চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার | দৈনিক সময়ের নুর ডট কম

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর দত্তপাড়া ইউনিয়নের একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে এসআই (নিঃ) মাসুম ফরহাদ এবং থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে রাসেল আহাম্মেদ (২৫), মো. ইব্রাহিম আহাম্মেদ (২৬) ও মো. বেল্লাল হোসেন ওরফে বেল্লালকে (৩৬) গ্রেপ্তার করে।

এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজেদের দখলে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “থানা এলাকায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *