Author: somoyernurnews

  • লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত ২০ জন।তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

    রোববার (১৩ অক্টোবর) রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রিন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    নিহতরা হলেন সদরের বাঞ্চানগর এলাকার সুজামিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন, ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বটুমিয়ার ছেলে সুমন হোসেন। তারা সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে।

    আহতরা হলেন, আবদুল মালেক, সুমন হোসেন, মো. রকি, মোহাম্মদ ফাহাদ হোসেন, সিরাজ মিয়া, মো. হৃদয় ও শান্ত খানসহ ২০ জন।

    এদের মধ্যে ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর-রামগতিগামী মেঘনা পরিবহনের একটি বাস গ্যাস নিতে আসে গ্রিন লাইফ ফিলিং স্টেশনে। বাসে গ্যাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়।

    এতে স্টেশনে থাকা লোকজন ছোটাছুটি শুরু করে। এসময় ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার তিন চালক।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

    লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। তিনজনই ঘটনাস্থলে মারা গেছেন। বাসের সিলিন্ডারটি নিম্নমানের ছিল। এতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ হয়।

    লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদিন বলেন, তিনজন ঘটনাস্থলেই মারা গেছে। তাদের আমরা চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি। আহত আছেন ২০ জনের মতো।

    এরমধ্যে ১০ জনের কারো হাত, কারো পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। আমরা অধিকাংশ রোগীকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠিয়েছি।

  • দেখা দিলেন মমতাজ,গাইলেন গান | দৈনিক সময়ের নুর ডট কম

    দেখা দিলেন মমতাজ,গাইলেন গান | দৈনিক সময়ের নুর ডট কম

    বিনোদন ডেস্ক :

    আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ সংসদ সদস্যরা গত ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান। কেউ কেউ আবার দেশ ত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়।

    বিগত সরকারে কয়েকজন শোবিজ তারকাও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সঙ্গত কারণেই তারা কোথায় আছে তা নিয়ে সবার মনে কৌতূহল দেখা দেয়।

    কণ্ঠশিল্পী মমতাজ বেগমেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি সব শেষ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

    আজ (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ তিনি তার অনুরাগীদের দেখা দিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন মমতাজ।

    এতে তাকে গান গাইতে দেখা গেছে। মমতাজ, ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করেন।

    মমতাজের গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকের কমেন্ট বক্সে নেটিজেনরা ঝাঁপিয়ে পড়েন। আধা ঘণ্টার মধ্যে প্রায় ৭০০ জন মন্তব্য করেন। এর সিংহভাগ মন্তব্যই নেতিবাচক। দু-একজন ইতিবাচক মন্তব্যও করেছেন।

    এদিকে সম্প্রতি প্রকাশিত একটি খবরে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় দেখা যায়নি মমতাজকে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে মমতাজের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।

    গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। কোণঠাসা হয়ে পড়ায় এরপর থেকে তিনি এলাকায় কম আসতেন।

    ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে হেরে যান।

  • অ্যালার্জির সমস্যা থেকে বাঁচার কিছু ঘরোয়া উপায় | দৈনিক সময়ের নুর ডট কম

    অ্যালার্জির সমস্যা থেকে বাঁচার কিছু ঘরোয়া উপায় | দৈনিক সময়ের নুর ডট কম

    ফাইল ছবি

    লাইফ স্টাইল ডেস্ক :

    অ্যালার্জির সমস্যায় অনেকেই ভোগেন, এবং এটি থেকে মুক্তি পাওয়া সহজ নয়। অ্যালার্জির বিভিন্ন লক্ষণ যেমন হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি বেশ বিরক্তিকর হতে পারে। যদিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করা হয়, কিছু ঘরোয়া উপায়ও অ্যালার্জির সমস্যা কমাতে সাহায্য করতে পারে। কিছু প্রাকৃতিক খাবার রয়েছে যা অ্যালার্জি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

    নিচে এমন কিছু খাবারের কথা উল্লেখ করা হলো যা অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করতে পারে:

    ১. কলা :

    কলা অ্যালার্জিজনিত র‍্যাশ বা পেটের সমস্যায় উপকারী। এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো অ্যালার্জির উপসর্গ কমাতে সাহায্য করে এবং হজমের জন্যও উপকারী।

    ২. লেবু :

    লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যালার্জির উপসর্গ কমাতে পানিতে লেবুর রসের সাথে মধু মিশিয়ে পান করা যেতে পারে।

    ৩. আদা :
    অ্যালার্জির উপসর্গ যেমন বমি ভাব, মাথা ঘোরা, এবং হজমের সমস্যা কমাতে আদা খুবই কার্যকরী। গরম পানিতে আদা ফুটিয়ে মধু মিশিয়ে পান করলে অ্যালার্জির সমস্যা কমে আসতে পারে।

    ৪. শসা ও গাজর :

    শসা ও গাজরের রস মিশিয়ে পান করলে অ্যালার্জির সমস্যা অনেকটাই কমে যায়। এতে অ্যান্টি-অ্যালার্জি উপাদান রয়েছে যা শরীরের প্রদাহ কমায়।

    ৫. কমলা :
    শরীরে প্রোটিনের অতিরিক্ত পরিমাণ অ্যালার্জির কারণ হতে পারে। কমলা খেলে শরীরের প্রোটিনের ভারসাম্য রক্ষা হয় এবং অ্যালার্জি কমে।

    ৬. গ্রিন টি :
    গ্রিন টিতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান প্রদাহ এবং অ্যালার্জির উপসর্গ কমায়। অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিলে দিনে একবার গ্রিন টি পান করা যেতে পারে।

    এই ঘরোয়া প্রতিকারগুলো চেষ্টা করে দেখতে পারেন অ্যালার্জির সমস্যার জন্য। তবে যদি সমস্যা গুরুতর হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

  • কি ভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবেন! | দৈনিক সময়ের নুর ডট কম 

    কি ভাবে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবেন! | দৈনিক সময়ের নুর ডট কম 

    দৈনিক সময়ের নুর ডেস্ক :

    হৃদরোগে আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়েই বাড়ছে। বর্তমানে কমবয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে এ সমস্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ কিন্তু মহামারির থেকে কম নয়।

    এতে শুধু যে বয়স্কদের ঝুঁকি বাড়ছে তা কিন্তু নয়, কমবয়সীরাও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। যার ফলস্বরূপ কমবয়সেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি।

    ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন অনুসারে, কার্ডিওভাসকুলার ডিজিজ এই মুহূর্তে বিশ্বের সব চেয়ে বড় প্রাণঘাতী রোগ। প্রতিবছরে প্রায় ১৮.৬ মিলিয়ান মানুষ এই রোগে প্রাণ হারান।

    আপনি চাইলেই একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারেন। এজন্য শরীরচর্চার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়ার বিকল্প নেই। এর পাশাপাশি অনুসরণ করুন কয়েকটি টিপস। যেমন –

    ১। ধূমপান ত্যাগ করুন

    ২। আপনি যদি অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভোগেন, তবে ওজন নিয়ন্ত্রণে রাখুন।কমপক্ষে প্রতি দুই বছরে একবার রক্তচাপ পরীক্ষা করান।

    ৩। কমপক্ষে প্রতি দুই বছরে একবার রক্তচাপ পরীক্ষা করান।

    ৪। ৪০-৪৫ বছর হলে প্রতিবছর অন্তত একবার রক্তের গ্লুকোজ পরীক্ষা করান।

    ৫। কম চর্বি ও উচ্চ ফাইবারযুক্ত খাবার বেছে নিন।

    ৬। প্রতিদিনের খাবারের কমপক্ষে ৫ শতাংশ ফল ও শাকসবজি খান।

    ৭। কমপক্ষে প্রতি চার থেকে ছয় বছরে একবার রক্তের কোলেস্টেরল পরীক্ষা করান।

    ৮। ধ্যান বা গভীর শ্বাস-প্রশ্বাসের জন্য স্ট্রেস-কমানোর ক্রিয়াকলাপ শিখুন।

  • লক্ষ্মীপুরে ছাত্র হত্যার আসামি সালাহ উদ্দিন টিপু এখন সৌদি আরবে | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ছাত্র হত্যার আসামি সালাহ উদ্দিন টিপু এখন সৌদি আরবে | দৈনিক সময়ের নুর ডট কম

    দৈনিক সময়ের নুর ডেস্ক :

    লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি করে চার শিক্ষার্থীসহ ১২ জনকে খুনের ঘটনার দুই মাস পেরিয়ে গেছে। তবে হত্যা মামলার প্রধান অভিযুক্ত লক্ষ্মীপুরের এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ অস্ত্রধারী আসামিরা ধরাছোঁয়ার বাইরে।

    সালাহ উদ্দিন পৌরসভার সাবেক আলোচিত মেয়র প্রয়াত আবু তাহেরের ছেলে ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

    বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন বলে জানাগেছে। তবে কীভাবে তিনি বিদেশে পাড়ি দিলেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায় নি।

    গত ৪ আগস্ট আন্দোলনে গিয়ে গুলিতে প্রাণ হারানো দালাল বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেনের বাবা আমির হোসেন বাদী হয়ে ১৪ আগস্ট থানায় হত্যা মামলা করেন। তবে এখনো মামলার আসামিরা ধরা পড়েননি।

    জানতে চাইলে আমির হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের হত্যার সঙ্গে সালাহ উদ্দিন সরাসরি জড়িত। তাঁর নৃশংসতার কাহিনি এরশাদ শিকদারকেও হার মানিয়েছে। আমাদের দাবি এখন একটাই, সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হোক।’

    সাব্বির ছাড়া নিহত অন্য শিক্ষার্থীরা হলেন লক্ষ্মীপুর ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাদ আল আফনান, লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী কাউছার হোসেন ও একই কলেজের ওসমান গণি।

    পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জন মারা যান এবং আহত হন শতাধিক।

    ৪ আগস্ট আন্দোলন চলাকালে বাসভবনের ছাদের ওপর থেকে টানা চার ঘণ্টা গুলি চালিয়ে শতাধিক ছাত্র-জনতাকে আহত করেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, তাঁর গাড়িচালক মো. রাসেল ও সহযোগীরা। এর আগে ২ আগস্ট অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া করেন মো. রাসেল। শিক্ষার্থী সাদ আল আফনান ও সাব্বির হোসেন হত্যা মামলার প্রধান আসামি ও পুলিশের ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।

    এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করতে আন্তরিকতার সঙ্গে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

    পুলিশ খোঁজ না পেলেও সালাহ উদ্দিন নিজের ফেসবুকে সৌদি আরবে অবস্থানের ছবি দিয়েছেন। প্রথম আলোর পক্ষ থেকে আজ শনিবার দুপুরে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি ফোনও ধরেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি সৌদি আরবে আছি। ছাত্রদের ওপর আমি গুলি করিনি। গুলি করেছে ওপরের দিকে। আত্মরক্ষার্থে ও পরিবার–পরিজনকে হেফাজতের জন্য গুলি করেছি। হত্যার সঙ্গেও আমি জড়িত নই। রাজনৈতিকভাবে আমি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি, এ কারণে দলের ভেতরের ও বাইরের লোকজন অপপ্রচার চালাচ্ছেন। আমি কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না।’

    কীভাবে সৌদি আরব এলেন, এমন প্রশ্ন করা হলে সালাহ উদ্দিন বলেন, ‘অনেক কথা হয়েছে, এবার রাখি।’ এই বলে দ্রুত লাইন কেটে দেন।

    সূত্র : প্রথম আলো

  • লক্ষ্মীপুরে ওজনে কম দেওয়ায় মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ওজনে কম দেওয়ায় মাংস ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযানে নেমেছে প্রশাসন। জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, বনিক সমিতি ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

    শনিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের মুদি-কাঁচা, মুরগি-মাংসের দোকানে এ অভিযান চালানো হয়।

    এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দোকানীকে ৩৯ হাজার ২০০ টাকা জরিমানা এবং কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানের সময় অবৈধভাবে পণ্যের দাম বেশি রাখায় উত্তম কুমার নাথ স্টোরকে পাঁচ হাজার, রাজ্জাক স্টোরকে তিন হাজার, আবদুর রহমানকে ২০০ টাকা, আল আমিন ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

    তাছাড়াও ওজনে কম দেওয়ায় সৌদিয়া মাংসের দোকানের মালিক সোহেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আল আমিন স্টোর, রিহান ট্রেডার্স ও কিষান মুরগির দোকান মালিককে সর্তক করা হয়।

    লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে টাস্কফোর্স কমিটির যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যে ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায় করবে, ওজনে কম দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

  • জাতীয় স্বার্থের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো : নাহিদ | দৈনিক সময়ের নুর ডট কম 

    জাতীয় স্বার্থের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো : নাহিদ | দৈনিক সময়ের নুর ডট কম 

    বিশেষ প্রতিনিধি :

    ‘নতুন বাংলাদেশে কাজ করছি। আমরা যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি একইভাবে নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’

    শুক্রবার (১১ অক্টোবর) গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে বনানী মাঠে স্থাপিত পূজামণ্ডপ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম থানা শাখার পূজামণ্ডপ পরিদর্শনের সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন।

    তথ্য উপদেষ্টা বলেন বলেন, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি, সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার।

    তার‌ই অংশ হিসেবে এবারের দুর্গোৎসবে একদিনের ছুটি বাড়ানো হয়েছে ও ৫ আগস্টের পর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে।

    ‘আমরা চাইবো, বাংলাদেশে যেন কখনোই কেউ ধর্মীয় চর্চা বা ধর্মীয় স্বাধীনতায় বাধা দিতে না পারে এবং যারা এই কাজটি করবে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিয়ে, সমাজে নিদর্শন হিসেবে রাখা হবে।

    আমরা আন্তধর্মীয় সম্প্রীতি চাই। নতুন বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে সবার আত্মত্যাগ রয়েছে।

    নাহিদ ইসলাম’বলেন, যখন আমরা গুলি খেয়েছি, তখন সেই গুলি হিন্দু-মুসলমান ভাগ করেনি। যারা সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, তারাই নির্যাতনের শিকার হয়েছেন। কোনো একটি সম্প্রদায় যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অন্য সম্প্রদায়ের জন্য তা সুখকর হবে না।

    তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো। গণঅভ্যুত্থানের সুবিধা সবাই পাবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না- এটাই আমাদের প্রতিশ্রুতি।

    পরিদর্শনকালে সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর, লিংকন দত্তসহ স্থানীয় সনাতন ধর্মের নেতৃরা উপস্থিত ছিলেন।

  • লক্ষ্মীপুরে ডিলাররা আত্মগোপনে, বঞ্চিত ৬ হাজার সুবিধাভোগী | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ডিলাররা আত্মগোপনে, বঞ্চিত ৬ হাজার সুবিধাভোগী | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ পরিবেশক (ডিলার) আত্মগোপনে আছেন। এ অবস্থায় তাদের নামে বরাদ্দ সেপ্টেম্বর মাসের ১৮৮ টন ৬৪০ কেজি চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করা হয়নি।

    এতে বন্যা পরবর্তী ছয় হাজার ২৮৮ জন দরিদ্র ও নিম্নআয়ের মানুষ ৩০ কেজি করে চাল বঞ্চিত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।

    রামগতি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৯ জন পরিবেশক রয়েছেন। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ডিলারদের অনেকে আত্মগোপনে চলে যান।

    খোঁজ নিয়ে জানা যায়, পরিবেশকদের অধিকাংশই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

    এরমধ্যে বুধবার (৯ অক্টোবর) পর্যন্ত ২৭ জন পরিবেশক খাদ্য গুদাম থেকে ৩৮৮ টন ৫০০ কেজি চাল উত্তোলন করেন। ১২ হাজার ৯৫০ জন হতদরিদ্র কার্ডধারী মানুষ এ চাল পাবেন।

    আর বাকি ১২ পরিবেশক ১৮৮ টন ৬৪০ কেজি চাল উত্তোলন করেননি। এতে চাল বঞ্চিত হয়েছেন ছয় হাজার ২৮৮ জন সুবিধাভোগী। এ নিয়ে ক্ষুব্ধ তারা।

    সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চর        আলেকজান্ডারের মাহবুবুর রহমান, হেলাল উদ্দি, চর    পোড়াগাছা ইউনিয়নের নুর আলম মানিক, আবু সাঈদ, নুরুল হুদা রুবেল, আজাদনগর এলাকার ইব্রাহিম। চর আবদুল্লাহর জসিম উদ্দিন বাবুল, নোমান হোসেন, নাজিম উদ্দিন, চর আলগীর মো. মহসিন, চর রমিজের হুমায়ুন কবির ও মো. রায়হান চাল উত্তোলন করেননি।

  • আমরা জনগনের জন্য রাজনীতি করি, এ্যানী চৌধুরী | দৈনিক সময়ের নুর ডট কম

    আমরা জনগনের জন্য রাজনীতি করি, এ্যানী চৌধুরী | দৈনিক সময়ের নুর ডট কম

    মো:ইসমত দ্দোহা (নিজস্ব প্রতিনিধি):

    লক্ষ্মীপুরের গণমানুষের নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  জেলা সদরের চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ও চন্দ্রগঞ্জ বাজারে পূজা মন্ডপ পরিদর্শন করেন।

    বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম ও পূজা মন্ডপ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বলেন, আমরা জনগণের পাশে আছি, জনগনের জন্য রাজনীতি করি।

    দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যা দুর্গতেদের প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু রয়েছে।

    সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজা উদযাপনে যেন কোন অসুবিধা না হয় সে বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

    তিনি আরও বলেন, আমরা এখন ক্ষমতায় নেই দুষ্কৃতকারীরা যেন কোন অঘটন ঘটিয়ে আমাদের নাম ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকবে হবে।

    সকল দল ও মতের মানুষের সাথে আন্তরিক সৌহার্দ্য বজায় রেখে চলতে হবে।

    আমাদের রাজনৈতিক কার্যক্রম কোন ভাবেই যেন বিগত সরকারের সাথে তুলনা করতে না পারে জনগন তা মনে রাখতে হবে।

    এছাড়াও ফ্রী চিকিৎসা কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

    ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রমে ঔষধ ও সার্বিক সহযোগিতা করেন বায়োফার্মার চেয়ারম্যান ডাঃ আনোয়ারুল আজিম ও স্থানীয় সরকারী স্থাস্ব্যসেবা কেন্দ্র।

    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক বেল্লাল হোসেন, সদস্য সচিব ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহবায়ক আবুল কালাম (কালা মুন্সি), চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী করিম মেম্বার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ।

    আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য আবদুল হান্নান ভূইয়া, জেলা যুবদলের সদস্য এনায়েত উল্যাহ, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম দিপু, ঢাকা কলেজ ছাত্রদল সহ-সভাপতি তানজিল আহমেদ খান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার সমম্বয়ক এনামুল হক, রাহাতসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নোয়াখালীতে ১০ বছর পর হত্যা মামলা থেকে খালাস পেলেন জেলা যুবদল নেতা | দৈনিক সময়ের নুর ডট কম 

    নোয়াখালীতে ১০ বছর পর হত্যা মামলা থেকে খালাস পেলেন জেলা যুবদল নেতা | দৈনিক সময়ের নুর ডট কম 

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীতে হরতাল চলাকালে ইটের টুকরো আঘাতে আহত শিক্ষিকাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলোচিত সেই শিক্ষিকা হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ মামলার অন্যান্য আসামিরা।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা জজ আদালত এ রায় দেন। এ সময় মামলায় উল্লেখিত ৫০ জনসহ অজ্ঞাত ২৫০ জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়। আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহিম ও অ্যাডভোকেট আব্দুর রহমান।

    জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সংসদে বক্তব্য দিয়ে ভিন্ন মতের নেতাকর্মীদের দমনের জন্য মামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিএনপির ৫০জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০০-২৫০০ হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়। সে রকম একটি মামলায় আমাদের অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর এ মামলা থেকে আইনি লড়াইয়ের আমরা খালাস পেলাম।’

    উল্লেখ্য ২০১৪ সালে হরতাল চলাকালে ঢিলের আঘাতে শিক্ষিকার মৃত্যু হয়। তার মৃত্যুতে সুধরাম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে মামলায় বিএনপির ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা দেওয়া হয়।