শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন,বরকত উল্লাহ বুলু

নোয়াখালী প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

শনিবার (৫ জুলাই) নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিবিরোধী এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু বলেন, অতীতে অযোগ্য ব্যক্তিদের জনপ্রতিনিধি করা হয়েছিল, যার ফলে বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র, কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্র গড়ে ওঠে।

তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

এ ছাড়াও তিনি অস্ত্র ব্যবসায়ী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজন হলে অতীতের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো অভিযান পরিচালনা করে অস্ত্রধারীদের দমন করা উচিত।

বিএনপির এই নেতা আরও বলেন, কোনো জনপ্রতিনিধির সঙ্গে ছবি থাকলেই কেউ দায়মুক্তি পাবে না। যে-ই অপরাধে জড়িত থাকুক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, মাদক প্রতিরোধে আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি। দেশের উন্নয়ন ও বাজেট বাস্তবায়নের জন্য মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করা জরুরি। এ লক্ষ্যে প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *