চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাতপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি মেগজিন চার রাউন্ড গুলি, একটি রাজকীয় হুক্কাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দ্বিপ্রহর ৩টা থেকে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রবের নেতৃত্বে পুলিশের একটি দল রমজান আলী মোক্তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আবুল হোসেনের ছেলে ছাকিম হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ছাকিম প্রকাশ ছাকিব চন্দ্রগঞ্জ থানার একজন ওয়ারেন্টভূক্ত আসামি বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস দমন আইনে ছয়টি মামলা রয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামত জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত ছাকিবসহ অন্যান্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *