিপ্ত হন।

    এব্যাপারে চর রুহিতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রিয়াজুল হাসান জানান, আমি মাদকের সাথে সম্পৃক্ত না, এলাকায় মাদক ও জুয়া বন্ধের ব্যাপারে আমি দীর্ঘদিন যাবত প্রতিবাদ করে আসছি। এক শ্রেণীর লোক আমার মান সম্মান ক্ষুর্ণ করার জন্য এডিট করে আমার ছবি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এব্যাপারে আমি আইনগত ব্যবস্থা নিব।

    সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহম্মদ রূপম জানান, এখনো আমার চোখে কোন কিছু পড়ে নাই। এছাড়াও ঘটনা সত্য প্রমাণিত হলে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • লক্ষ্মীপুরে আলোচিত বই প্রেমী নববধূ মুমুকে বই উপহার দিলেন ইউএনও | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে আলোচিত বই প্রেমী নববধূ মুমুকে বই উপহার দিলেন ইউএনও | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়িতে প্রায় ২০০ বই নিয়ে আসা সেই নববধূ মেহেরুন নেছা মুমু এবার বই উপহার পেয়েছেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস তাকে কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে বই উপহার দেন।

    এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী উপস্থিত ছিলেন।

    জানা গেছে, মুমুকে ২৫ মার্চ ইউএনও তার কার্যালয়ে আমন্ত্রণ জানান। মুমু তার স্বামী অ্যাডভোকেট এমরান হোসেন নিখিলের সঙ্গে ইউএনওর কার্যলয়ে যান। ইউএনও তাকে বিভিন্ন লেখকের ৮টি বই উপহার দিয়েছেন।

    কমলনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, মুমু তার শ্বশুরবাড়িতে বই নিয়ে আসার বিষয়টি চমৎকার ও ব্যতিক্রম ছিল।

    খবর পেয়েই আমি তাকে আমন্ত্রণ জানাই। কিন্তু ঢাকায় চলে যাওয়ায় তিনি আসতে পারেননি। অবশেষে আমার আমন্ত্রণে তিনি আসেন। তাকে বই উপহার দিতে পেরে ভালোই লেগেছে।

    মুমুর স্বামী অ্যাডভোকেট এমরান হোসেন নিখিল বলেন, আমার মামাতো ভাই শেহজাদ জিয়ান মুমুকে বইবধূ নাম দেয়। এখন সবাই তাকে বইবধূ নামে ডাকে।

    মেহেরুন নেছা মুমু বলেন, বই উপহার পেতে আমার খুব ভালো লাগে। ইউএনও স্যারের বই উপহার পেয়ে আমি অনেক খুশি হয়েছি।

    গত ২৬ ফেব্রুয়ারি নববধূ মেহেরুন নেছা মুমু দুইশ বই নিয়ে শ্বশুরবাড়ি যান।

    মুমু কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের ডা. আবদুল হক চেয়ারম্যান বাড়ির মহিউদ্দিনের মেয়ে ও ঢাকার ইডেন কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।

    একই গ্রামের রমজান আলী মৌলভীবাড়ির মাকছুদুর রহমানের ছেলে আইনজীবী নিখিলের সঙ্গে তার বিয়ে হয়।

  • ফেনীতে পাতা কুড়ানোকে কেন্দ্র করে আপন ভাইকে খুন ! আত্মগোপনে শেষরক্ষা হয়নি | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনীতে পাতা কুড়ানোকে কেন্দ্র করে আপন ভাইকে খুন ! আত্মগোপনে শেষরক্ষা হয়নি | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিনিধি :

    ফেনীর সোনাগাজীত বাগানের ঝরা পাতা কুড়ানোকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে কাঠ দিয়ে মাথায় আঘাত করে বড় ভাই ইব্রাহিম খলিলকে (৩৯) খুন করেন মো. মোশারফ হোসেন সবুজ (৩৭)। এরপর তিনি ইটভাটায় কাজ নিয়ে আত্মগোপনে চলে যান। তবে তাতে তার শেষরক্ষা হয়নি।

    অভিযুক্ত মোশারফ হোসেন ও নিহত ইব্রাহিম খলিল উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পশ্চিম চর চান্দিয়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, ১০ মার্চ ইব্রাহিমকে মাথায় আঘাতের পর ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পরপরই ফেনীর সোনাগাজী থেকে পালিয়ে চট্টগ্রামের সাতকানিয়ায় চলে যান মোশারফ।সেখানে একটি ইটভাটায় কাজও নেন।

    সোমবার সকালে সোনাগাজীর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাকে সাতকানিয়ার কেরানীহাটের একটি ইটভাটা থেকে গ্রেফতার করে।

    সোনাগাজী মডেল থানার  ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, হত্যাকাণ্ডের পর মোশারফ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে ব্রিকফিল্ডে কাজ নেয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত হয়ে সোনাগাজী মডেল থানা-পুলিশের দুটি দল সকালে অভিযান চালিয়ে মোশারফকে গ্রেফতার করে।

    তিনি আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশারফ হোসেন তার বড় ভাইকে মাথায় আঘাত করে হত্যার কথা স্বীকার করেছেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

  • লক্ষ্মীপুরে দেনমোহরের টাকা চাইতে গিয়ে আইনজীবির হাতে মারধর, শৌচাগারে অবরুদ্ধ | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে দেনমোহরের টাকা চাইতে গিয়ে আইনজীবির হাতে মারধর, শৌচাগারে অবরুদ্ধ | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    ঘড়ির কাঁটা ১০টা বেজে কিছু সময়। আদালত পাড়ায় মানুষের আনাগোনাও বাড়ছে, বাড়ছে কর্মব্যস্ততাও। হঠাৎ কালো গাউন পরিহিত ও কোর্ট পরিহিত দুইজন এক যুবককে টেনেহেঁচড়ে মারধর করতে করতে নিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখার পর কেউ কেউ থামাতে গিয়েও ব্যর্থ হন।

    পরে জানা যায় বড় বোনের কাবিনের টাকা আইনজীবি না দিয়ে গড়িমসি করছেন। মারধরের শিকার ওই যুবকের স্বজনদের দাবি, ওই আইনজীবি কাবিনের টাকা আত্মসাদ করার জন্য মোবাইল ফোন বন্ধ ও বাদির ব্যবহৃত নাম্বার ব্লক করে দিয়েছেন। ঘটনাটি লক্ষ্মীপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের।

    গেলো সোমবার (২৫মার্চ) বড় বোনের দেনমোহরের টাকা চাইতে গিয়ে ফয়সাল নামের এক যুবক আবদুস সামাদ আজাদ হিরণ নামের এক আইনজীবির হাতে মারধরের শিকার হয়েছেন।

    এঘটনায় ভুক্তভোগীর বোন শিমু আক্তার জেলা আইনজীবি সমিতির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আবদুস সামাদ আজাদ হিরণ লক্ষ্মীপুর জেলা জজ আদালতের আইনজীবি ও ভুক্তভোগী ফয়সাল হোসেনের বড় বোন শিমু আক্তারের মামলার বাদি পক্ষের আইনজীবি।

    শিমু আক্তার ও ফয়সাল হোসেন জানান, শিমু দেনমোহরের প্রাপ্য টাকা পেতে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আদালত ও উভয়পক্ষের আইনজীবির মধ্যস্থতায় দেনমোহরের দুই লক্ষ বিশ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। কয়েক ধাপে ১ লাখ ৬০ হাজার টাকা দেয়া হলেও বাকি ৬০ হাজার টাকা দিতে বাদির আইনজীবি আবদুস সামাদ আজাদ হিরণ গড়িমসি করেন।

    পরে ঘটনার দিন বাদির ভাই ফয়সাল হোসেনকে আইনজীবি হিরণের কাছে থাকা বাকি ৬০ হাজার টাকা নিতে বলেন।

    এসময় ফয়সাল ঘটনাস্থলে আসলে হিরণসহ কয়েকজন আইনজীবি একত্র হয়ে ফয়সালকে জামার কলার ধরে টেনে হেঁচড়ে আইনজীবি সমিতির শৌচাগারে প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে আদালতের আরেক আইনজীবি ফিরোজ আলম ওই যুবককে উদ্ধার করে।

    মামলার বিবাদি শিমু’র স্বামী রিয়াদ জানান, বাদিকে দিতে তিনি কয়েক ধাপে ২ লাখ বিশ হাজার টাকা আইনজীবির কাছে দিয়েছেন। পরে বাদির উকিলকে দেয়ার জন্য আরো পাঁচ হাজার টাকাও দেন তিনি।

    লক্ষ্মীপুর জেলা জজ আদালতে সেবা নিতে এসে বিচারপ্রার্থীরা এর আগেও অনেকবার হেনস্থার শিকার হয়েছেন, পড়েছেন আইনজীবিদের রোষানলেও। এতে ন্যায় বিচারতো দূরে থাক বাদি-বিবাদী ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে মনে করেন সচেতন মহল।

  • লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা অনিককে অস্ত্রসহ আটক করলো র‌্যাব | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা অনিককে অস্ত্রসহ আটক করলো র‌্যাব | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ আবদুর রহমান প্রকাশ অনিক রহমান (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)-১১।

    সোমবার (২৫ মার্চ) দুপুরে চন্দ্রগঞ্জ থানায় তাকে হস্তান্তর করে র‌্যাব। আটক ছাত্রলীগ নেতা আবদুর রহমান চন্দ্রগঞ্জ থানাধীন পশ্চিম লতিফপুর গ্রামের ছৈয়াল বাড়ির আব্দুল হকের ছেলে।

    সে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএর ছাত্র ও কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী। আবদুর রহমান চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী বলে জানা গেছে।

    এর আগে রাত দেড়টার সময়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারের ১নং পোল এলাকা থেকে একটি এলজিসহ আবদুর রহমানকে আটক করে বলে জানিয়েছে র‌্যাব।

    বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক।

    এ ব্যাপারে র‌্যাবের নায়েক সুবেদার মিরাজ আলী ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা রুজু করেছে। আবদুর রহমান অনিকের নামে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

  • লক্ষ্মীপুরে দিনে চাঁদা দাবী, রাতে চুরি, জিম্মি ব্যবসায়ীরা | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে দিনে চাঁদা দাবী, রাতে চুরি, জিম্মি ব্যবসায়ীরা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে  একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় অতিষ্ঠ বাজারের ব্যবসায়ীরা। তাই চুরির ঘটনা থেকে রেহায় পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

    সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চৌরাস্তা পূর্ব বাজার এলাকায় তেওয়ারীগঞ্জ শান্তির হাট সড়কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

    মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা একটি গোষ্ঠীর কাছে জিম্মি। দিনের বেলা চাঁদা দাবি করে, চাঁদা না দিলে ওই গোষ্ঠী রাতের বেলা দোকানের তালা ভেঙে ও বেড়া কেটে চুরির ঘটনা ঘটাচ্ছে। এসময় দোকানে থাকা নগদ অর্থ নেওয়ার পাশাপাশি সকল মালামাল তছনছ করে দিয়ে যায়। এমনকি যাওয়া সময় সিসিটিভির ফুটেজ বিনষ্ট করে মনিটরটিও নিয়েও যায়।

    বাজার পরিচালনা কমিটি থাকা সত্বেও এসব বিষয়ে একেবারে চুপচাপ তারা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, ঘরের লোকজন যদি চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে কি চোর ধরা সম্ভব? কেউ আবার বলেন বাজার পরিচালনা কমিটির নিকটতম আত্মীয় অনেক বার চুরি ঘটনার সঙ্গে জড়িত থাকা সত্বেও তার সঠিক বিচার হয়নি।

    ্গতরাতে দুই ব্যবসা-প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে এখন পর্যন্ত মার্চেন্ট কমিটির বিন্দুমাত্র তৎপরতা চোখে পড়েনি। তবে চাঁদাবাজ ও চোরদের নাম প্রকাশ করার সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা।

    এদিকে আল-আমীন ষ্টোর এন্ড আড়ৎ ও মসলা ঘরের স্বত্বাধিকারী এস.এম রুবেল হোসেন ক্ষোভ-প্রকাশ করে বলেন, সম্প্রতি তার কাছে কয়েকবার চাঁদা দাবি করেছেন স্থানীয় কয়েক পাতি নেতা। চাঁদা না দেওয়ায় তাকে হুমকিও দেওয়া হয়েছে। এরপর গতকাল রাতে তার দোকানের পিছনের বেড়া কেটে নগদ অর্থ লুটে নেয় চোর চক্র। তছনছ করা হয় দোকানের সকল মালামাল। নিয়ে যাওয়া হয় সিসিটিভির মনিটর। সকাল থেকে অসংখ্যবার মোবাইল করার পরও বাজার পরিচালনা কমিটির কাউকে তার এ বিপদে পাশে পাননি।

    তবে চুরি ঘটনা শুনার সঙ্গে-সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

    একই রাতে বাজার থেকে একটু অদূরে আওয়ামী লীগ নেতা আব্দুল খালেদ বাদল সুপার মার্কেটের আরিফের অটোরিকশা গ্যারেজ থেকে একাধিক ব্যাটারি চুরি করে নেওয়া হয়। যাওয়ার সময় তার দোকানের সিসিটিভি নষ্ট করে যায় চোর চক্র।

    ক্ষতিগ্রস্ত গ্যারেজ ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, প্রায় ৩ লাখ টাকার ব্যাটারি লুটে নিয়েছে চোর চক্র। এসব ব্যাটারি বিভিন্ন অটোরিকশা মালিকদের। এখন তিনি দিশেহারা। এবিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবো।

    সদর উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেদ বাদল বলেন, ইতিমধ্যে চুরির ঘটনা বেড়ে গেছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের নিজেদেরকেও সচেতন হতে হবে। আশাকরি পুলিশ সঠিকভাবে তদন্ত করে চোর চক্রদের আইনের আওতায় আনবে।

    জানতে চাইলে ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার পরিচালনা কমিটির সভাপতি মোক্তার হোসেন বিপ্লবকে একাধিকবার মোবাইল করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

    লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।