নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে শাহাদাত হোসেন মোহন (২৮) নামে ১২ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, দস্যুতা, অপহরণ, অস্ত্র ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এছাড়া দুটি জিআর মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেপ্তার শাহাদাত হোসেন মোহন চন্দ্রগঞ্জ উপজেলার ৬ নং চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের সাহাব উদ্দিন ওরফে শিহাব উদ্দিনের ছেলে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, শুক্রবার পুলিশের একটি চৌকস দল চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর নতুনহাটসংলগ্ন আদলের বাড়িতে অভিযান পরিচালনা করে শাহাদাত হোসেন মোহনকে গ্রেপ্তার করে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোহনের বিরুদ্ধে তিনটি দস্যুতা, তিনটি চুরি, তিনটি ডাকাতির প্রস্তুতি, একটি অস্ত্র, একটি অপহরণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
পুলিশ আরও দাবি করেছে, শাহাদাত হোসেন মোহন লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় সক্রিয় একটি আন্তঃজেলা ডাকাত ও চোর চক্রের সদস্য। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শাহাদাত হোসেন মোহনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সেগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।