নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার দিঘুলী রাস্তার মাথায় অবস্থিত পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা থেকে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আহাদকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নেন। সেখানে তাকে বলাৎকার করা হয় বলে অভিযোগ উঠেছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয়।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি ফিরে শিশুটি কান্নাজড়িত কণ্ঠে তার মায়ের কাছে অভিযোগ করে যে, শিক্ষক তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।
বিষয়টি জানাজানি হলে রোববার রাতে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন।
পরে খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং আতঙ্কের কারণে সে আর ওই মাদ্রাসায় পড়তে চায় না। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : অধ্যক্ষ মো. আবদুন নুর,
তৃতীয় তলা, নওশাদ মঞ্জিল, ঢকা - রায়পুর রোড, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
ইমেইল: abdunnur9051@gmail.com, ফোন: ০১৮২০-০৮৯০৫১
Copyright © 2026 দৈনিক সময়ের নুর. All rights reserved.