নিজস্ব প্রতিনিধি :
তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও সক্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন (শুক্রবার) সকাল ৭টা থেকে স্থানীয় মান্দারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই সম্মেলন শুরু হয়।
অর্ধ-দিবস ব্যাপী এই সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক ইউনিট সভাপতি অংশগ্রহণ করেন।
লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলামের ‘দারসুল কোরআন’-এর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূর মোহাম্মদ রাছেলের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমনের দক্ষ পরিচালনায় সম্মেলনটি সম্পন্ন হয়। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বাৎসরিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন এবং তৃণমূল নেতাকর্মীদের সমাজসেবা ও আদর্শিক কাজে আরও বেশি আত্মনিয়োগ করার আহ্বান জানান।
সম্মেলনে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং বিষয়ভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সদস্য অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও নোয়াখালী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নাজমুল ইসলাম শামিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মোস্তফা মোল্লা, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. কাউসার হামীদ, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা তাওসীফ হাসনাইন প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, সংগঠনের বাৎসরিক পরিকল্পনার অংশ হিসেবেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে আরও দক্ষ করে তোলা এবং জনগণের কল্যাণে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা।
পাঁচ শতাধিক তৃণমূল নেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সম্মেলনকে সফল করে তুলেছে।
প্রকাশক ও সম্পাদক : অধ্যক্ষ মো. আবদুন নুর,
তৃতীয় তলা, নওশাদ মঞ্জিল, ঢকা - রায়পুর রোড, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
ইমেইল: abdunnur9051@gmail.com, ফোন: ০১৮২০-০৮৯০৫১
Copyright © 2026 দৈনিক সময়ের নুর. All rights reserved.