Blog

  • বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা,ভাঙ্গচুর ও মারধরের অভিযোগ, থানায় জিডি | দৈনিক সময়ের নুর ডট কম

    বেগমগঞ্জে প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা,ভাঙ্গচুর ও মারধরের অভিযোগ, থানায় জিডি | দৈনিক সময়ের নুর ডট কম

    বিশেষ প্রতিনিধি:

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এলাকায় এক ওমান প্রবাসীর নির্মাণাধীন ভবনে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রবাসীর স্ত্রী।

    অভিযোগকারী ওমান প্রবাসী মোঃ বাবলুর স্ত্রী শারমিন আক্তার, তিনি লিখিত অভিযোগে জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ১৬ মে ২০২৬, শনিবার সকাল আনুমানিক ৬টার দিকে তার নির্মাণাধীন ভবনে হামলার ঘটনা ঘটে।

    অভিযোগে বসন্তবাগ পোদ্দার বাড়ির মৃত নুরুল হুদার ছেলে মোঃ ইসমাইল হোসেন, আলী আকবরের ছেলে সামছুল আলম সামছু, মোঃ সোহাগের ছেলে মাহিসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
    ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, তিনি তার মালিকানাধীন ও ভোগদখলীয় জমিতে পুরাতন বসতঘর ভেঙে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করলে অভিযুক্তরা বিভিন্ন সময় বাধা প্রদান করে আসছিল।

    বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে দলিলপত্র যাচাই-বাছাই শেষে স্থানীয় চেয়ারম্যান বিষয়টির সমাধান করে দিলেও অভিযুক্তরা তা মেনে নেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    শারমিন আক্তার অভিযোগ করেন, ঘটনার দিন অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার নির্মাণাধীন ভবনে হামলা চালায়। এ সময় তাকে মারধর করা হয় এবং ভবনের ১২টি কলামের রড কেটে পেলে ও ভাঙচুর এবং আমাকে মারধর করে।

     

    তিনি আরও জানান, তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। মামলা বা আইনি পদক্ষেপ নিলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    পরে আহত অবস্থায় তিনি বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা নেন। হাসপাতালের চিকিৎসা নথি অনুযায়ী, তার রেজিস্ট্রেশন নম্বর ৩২৫৮/০৭ এবং চিকিৎসার তারিখ ১৬ মে ২০২৬।

    চিকিৎসা গ্রহণে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে থানায় যেতে না পারলেও পরবর্তীতে তিনি বেগমগঞ্জ মডেল থানা-এ সাধারণ ডায়েরি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
    এ বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে ফোর লেন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশনের একমাত্র খাল ভরাটের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে ফোর লেন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশনের একমাত্র খাল ভরাটের আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    চৌমুহনী চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর মহাসড়ক পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণ কাজ বর্তমানে জোরেশোরে এগিয়ে চলছে। সরকারের গুরুত্বপূর্ণ এই উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে একদিকে যেমন সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও প্রত্যাশা তৈরি হয়েছে, অন্যদিকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় দেখা দিয়েছে নতুন উদ্বেগ। বিশেষ করে পানি নিষ্কাশনের একমাত্র খাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, ফোর লেন প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে বুড়া হুজুর জামে মসজিদের উত্তর পাশে থাকা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। দীর্ঘদিন ধরে এসব দোকানে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। হঠাৎ উচ্ছেদ অভিযানে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে।

    এদিকে এলাকাবাসীর দাবি, মসজিদ ও মাদ্রাসা দক্ষিণ পাশে অবস্থান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের খালের উপর দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা করছে।

    তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পুরো পূর্বাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

    স্থানীয় প্রবীণ বাসিন্দাদের ভাষ্যমতে, বছরের পর বছর ধরে এই খাল দিয়েই আশপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির পানি প্রবাহিত হয়ে নিচু এলাকায় নেমে যায়। বর্ষা মৌসুমে এই খালই পূর্ব অঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। ফলে খালটি ভরাট বা সংকুচিত করা হলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, রাস্তা তলিয়ে যাওয়া এবং বসতবাড়িতে পানি ঢোকার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

    স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, উন্নয়ন কাজকে তারা স্বাগত জানান। তবে এমন কোনো পরিকল্পনা গ্রহণ করা উচিত নয়, যাতে মানুষের দুর্ভোগ বেড়ে যায়। তারা বলেন, “রাস্তা উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু পানি চলাচলের পথ বন্ধ করে উন্নয়ন করলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। একটু ভারী বৃষ্টি হলেই পুরো এলাকা পানির নিচে চলে যেতে পারে।”

    একাধিক সচেতন নাগরিক অভিযোগ করে বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে এলাকাবাসীর মতামত এবং পরিবেশগত দিকগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন ছিল। বিশেষ করে পানি নিষ্কাশনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করলে ভবিষ্যতে বড় ধরনের ভোগান্তির শিকার হতে হবে সাধারণ মানুষকে।
    স্থানীয়দের দাবি, খাল ভরাট না করে বিকল্প পরিকল্পনার মাধ্যমে ফোর লেন সড়ক নির্মাণ করা হোক।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, উন্নয়ন কাজের পাশাপাশি পরিবেশ, পানি প্রবাহ ও জনস্বার্থের বিষয়টিও সমান ভাবে গুরুত্ব পাবে এবং এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যাতে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়।

  • দুর্দিনে রাজপথের ত্যাগী নেতা নুর হোসেন হারুন, সভাপতি পদে শক্ত অবস্থান | দৈনিক সময়ের নুর ডট কম

    দুর্দিনে রাজপথের ত্যাগী নেতা নুর হোসেন হারুন, সভাপতি পদে শক্ত অবস্থান | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিবেদক :

    লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধী চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক যুবদলের সদস্য সচিব নুর হোসেন হারুন দীর্ঘদিন ধরে দলের যুব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। দুর্দিনে রাজপথে সক্রিয় থেকে নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরছেন। ত্যাগী, পরিশ্রমী ও সাংগঠনিক দক্ষতার কারণে তিনি বর্তমানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রে রয়েছেন।

    দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নুর হোসেন হারুন সবসময় সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে দলের সংকটময় সময়ে মামলা-হামলা উপেক্ষা করে সংগঠনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন।

    স্থানীয় নেতাকর্মীরা জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তাঁর রয়েছে শক্তিশালী সাংগঠনিক যোগাযোগ। তরুণ কর্মীদের সংগঠিত করা, দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সাধারণ নেতাকর্মীদের কাছে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

    সভাপতি পদপ্রার্থী নুর হোসেন হারুন বলেন, আমি নিজেকে জাতীয়তাবাদী আদর্শের একজন একনিষ্ঠ কর্মী দাবি করি। অনুকূল বা প্রতিকূল যে কোন পরিবেশে দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি,ভবিষ্যতেও  দিব ইনশাআল্লাহ। চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
    তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও ঐক্যবদ্ধ করতে চাই।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির নেতৃত্বে চন্দ্রগঞ্জে যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করবো।

    নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় থাকবো।

    স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ  কর্মীদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক,ত্যাগী ও কর্মী বান্ধব নেতৃত্বের কারণে নুর হোসেন হারুন চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি পদে শক্ত অবস্থানে রয়েছেন।

  • লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নাছির আহমেদ (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এই ঘটনা ঘটে।

    নিহত নাছির আহমেদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাছপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি গত বছরের আগস্টে ট্রাফিক কনস্টেবল পদ থেকে অবসরে যান এবং সপরিবারে গত ৭ বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

    আহতরা হলেন, বাঞ্চানগর এলাকার পেশকার বাড়ির মৃত গোলাম রহমানের ছেলে।মিজানুর রহমান স্বপন, এদ্ব্যতীত অপর আহত নাছির এই বাড়িতে ভাড়া থাকেন, তার বাবার নাম আব্দুল মান্নান।

    আহতদের স্বজন ও স্থানীয়রা জানায়, নাসিরের স্ত্রী বড় ছেলেকে নিয়ে বেড়াতে যাওয়ায় বাসায় তিনি ও তার ছোট ছেলে ইমরান আহমেদ (লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র) ছিলেন।

    স্থানীয়দের দাবি, নাসির গত রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। সকালে হঠাৎ তিনি দা দিয়ে ঘুমন্ত ইমরানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় ইমরান ঘর থেকে পালানোর চেষ্টা করলে নাছির বিবস্ত্র অবস্থায় তার পেছনে ধাওয়া করেন।

    এ সময় প্রতিবেশী মিজানুর রহমান স্বপন এগিয়ে এসে তাকে লুঙ্গি পরিয়ে দিতে গেলে নাছির তাকেও কুপিয়ে জখম করেন।

    তাদের বাঁচাতে একই বাড়ির ভাড়াটিয়া নাসির নামে আরও একজন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন সাবেক এই কনস্টেবল। এরপর তিনি দৌড়ে তিন তলার ছাদে গিয়ে সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন।

    গুরুতর আহত অবস্থায় ৪ জনকেই উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিন ঘণ্টা পর কনস্টেবল নাছিরের মৃত্যু হয়। আহত স্বপন ও ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত নাসিরকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

    সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত অবস্থায় ৪ জনকে হাসপাতাল আনা হয়। এর মধ্যে কনস্টেবল নাছির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত অন্যদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙে  মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে ১৪৪ ধারা ভেঙে  মানববন্ধন | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের চকবাজার এলাকায় জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ (আইবিডব্লিউএফ) বিভিন্ন ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), লক্ষ্মীপুর আধুনিক হসপিটাল ও সাধারণ ব্যবসায়ীদের ব্যানার নিয়েও অনেকে অংশগ্রহণ করেন।

    এতে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ’র জেলা কমিটির সেক্রেটারি নিজাম উদ্দিন মাহমুদ, সহ-সভাপতি ফয়েজ আহমেদ, শহর সভাপতি নাসির উদ্দিন, বিপিএইচসিডিওএর সহ-সভাপতি নুরুল হুদা ও ব্যবসায়ী শামছুল ইসলাম প্রমুখ।

    ব্যবসায়িক সংগঠনের নেতা নিজাম উদ্দিন মাহমুদ বলেন, আমাদের সভাপতি শহিদুল্লাহ নামাজ পড়ে বের হতেই তার ওপর অতর্কিতভাবে হামলা হয়েছে।

    এটি সুপরিকল্পিত। উনার বুকে লাথি মারা হয়েছে। উনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আশা করি প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে গ্রেফতার করবে।

    বিপিএইচসিডিওএর নেতা নুরুল হুদা বলেন, আধুনিক হাসপাতালের ডিএমডি শহিদুল্লাহ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। চকবাজার এলাকায় তার অফিস রয়েছে। প্রতিদিনের মতো তিনি চকবাজার মসজিদে আসরের নামাজ পড়ে বের হলে তার ওপর হামলা হয়। একটি কুচক্রীমহল লক্ষ্মীপুরকে অশান্ত করতে চায়।

    ব্যবসায়ী শামছুল ইসলাম বলেন, ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক শহিদুল্লাহর ওপর হামলা চালানো হয়েছে। ব্যবসায়ীদের গায়ে হাত দিয়ে সুন্দর পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে।

    এ ব্যাপারে জুলাই ফাইটার্সের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে জুলাই ফাইটার্স ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নিরব বলেন, ‘ভিডিওতে আমরা দেখেছি শহিদুল্লাহসহ কয়েকজন মুসল্লিদেরকে মারার জন্য তেড়ে যায়। তাদের সংঘবদ্ধ অনেকেই মসজিদে ঢুকে পড়ে। তাৎক্ষণিক মুসল্লি ও বাজারের ব্যবসায়ীরা তাকে প্রতিহত করে।’

    এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, এখনো ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ১৪৪ ধারা ওঠানো হবে। মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে তিনি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য বলেন।

    অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ১৪৪ ধারা গতকালই শেষ হয়েছে। এ বিষয়ে ইউএনওর সঙ্গে কথা বলবো।

    প্রসঙ্গত, বৈষম্যবিরোধী নেতা হাবিবুর রহমান ফাহিমকে মারধর ও জুলাই ফাইটার্সের নেতা আকবর হোসেন মুন্নার ওপর হামলার অভিযোগে দু’পক্ষ রোববার (৫ এপ্রিল) বিকেলে শহরের চকবাজার এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। এতে বিকেলে সাড়ে ৪টা থেকে অনির্দিষ্টকালের জন্য সদর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে। এ ঘটনায় বাজারে মাইকিংও করা হয়। এরপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগান দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার সময় নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে মিছিল করে। এসব ঘটনার সময় ব্যবসায়ী শহিদুল্লাহ মারধরের শিকার হন।

  • ডেমরায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    ডেমরায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সময়ের নুর ডট কম

    ডেমরা প্রতিনিধি:

    রাজধানীর ডেমরায় প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডেমরার ঐতিহাসিক দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ডেমরা থানার নেতা ও মহানগরীর মজলিশে সূরার সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।

    অনুষ্ঠানের আয়োজন করেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কৃতি সন্তান, ডেমরা থানা মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম ফোরামের সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা বশির আহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম সামছুল আলম। তিনি মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ডেমরা থানা এলাকায় এ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

    ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম খান (অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট), বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট), যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক (অবসরপ্রাপ্ত সেনা সদস্য), বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরসহ আরও অনেকে।

    এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আইয়ুব আলী, মাওলানা দেলোয়ার হোসাইন, আইনজীবী ও উদ্যোক্তা আলা উদ্দিন, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, আশফাকুর রহমান দিপু, মাঈন উদ্দিন হামীম, আব্দুল আজিজ, এম লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    মুক্তিযোদ্ধা সন্তানদের মধ্যে উপস্থিত ছিলেন এম সামছুল আলম, শাহজালাল ফয়সাল, নুরুল কায়সার মিথুন, কামাল হোসেন সাগর, ইকবাল লিটন, আবু হানিফ, কাউছার আহাম্মদ, নাজমুল হক রাসেল, আলা উদ্দিন, সোহেল মাহমুদ, এম খোকন, মাছুম রেজা, মাওলানা জুবায়ের, তারিক জামিল, বুশরা, রনি আক্তার, ফরহাদ হোসেনসহ আরও অনেকে।

    অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুর জেলা পুলিশের তৎপরতায় ২০টন রড নিয়ে পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধার | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি:

    লক্ষ্মীপুরের কমলনগর থেকে ২০ টন রড নিয়ে পালিয়ে যাওয়া একটি ট্রাক উদ্ধার করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

    তিনি বলেন, মঙ্গলবার সকালে আমজাদ হোসেন মিস্টার নামের লক্ষ্মীপুরের একজন বাসিন্দা অতিরিক্ত জেলা পুলিশ সুপার বরাবর একটি এসএমএস করে জানান যে, কমলনগরের তোরাবগঞ্জ বাজারের একজন ব্যবসায়ীর ২০টন রডসহ একটি ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। এবিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশের সহায়তা চান ঐ ব্যবসায়ী।

    এ বার্তা পাওয়ার পরপরই পুলিশ দেশের সব জায়গায় জরুরী বার্তা প্রেরণ করে।

    পরে প্রায় ২ ঘন্টা পর লক্ষ্মীপুর সদর উপজেলার হাসুন্দি এলাকা থেকে পালিয়ে যাওয়া ট্রাকটি পুলিশ উদ্ধার করতে সমর্থ হয়।

    এসময় রডসহ ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে।

    পুলিশের সহায়তা চাওয়া আমজাদ হোসেন মিস্টার বলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ যে এ দ্রুত কাজ করবে এটা আমরা বিশ্বাস করতেই পারছি না। এ ব্যতিক্রম উদ্ধার অভিযানের জন্য লক্ষ্মীপুর জেলা পুলিশ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

  • লক্ষ্মীপুরের মান্দারিতে জুয়েলারি ব্যবসায়ী কে অপহরণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

    লক্ষ্মীপুরের মান্দারিতে জুয়েলারি ব্যবসায়ী কে অপহরণের অভিযোগ | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজারের বিশিষ্ট জুয়েলারি ব্যবসায়ী ও মেসার্স সিমা জুয়েলার্সের স্বত্বাধিকারী বাবু বিজয় কুরীকে অপহরণের অভিযোগ উঠেছে।

    সোমবার (১৬ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

    জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি বিজয় কুরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরিবার তার দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছে।

    ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখা সভাপতি বাবু সমীর কর্মকার এক বিবৃতিতে বলেন, এ ধরনের ঘটনা ব্যবসায়ী সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, বাবু বিজয় কুরীকে দ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

    তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

    এদিকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত বিজয় কুরীর নিরাপদ উদ্ধারের দাবি জানিয়েছেন।

  • তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম

    তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি: লক্ষ্মীপুরে পানিসম্পদমন্ত্রী | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও জনগণের দীর্ঘদিনের দাবি সমন্বয় করার জন্য কাজ করছি। নদীর তীর রক্ষা বাঁধের কাজ চলছে, কাজের ধরণ ও মান কেমন, কীভাবে ৬২ কিলোমিটার নদীর পাড়ে বাঁধ নির্মাণে পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পন্ন করবো।’

    শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

    শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীর হাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে নিশ্বাস হয়ে গেছে। অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। কোনোভাবে আমরা এখানে জীবনধারণ করে আছি।

    তিনি আরও বলেন, বিগত সময়ে যারা ছিলেন, এরা দেশের অর্থ কীভাবে লুটপাট ও টাকা পাচার করেছে এটা আমরা দেশবাসী জানি। তা তদন্তাধীন। যারা লাখ লাখ কোটি কোটি টাকার প্রকল্প থেকে আমরা বঞ্চিত হয়েছি, ঠিকমতো কাজ হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা নেওয়া হবে। চলমান কাজগুলো খুব দ্রুত শেষ করা দরকার। বর্তমান দেশপ্রেমিক সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত রেখে কাজগুলো যেন সম্পন্ন হয় সেদিকে বিশ্বের নজর থাকবে। কাজগুলো ঠিকমতো হচ্ছে কি না সেদিকে সবসময় সজাগ থাকবো।

    এসময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

  • চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সময়ের নুর ডট কম

    চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল | দৈনিক সময়ের নুর ডট কম

    নিজস্ব প্রতিনিধি :

    পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৪ মার্চ) বিকেলে প্রেসক্লাবের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

    প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো.আবদুন নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন বাচ্চু, থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি রেজাউল করিম সুমন, চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সভাপতি মাওলানা আবদুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন সবুজ এবং জামায়াতে ইসলামীর যুব বিভাগের চন্দ্রগঞ্জ থানা সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. শহিদ উল্যাহ স্বপন, ডা.মাকছুদুর রহমান ভুঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, বিএনপি নেতা মোহাম্মদ আলী, জামায়াত নেতা নজরুল ইসলাম টিটু, বিশিষ্ট ব্যবসায়ী সমীর কর্মকার, মো. দেলোয়ার হোসেন, মো. শাহ আলম, মো.জসিম উদ্দিন, গণেশ কুরি, চন্দন কুরি প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইফতার মাহফিল কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়! এটি সামাজিক বন্ধন দৃঢ় করারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সমাজে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

    অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-শৃঙ্খলা এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চন্দ্রগঞ্জ নিউ মার্কেটস্থ আমিনিয়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আলতাফ হোসেন।

    মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আন্তরিকতার আবহে ইফতার ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।