Blog

  • ফেনীতে মোটরসাইকেল চুরির মামলায় ২ ইউপি সদস্য কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনীতে মোটরসাইকেল চুরির মামলায় ২ ইউপি সদস্য কারাগারে | সময়ের নুর নিউজ ডট কম

    ফেনী প্রতিনিধি :

    ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল চুরি মামলায় নবাবপুর ইউপি সদস্য আলী আশরাফ সোহেল (৫০) ও আমিরাবাদ ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীমকে (৫১) কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আদালতে উপস্থিত হয়ে তারা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ অক্টোবর সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজার সামনে থেকে গাজী নোমানের মোটরসাইকেল চুরি হয়।

    এ ঘটনায় সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ভুক্তভোগী নোমান ফেনীর আদালতে মামলা করেন। মামলায় আমিরাবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া শামীম, নবাবপুর ইউপি সদস্য আলী আশ্রাফ সোহেল ও ফেনী সদর উপজেলার দক্ষিণ ফরহাদ নগরের মৃত আলি আহম্মদের ছেলে মিন্টু মিয়াসহ আরও তিনজনকে আসামি করা হয়।

    এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ  জানান, আব্দুল্লাহ আল নোমানের (গাজী নোমান) মামলাটি প্রথমে পিবিআই তদন্তের পর বাদীর আবেদনের প্রেক্ষিতে সোনাগাজী মডেল থানাকে পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হলে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার মামলাটি পুনরায় তদন্ত করেন।

    তদন্তে মোটরসাইকেল চুরির ঘটনায় দুই ইউপি সদস্য ও আরো তিনজনের সংশ্লিষ্টতা পেয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

    বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে দুই ইউপি সদস্য জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • “তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় ” | সময়ের নুর নিউজ ডট কম

    “তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় ” | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিবেদক :

    প্রতিদিন কতো খবর আসে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে!!
    ফুটপাতে বসে পএিকা পড়া বয়স্ক জামাল উদ্দিন (ছদ্মনাম) । হয়তো নিজের জীবনের অপ্রকাশিত সংবাদগুলোর অগোচরে পত্রিকায় প্রকাশিত বর্ণমালায় নিজের জীবনের প্রতিচ্ছবি খুঁজে চলছে।

    বুধবার (৩১ জানুয়ারী ) দুপুরের সময় লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহানী এলাকায় ময়লার ট্রাকের পাশে বসে আপন মনে পএিকা পড়ছেন এই বৃদ্ধ । অনেক সময় ধরে দেখলাম তিনি পএিকা পড়ছে, আশেপাশের কয়েকজন ড্রাইভার ও চা দোকানদারের কাছে জানতে চাইলাম তাঁর পরিচয় কিন্তু কেউ বলতে পারেনি।

    তবে দেখে মনে হচ্ছিল কোন এক সময় সবকিছুই ছিলো, আজ নিঃসঙ্গতা ভর করেছে তার জীবনে। জ্ঞান আহরণ করার তীব্র নেশা থাকলেও হয়তো কোন  প্রতিকূলতার কারণে সময় করতে পারেনি, এখন হাতে অনেক সময় আছে।

    আমরা আমাদের জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করি শুধু নিজেদের সুখ শান্তি আর টাকা উপার্জনের পিছনে। কর্ম জীবনের পরেও যে নিজের একটা ব্যক্তি জীবন আছে, নিজের একান্ত কিছু ভালোলাগা থাকতে পারে সেই বিষয়টা আমরা খুব একটা উপল‌দ্ধি করিনা কিংবা করার চেষ্টাও করিনা।

    আবর্জনার ট্রাকের পাশে বসে থাকা মানুষটা কতটা অসহায়, কতটা মর্মাহত, কতটা আক্ষেপ নিয়ে নিরবে পএিকা পড়ছে হয়তো আমরা তা কখনোই বুঝতে পারবোনা। বৃদ্ধলোক কথা বলতে নরাজ তাই তার জীবনের বিস্তারিত ইতিহাস জানা হয়নি।

  • ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | সময়ের নুর নিউজ ডট কম

    ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | সময়ের নুর নিউজ ডট কম

    আবদুল্লাহ আল মামুন :

    জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে লক্ষীপুরের রামগঞ্জ ১৮ আনসার ব্যাটালিয়নের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    বুধবার দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লক্ষীপুর ১৮ আনসার ব্যাটালিয়ন মাঠ প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আবহের মধ্য দিয়ে নানান কর্মসূচীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ এর পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।

    উদ্বোধন পরবর্তী কেক কাটা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও মোনাজাত, প্রধান অতিথিকে বরণ ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান, প্রধান অতিথি কর্তৃক পরিদর্শন, দরবার , প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

    এর আগে দরবার হলে আয়োজিত মতবিনিময় সভায় রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বিভিএমএস ১৮ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয়ের বিচক্ষন নেতৃত্বে আনসার বাহিনী এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে আনসার বাহিনীর প্রত্যেক সদস্যকে নিরলসভাবে কাজ করে যেতে হবে এবং বাহিনীর সুনাম সমুজ্জ্বল রাখতে হবে।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক রোকসানা বেগম বিভিএমএস।

    এসময় পরিচালক ৫ আনসার ব্যাটালিয়ন, ব্রাহ্মণবাড়িয়া মোঃ জানে আলম সুফিয়ান পিএএম, চাঁদপুর জেলা কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল, নোয়াখালী জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মোঃ শাহীদুল ইসলাম, লক্ষীপুর জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ পারভেজ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা কমান্ড্যান্ট ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • আজ অমর একুশে বইমেলা ২০২৪ এর উদ্বোধন | সময়ের নুর নিউজ ডট কম

    আজ অমর একুশে বইমেলা ২০২৪ এর উদ্বোধন | সময়ের নুর নিউজ ডট কম

    মো.ইসমত দ্দোহা : 

    আজ পহেলা ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা -২০২৪, বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু’র জীবনী নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন করবেন। এরপর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার -২০২৩ প্রদান করবেন।

    এবারের বইমেলার পূর্ণ দায়িত্ব পালন করছে বাংলা একাডেমি। সেজন্য দর্শনার্থী ও পাঠকদের আগ্রহকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ।

    এবার মেলায় ৬৩৫ প্রতিষ্ঠানকে ৯৩৭ টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে, বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনেই থাকবে স্টল গুলো।
    বইমেলায় প্রবেশ ও বের হওয়ার জন্য থাকবে ০৮ টি প্রবেশ পথ। অনাকাঙ্ক্ষিত জটলা এড়াতে খাবারের দোকান শর্ত সাপেক্ষে বসতে দেওয়া হয়েছে ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে।

    বইমেলায় বাংলা একাডেমি ও মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান সমূহ ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। প্রতিদিন বিকেল ৪ টায় মূল মঞ্চে সেমিনার ও সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি শুক্রবার মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকবে।

    আর শনিবার মেলায় সকাল ১১ টা হতে বেলা ১ টা পর্যন্ত শিশু প্রহর থাকবে। নিরাপত্তার স্বার্থে প্রবেশ পথ গুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। মেলায় পরিস্কার পরিচ্ছন্নতা এবং ধূলা নিবারণের জন্য পানি ছিটানোসহ প্রতিদিন মশক নিধনের সার্বিক ব্যবস্হা থাকবে।

    এবারের বইমেলা অধিবর্ষের বইমেলা। পয়লা ফেব্রুয়ারি থেকে ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতিত প্রতিদিন বেলা ৩ টা হতে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত আটটার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবে না। ছুটির দিন মেলা চলবে সকাল ১১ টা হতে রাত ৯ টা পর্যন্ত।

    ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা শুরু হবে সকাল ৮ টা চলবে রাত ৯ টা পর্যন্ত।

    পার্কিং এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হলগুলো ‘র সামনে গাড়ি রাখার অনুমতি নেওয়া হয়েছে মেলার পক্ষ হতে।

  • লক্ষ্মীপুর সদরে ভাইস চেয়ারম্যান পদে ইউসিসি সভাপতি মামুনের আগাম প্রচারণা

    লক্ষ্মীপুর সদরে ভাইস চেয়ারম্যান পদে ইউসিসি সভাপতি মামুনের আগাম প্রচারণা

    নিজস্ব সংবাদদাতা:

    লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ভাইস চেয়ারম্যান পদে মামুনুর রশিদ মামুন প্রার্থীতা ঘোষণা করে আগাম প্রচারণা শুরু করেছেন।

    তিনি সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) চেয়ারম্যান ও জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসি) হলরুমে গ্রামীণ পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে সদর উপজেলা মহিলা ভিত্তিহীন সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

    এছাড়া গত এক সপ্তাহ ধরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।

    মতবিনিময় সভায় মামুন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সমবায়ীদের দাবির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করে সকলের দোয়া চেয়েছেন তিনি।

    এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের মহিলা পরিদর্শক আলেয়া বেগম, পরিদর্শক আবু ছিদ্দিক, পরিচালক শাহনাজ বেগম, সাবেক পরিচালক কুলসুম আক্তার ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাশেম আহমেদ রুপম।

    মামুনুর রশিদ মামুন বলেন, ভিত্তিহীন সমবায় সমিতির মাধ্যমে গ্রাম পর্যায়ে নারী নেতৃত্ব সৃষ্টি হয়েছে। প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত নারীদের অধিকার আদায়ে এখন তারা স্বোচ্চার হয়ে উঠেছেন। সমবায় সমিতির সদস্যরা বিপুল ভোট আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। আগামি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আমি প্রার্থী হবো। সেখানেও আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও সবসময় থাকবো।

    প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ মার্চ তৃতীয় দফায় লক্ষ্মীপুর সদর উপজেলা পর

  • চট্রগ্রামে অনুমোদনহীন বিস্কুট কারখানা সীলগালা, বিস্কুট ফেলে দিল নদীতে | সময়ের নুর নিউজ ডট কম

    চট্রগ্রামে অনুমোদনহীন বিস্কুট কারখানা সীলগালা, বিস্কুট ফেলে দিল নদীতে | সময়ের নুর নিউজ ডট কম

     

    বিশেষ প্রতিনিধি :

    চট্টগ্রামের কর্ণফুলীতে বি এস টি আইয়ের অভিযানে অনুমোদনহীন বিস্কুট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ লাখ টাকা মূল্যের ৮০ টি বিস্কুটের কার্টুন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে এসব বিস্কুট কর্ণফুলী নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ্যালিগেন্ট ফুড নামক ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

    এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

    এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আসিফ (৩২) এর উপস্থিতিতে ৮০ কার্টুন বিস্কুট জব্দ করা হয়। প্রতি কার্টুনে ১০ প্যাকেট বিস্কুট রয়েছে। সব কাগজপত্র ঠিক না হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।

    একই দিনে ২০১৮ সনের ৩২ (১) ধারা মতে ওজন পরিমাপ মানদণ্ড আইনে মোহাম্মদীয়া এন্টারপ্রাইজ নামক রড সিমেন্টের দোকানকে ২০ হাজার টাকা ও শাহ আমানত এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর কর্মকর্তা ফারহানা জাহান পারুল, প্রকৌশলী জিল্লুর রহমান ও সিএমপি কর্ণফুলী থানার পুলিশ টিম।

  • নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রবসাীকে কুপিয়ে হত্যা | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরও ৪জন গুরুতর আহত হয়।

    সোমবার (২৯ জানুয়রি) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাধেরহাট পুর্ব বাজারের তাবাসসুম ষ্টেশনারী এন্ড ভ্যারাইটিজ শপের সামনে এ ঘটনা ঘটে।

    নিহত মো.সৌরভ হোসেন ওরফে সাজ্জাদ (২০) উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো.সবুজের ছেলে।

    আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় গ্রেরণ করা হয়েছে এবং দুইজন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    গুরুতর আহতরা হলেন, একই গ্রামের রাজিব(২৫) রাকিব (২৪)  রিয়াজ(২২)।নাজিম উদ্দিন (১৮)

    স্থানীয় সূত্র জানায়, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে আজ দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দু’গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী।

    তবে অভিযোগের বিষয়ে জানতে একাধিবার সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর মুঠোফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

    সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একজনের মৃত্যুর বিষয়টি নিশিত করেন।

    তিনি বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের মানুষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ, শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মামলা | সময়ের নুর নিউজ ডট কম

    লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ, শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মামলা | সময়ের নুর নিউজ ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরের রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জোবায়ের হোসেনসহ দুজনের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

    তবে সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৫টা পর্যন্ত তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    অভিযুক্ত শ্রমিক লীগ নেতা জোবায়ের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্দর গ্রামের মৃত খুরশিদ মাওলানার ছেলে। অপর অভিযুক্ত শাহাদাত একই এলাকার সাহাউদ্দিনের ছেলে।

    মামলার তদন্ত কর্মকর্তা ও রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন। এসব নিয়ে ব্যস্ত থাকায় আসামিদের গ্রেফতারে অভিযান চালানো সম্ভব হয়নি। খুব শিগগির তাদের গ্রেফতার করা হবে।

    এরআগে রোববার (২৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্রমিক লীগ নেতা জোবায়ের ও শাহাদাত হোসেনের নাম উল্লেখ করে রামগতি থানায় মামলা করেন।

    এজাহার সূত্র জানায়, প্রায় চার মাস আগে ওই নারীর এক রিকশাচালকের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। শাশুড়ির অসুস্থতার কথা শুনে ২০ জানুয়ারি দুপুরে বাবার বাড়ি থেকে হেঁটে তিনি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

    পথে চর সেকান্দর গ্রামের মৌলভী বাজারের সামনে সুফিরহাট-বাংলাবাজার পাকা রাস্তায় পেছন থেকে তার মুখ চেপে ধরে অভিযুক্তরা। শ্রমিক লীগ নেতা জোবায়ের তার ব্যক্তিগত কার্যালয়ের পেছনের কক্ষে নিয়ে যান। পরে তাকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন। ঘটনার সময় অপর অভিযুক্ত শাহাদাত বাইরে পাহারা দিচ্ছিলেন।

    এ বিষয়ে শ্রমিক লীগ নেতা জোবায়ের হোসেন বলেন, ‘এলাকার শাহাদাত ও সোহাগ আমার অফিসের পেছনে ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে বলে শুনেছি। এর সঙ্গে আমি জড়িত নই। রাজনৈতিক প্রতিহিংসাবশত আমাকে ফাঁসানো হচ্ছে।’

    লক্ষীপুর জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউছুফ পাটওয়ারী বলেন, ভুক্তভোগী পরিবার থেকে কেউ আমাদের কাছে অভিযোগ করেননি। ঘটনাটি নিয়ে দলীয় তদন্ত কমটি গঠন করা হবে। অভিযোগ সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

  • এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে চান শিক্ষামন্ত্রী | সময়ের নুর নিউজ ডট কম

    এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে চান শিক্ষামন্ত্রী | সময়ের নুর নিউজ ডট কম

    বিশেষ প্রতিবেদক :

    দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে উদ্যোগ নিচ্ছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল। সোমবার (২৯ জানুয়ারি) ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’-এর নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগের কথা জানান তিনি।

    সোমবারের বৈঠকে বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা বাড়াতে দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘উৎসব ভাতা নিয়ে আমি নিজে থেকেই অর্থ মন্ত্রণালয়ে যাবো, যাতে তা নিশ্চিত করতে পারি। অর্থের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় সব সিদ্ধান্ত নেয়। সেখানে গেলে কতটুকু অর্থ লাগবে সে পরিমাণটুকু আমরা পাবো। তাই এখুনি আমার পক্ষ থেকে প্রতিশ্রুতি দিতে পারছি না। এখনই যদি প্রতিশ্রুতি দেই, তাহলে সেটা হবে বিভ্রান্তি ও প্রতারণামূলক, আমি অঙ্গীকার করতে চাই— শিক্ষকদের এই বিষয়টা আমি সরকারের যথাযথ পর্যায়ে আলোচনা করবো।’

    প্রসঙ্গত, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতার মাত্র ২৫ শতাংশ দেয় সরকার। এই ভাতা বাড়াতে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন বেসরকারি শিক্ষক সংগঠনগুলো।

  • নোয়াখালীতে স্ত্রীর গলা কেটে হত্যার পর ফাঁস নিলেন স্বামী | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালীতে স্ত্রীর গলা কেটে হত্যার পর ফাঁস নিলেন স্বামী | সময়ের নুর নিউজ ডট কম

    নোয়াখালী প্রতিনিধি :

    নোয়াখালীর মাইজদীতে স্ত্রী তামান্না ইসলাম পিনু (১৬) ও স্বামী মেহেদী হাসান শুভর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড়সংলগ্ন বসুন্ধরা কলোনির দোতলার ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

    ধারণা করা হচ্ছে, স্ত্রীকে গলাকেটে হত্যার পর ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

    নিহত মেহেদী হাসান শুভ সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে এবং তামান্না ইসলাম পিনু নোয়াখালী পৌর এলাকার লিটনের মেয়ে।

    স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে শুভ ও তামান্নার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান। খবর পেয়ে পুলিশ তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

    পরিবারিক সূত্র জানায়, নিহতরা খালাতো ভাইবোন হওয়ায় আগে থেকে জানাশোনা ও প্রেমের সম্পর্ক ছিল শুভ-তামান্নার। পরে গত এক বছর আগে বিয়ে করে মাইজদীর বসুন্ধরা কলোনিতে তামান্নার মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করতো তারা।

    নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্বামী শুভ তার স্ত্রী তামান্নাকে গলাকেটে হত্যার পর নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।